5 কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার একই পরিবারের 4 জন
ধৃতদের কাছ থেকে মোট 5 কেজি 200 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যার বাজার মূল্য আনুমানিক 5 কোটি টাকা ৷

Published : January 8, 2026 at 3:41 PM IST
সাগিরদিঘি, 8 জানুয়ারি: 5 কোটি টাকার হেরোইন-সহ একই পরিবারের 4 জনকে গ্রেফতার করল সাগরদিঘি থানার পুলিশ। বাড়িতে বিপুল পরিমাণ হেরোইনের মতো মাদক মজুত রাখা ছিল তা জানতে পেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা জানতই না এই পরিবার হেরোইন কারবারের সঙ্গে যুক্ত । বুধবার গভীর রাতে সাগরদিঘি থানার অন্তর্গত কাবিলপুর এলাকা থেকে চার জনকে গ্রেফতার করা হয় বলে খবর। ধৃতদের কাছ থেকে মোট 5 কেজি 200 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা বলেও দাবি করেছে পুলিশের। সাগরদিঘি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাকিবুল শেখ, মোমিনা বিবি, হাসিনা খাতুন এবং ইব্রাহিম শেখ। রাকিবুল শেখ ও মোমিনা বিবি সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বৌমা হল হাসিনা খাতুন এবং শ্যালক ইব্রাহিম শেখ।
বৃহস্পতিবার সাগরদিঘি থানায় সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার বিস্তারিত তথ্য জানান জঙ্গিপুর মহকুমার এসডিপিও প্রবীর মণ্ডল। তিনি বলেন, “এত বেশি পরিমাণ হেরোইন উদ্ধার গুরুত্বপূর্ণ সাফল্য। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মাদকচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।”
জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ইব্রাহিম শেখের বাড়ি লালগোলা থানার এলাকায় হলেও বাকি তিন জনের বাড়ি সাগরদিঘি থানার কাবিলপুর এলাকায়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ বলেন, "কোথা থেকে এত হেরোইন এনে মজুত করেছিল ওরা, তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হবে।"
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কাবিলপুর এলাকায় অভিযান চালায় সাগরদিঘি থানার পুলিশ। সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। এরপরই চা রজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই এই পরিবার মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল ৷ জেলার পাশাপাশি রাজ্যের বাইরেও এই হেরোইন পাচার করা হচ্ছিল বলে পুলিশ দাবি করেছে ।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক পরিবারের একাধিক সদস্যের মাদক কারবারে জড়িয়ে পড়া নিয়ে রীতিমতো স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ৷ ধৃতদের বৃহস্পতিবার বহরমপুর আদালতে পাঠানো হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘি থানার পুলিশের পক্ষ থেকে। আজ ধৃতদের আদালতে পেশ করা হয়েছে ৷

