ETV Bharat / state

কালচিনিতে গাড়ির ধাক্কায় মৃত চা-বাগানের 4 মহিলা শ্রমিক, প্রতিবাদে এশিয়ান হাইওয়ে অবরোধ

পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন মহিলা শ্রমিক ৷ ধাক্কা মারার পর ঘটনাস্থল থেকে গাড়ি-সহ পলাতক চালক ৷

Tea Garden Workers Death
কালচিনিতে গাড়ির ধাক্কায় মৃত চা-বাগানের 4 মহিলা শ্রমিক ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 28, 2026 at 4:38 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আলিপুরদুয়ার, 28 ফেব্রুয়ারি: কাজে যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু চা-বাগানের চার মহিলা শ্রমিকের ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনজন ৷ শনিবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হাসিমারা সংলগ্ন ভুটানগামী এশিয়ান হাইওয়েতে ৷ জানা গিয়েছে, সাইকেলে করে অন্য একটি চা-বাগানে কাজ করতে যাচ্ছিলেন তাঁরা ৷ সেই সময় একটি গাড়ি দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায় ৷ পরে ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে অবরোধ করেছেন ক্ষুব্ধ চা-বাগান শ্রমিকরা ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে সাইকেলে করে পাশের একটি চা-বাগানের দৈনিক মজুরিতে কাজ করতে যাচ্ছিলেন একদল মহিলা শ্রমিক ৷ তাঁদের ভার্নাবাড়ি চা-বাগান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পাশের চা-বাগানে দিনমজুরি করতেন তাঁরা ৷ এশিয়ান হাইওয়ের ধার দিয়ে যাওয়ার সময় হাসিমারার দিক থেকে একটি চারচাকা গাড়ি দ্রুতগতিতে ধেয়ে আসে ৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার ধার দিয়ে যাওয়া সাইকেল আরোহী মহিলা শ্রমিকদের ধাক্কা মারে ৷

এই ঘটনার জেরে হাইওয়ের উপরেই ছিটকে পড়েন সাত মহিলা শ্রমিক ৷ অভিযোগ, ঘটনার পর গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান চালক ৷ এরপরেই সেখানে ভিড় জমান স্থানীয়রা ৷ তাঁরাই সকল শ্রমিককে উদ্ধার করে স্থানীয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চারজন মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷ সেখানেই আশঙ্কাজনক অবস্থায় তাঁরা ভর্তি রয়েছেন ৷

এই ঘটনায় মৃতেরা হলেন, পুষ্পা দর্জি, বেরথা খরিয়া, রজনী বারলা ও আগস্টিনা মুন্ডা ৷ তাঁদের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে ভার্নাবাড়ি চা-বাগান এলাকা ৷ অন্যদিকে, এই ঘটনার পর স্থানীয় লোকজন এবং চা-বাগান শ্রমিকরা হাসিমারা–ভুটানগামী এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ দীর্ঘক্ষণ ওই রাস্তা বন্ধ হয়ে যায় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷

স্থানীয় বাসিন্দা সন্দীপ এক্কা বলেন, "আজকে কোনও নেতা এটার ফয়সালা করবেন না ৷ ফয়সালা করবে শ্রমিকরা ৷ আজকে যদি চা-বাগান খোলা থাকত, তাহলে কি শ্রমিকরা বাইরে কোথাও যেতেন কাজ করতে ৷ আজকে এটার ফয়সালা হবেই ৷" এই ঘটনা নিয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, "খুবই বেদনাদায়ক ঘটনা ৷ আমরা তো তাঁদের প্রাণ ফিরিয়ে দিতে পারব না ৷ তবে, পরিবারের পাশে আমরা আছি ৷"

এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার বলেন, "আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি ৷ চারজন মহিলা মারা গিয়েছে ৷ গাড়ি এবং গাড়ি চালককে আটক করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷"