ETV Bharat / state

প্রতারণা ও হুমকি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ! শ্যামপুকুর থানায় অভিযোগ মহিলার

বাড়িতে নির্মাণকাজের জন্য একটি চুক্তি করা হয়েছিল । অভিযোগ, সেই চুক্তি অনুযায়ী নগদ 10.5 লক্ষ টাকা দেওয়া হয়নি ।

Former Trinamool councillor
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 27, 2026 at 4:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 অগস্ট: বাড়ি নির্মাণের চুক্তিকে কেন্দ্র করে প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগ ৷ আর এই অভিযোগ উঠল কলকাতা পুরনিগমের 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষ এবং তাঁর সহযোগী দেবব্রত আকুলির বিরুদ্ধে । মহিলার অভিযোগের ভিত্তিতে শ্যামপুকুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "অভিযোগ পেয়েছি । তদন্ত হচ্ছে । অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার পাশাপাশি অভিযুক্তদের সঙ্গেও কথা বলা হবে ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 25 অগস্ট অর্থাৎ মঙ্গলবার এলাকার এক মহিলা শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, 2020 সালের অগস্ট মাসের পর থেকে বাপি ঘোষ ও দেবব্রত আকুলি পরস্পরের সঙ্গে ষড়যন্ত্র করে তাঁর স্বামীকে চাপ ও হুমকি দেন । এরপর তাঁকে দিয়ে একটি MOU (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) এবং POA (পাওয়ার অব অ্যাটর্নি)-তে স্বাক্ষর করানো হয় বলে অভিযোগ ।

অভিযোগ অনুযায়ী, শ্যামপুকুর থানা এলাকার 5 গোপীমোহন দত্ত লেনের একটি বাড়িতে নির্মাণকাজের জন্য ওই চুক্তি করা হয়েছিল । চুক্তির শর্ত অনুযায়ী, নির্মাণকাজের বিনিময়ে অভিযোগকারীর পরিবারকে একটি ফ্ল্যাট, একটি দোকানঘর এবং নগদ 10.5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল । অভিযোগ, পরবর্তীতে একটি ফ্ল্যাট এবং একটি দোকানঘর দেওয়া হলেও চুক্তিতে উল্লেখ থাকা নগদ 10.5 লক্ষ টাকা দেওয়া হয়নি । দীর্ঘদিন ধরে টাকা পাওয়ার চেষ্টা করেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি অভিযোগকারীর ।

ওই মহিলার আরও অভিযোগ, তিনি এবং তাঁর ছেলে অভিযুক্তদের কাছে বকেয়া টাকা ও চুক্তির বিষয়টি জানতে চাইলে তাঁদের ভয় দেখানো হয় ৷ পাশাপাশি পরিণতি ভোগ করার হুমকি দেওয়া হয় । এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন । অভিযোগ পাওয়ার পর শ্যামপুকুর থানার পুলিশ প্রাথমিক অনুসন্ধান চালায় । সেই অনুসন্ধানের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর সি বিশ্বাসের রিপোর্টের পর 26 অগস্ট শ্যামপুকুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে ।

এই ঘটনায় একাধিক ধারায় মামলা করা হয়েছে । পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে । চুক্তিপত্র, MOU ও POA-সহ সংশ্লিষ্ট নথি এবং আর্থিক লেনদেনের বিষয়টি তদন্তে খতিয়ে দেখা হতে পারে । পাশাপাশি অভিযোগকারীর দাবি এবং অভিযুক্তদের ভূমিকা যাচাই করা হচ্ছে । বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে ।