ETV Bharat / state

SIR ফর্মে আত্মীয়ের তথ্য দেননি ! কান্তিকে শুনানিতে তলব কমিশনের

আগামী 2 জানুয়ারি তাঁকে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে ।

ETV BHARAT
কান্তিকে শুনানিতে তলব কমিশনের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 31, 2025 at 5:03 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 ডিসেম্বর: রাজ্যে ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে । সাধারণ মানুষ থেকে বিশিষ্ট্য ব্যক্তি - প্রতিদিন 'নো ম্যাপিং'-এর কারণে তলব করা হচ্ছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজনকে ৷ এবার ডাক পড়ল বাম জমানার মন্ত্রী কান্তিভূষণ গঙ্গোপাধ্যায়ের । আগামী 2 জানুয়ারি তাঁকে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে । তবে এই নিয়ে বিশেষ বিচলিত না-হলেও, তাঁকে কেন ডাকা হয়েছে তা জানতে আগ্রহী প্রবীণ সিপিএম নেতা ।

বুধবার ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে বলেন, "ডেকেছে যখন যাব । কেন ডেকেছে জানি না । কারণ জানতে তো যেতেই হবে । নির্ধারিত সময়ের আগেই যাব । সব রকম সহযোগিতা করব ।" নির্ধারিত সময়ের আগেই তিনি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন বলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন রায়দিঘির প্রাক্তন বিধায়ক ।

এদিকে, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর-এর এন্যুমারেশন ফর্মে আত্মীয়ের সম্পর্কিত কোনও তথ্য বা বিবরণ লেখেননি কান্তি গঙ্গোপাধ্যায় । সেই কারণে প্রাক্তন মন্ত্রীকে 2002 সালের এসআইআর-এর সময় প্রস্তুত হওয়া ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসেবে প্রমাণ করা যাচ্ছে না । নির্বাচন কমিশনের আর একটি সূত্রের দাবি, পূর্ববর্তী এসআইআর-এর সময় প্রস্তুত ভোটার তালিকার সঙ্গে কোনও মিল না-থাকা বা সম্ভবত ভুল তথ্য থাকার প্রেক্ষিতে কান্তি গঙ্গোপাধ্যায়কে নথি নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে ।

মথুরাপুর দুই নম্বর ব্লক অফিসে ডেকে পাঠানো হয়েছে প্রবীণ সিপিএম নেতাকে । হাজিরার সময় তাঁকে সঙ্গে কী কী নথির আসল শংসাপত্র নিয়ে যেতে হবে, সেটাও ইতিমধ্যেই তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে চূড়ান্ত ভোটার তালিকায় প্রাক্তন মন্ত্রীর নাম রাখা যায় । তবে, কোনও অসুবিধা হলে বা আরও সহায়তার জন্য প্রবীণ বাম নেতা নিজের বুথ স্তরের আধিকারিকের কাছে যেতে পারেন বলেও কমিশন জানিয়েছিল । কিন্তু, প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, "ডেকেছে যখন যাবই ।"

উল্লেখ্য, বঙ্গে প্রায় 15 বছর হতে চলল বাম জমানার অবসান ঘটেছে । যে বাংলায় একটা সময় 34 বছর তারা ক্ষমতাসীন ছিল, সেখানেই বর্তমানে লোকসভা এবং বিধানসভায় বাম প্রতিনিধি শূন্য । প্রতি মুহূর্তে বঙ্গের বাম নেতাদের সেই নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় । কিন্তু রায়দিঘি সুন্দরবন অঞ্চলে আজও নিজের প্রাসঙ্গিকতা ধরে রেখেছেন কান্তি গঙ্গোপাধ্যায় । আয়লা, আমফান কিংবা যে কোনও বিপর্যয়ে সুন্দরবনের প্রান্তিক এলাকায় ছুটে যান তিনি । স্থানীয় মানুষ তো বটেই, রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আজও শোনা যায়, "ঝড়ের আগে কান্তি আসে"। এসআইআর শুনানিতেও নির্ধারিত সময়ের আগেই কান্তি পৌঁছবেন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন: