আজ থেকেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, কী কী নথি লাগছে ?
আজ পয়লা জুন ৷ রাজ্যজুড়ে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়ে গেল ৷ দুর্গাপুর থেকে মালদার বাসস্যান্টে মহিলারা শুভেন্দু সরকারকে সাধুবাদ জানালেন ৷

Published : June 1, 2026 at 9:58 AM IST
দুর্গাপুর/মালদা/কলকাতা/কোচবিহার, 1 জুন: মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা শুরু হল আজ থেকে । এখন শুধুমাত্র মহিলারা নিজেদের কোনও একটি সচিত্র পরিচয়পত্র দেখালেই সরকারি বাসে রাজ্যের সর্বত্রই বিনামূল্যে যাওয়ার সুবিধা তাঁরা পাবেন । বাসে উঠলে কাটতে হচ্ছে 'জিরো ব্যালান্স' টিকিট ৷
উত্তর থেকে দক্ষিণবঙ্গে বাসস্ট্যান্ডে মহিলাদের হাসিমুখ
- সোমবার সকাল থেকেই দুর্গাপুর সিটি সেন্টারে এসবিএসটিসি বাস টার্মিনালে উপস্থিত মহিলা যাত্রীরা ৷ সরকারি এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা । এতে সরকারি বাসে মহিলাদের যাতায়াত যে আরও বাড়বে তা বলায় বাহুল্য ।
- অন্যদিকে, মালদার চাঁচল সরকারি বাস ডিপোতে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবার প্রভাব পড়ল। সকাল থেকেই বাস ধরতে আসা মহিলা যাত্রীদের উপচে পড়া ভিড় ৷ আর পরিষেবার প্রথম দিনকে স্মরণীয় করে তুলতে তাঁদের হাতে গোলাপ ও পদ্মফুল তুলে দিয়ে স্বাগত জানাল বিজেপি নেতৃত্ব। নতুন সরকারের এই উদ্যোগকে ঘিরে যাত্রীদের মধ্যে দেখা গেল উৎসাহ ও উচ্ছ্বাস।
- সোমবার সকাল থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলার সরকারি বাস টার্মিনালগুলিতে মহিলা যাত্রীদের উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল। চাকরিজীবী মহিলা থেকে শুরু করে কিশোরী বা ছাত্রী কিংবা গৃহবধূ সকলের চোখে মুখে উচ্ছ্বাস একেবারে স্পষ্ট। মহিলাদের বাসের ভাড়া না-লাগলেও যাতায়াতের হিসাব ও প্রশাসনিক নথিবদ্ধকরণের জন্য কন্ডাক্টরদের তরফ থেকে মহিলাদের একটি করে জিরো ব্যালান্স টিকিট দেওয়া হচ্ছে।
- আজ কোচবিহার জেলার মাথাভাঙায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসস্ট্যান্ডে মহিলা যাত্রীদের ভীড় লক্ষ্য করা যায়।
অনলাইনেও কাটা যাবে টিকিট
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে রাজ্যের সমস্ত জেলার রূটগুলিতে যে সমস্ত বাসগুলি রয়েছে তাতে মহিলারা আজ থেকেই নিঃখরচায় যাতায়াত করতে পারবেন । এমনকী এসবিএসটিসির যে সমস্ত এসি বাসগুলি রয়েছে তাতেও মহিলারা কোনও ভাড়া না-দিয়ে যাতায়াত করতে পারবেন ৷ আগামিদিনে অনলাইনেও বুক করতে পারবেন বাসের টিকিট, এমনটাই এসবিএসটিসি দফতর সূত্রে এদিন জানানো হয়েছে ।

কী বলছেন বিজেপি বিধায়ক ?
দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই এনিয়ে বলেন, "বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, মহিলাদের সরকারি বাসের বিনামূল্যে যাতায়াত সেই সমস্ত কিছুই অতি দ্রুত এক এক করে চালু করছি ।" পাশাপাশি তিনি মহিলাদের আবেদন জানিয়েছেন, বাসস্ট্যান্ডে এসে আর আগের মতো টিকিট কাটবেন না ৷ টাকা-পয়সা বাঁচান ৷ এছাড়াও মহিলাদের এদিন বাসস্ট্যান্ডে সংবর্ধনার ব্যবস্থাও করা হয় ৷ আগামিদিনে মহিলাদের সরকারি বাসের বিনা পয়সায় যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড দেওয়া হবে বলেও জানা গিয়েছে ।

কী বলছেন মহিলারা ?
- এদিকে মালদায় নতুন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বহু মহিলা যাত্রী জানান, বিনামূল্যে যাতায়াতের সুযোগ তাঁদের দৈনন্দিন খরচ কিছুটা কমাতে সাহায্য করবে। বিশেষ করে কর্মজীবী, ছাত্রী ও গ্রামীণ এলাকার মহিলাদের কাছে এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত তাঁদের।
- কলেজ ছাত্রী ঐশী দাস বলেন, "এটা দরকার ছিল। আমরা খুব খুশি হয়েছি। যাতায়াত করতে প্রতিদিন একগাদা টাকা দিতে হত, অবশেষে আমরা বিনামূল্য যাতে করতে পারব। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই ৷
- অন্যদিকে, আরেক মহিলা যাত্রী সোমা বসাক বলেন, "অন্যান্য রাজ্যে শুনেছিলাম, নিজের রাজ্যে হবে কখনও ভাবিনি। নতুন সরকার কথা দিয়ে কথা রাখল। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।"

মহিলা যাত্রীদের হাতে গোলাপ ও পদ্ম ফুল
পরিষেবার প্রথম দিনেই চাঁচল বাসডিপোতে মহিলা যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকেরা। মালদা উত্তর বিজেপির সহ-সভাপতি রতন দাসের উদ্যোগে মহিলা বিজেপি নেতৃত্ব যাত্রীদের হাতে গোলাপ ও পদ্ম ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। ফলে বিনামূল্যে সরকারি বাস পরিষেবার সূচনা ঘিরে ডিপো চত্বরে তৈরি হয় উৎসবের আবহ।

ফ্রি বাস পরিষেবার ঘোষণা
উল্লেখ্য, দুর্গাপুরে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন এরাজ্যেও মহিলাদের বিনা পয়সায় সরকারি বাসে যাতায়াতের সুবিধা মিলবে ৷ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা পেলে মহিলারা বিনামূল্যে বাসে যাতাযাত করতে পারবেন ৷ এরপর গত 11 মে নবান্ন সভাঘরে বিজেপি বিধায়কদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে । আর আজ সেইদিন ৷ দুর্গাপুরের সিটি সেন্টারে এসবিএসটিসি বাস টার্মিনাসে মহিলাদের উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল ৷

