ETV Bharat / state

পুতুল আর নেই, খালেদা জিয়ার প্রয়াণে মনখারাপ জলপাইগুড়ির নয়াবস্তির মণ্ডলবাড়ির

নয়াবস্তিতেই জন্ম খালেদা জিয়ার৷ এলাকায় তিনি পুতুল নামেই পরিচিত ছিলেন৷

Khaleda Zia
এই বাড়িতেই জন্ম হয় খালেদা জিয়ার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 30, 2025 at 8:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 30 ডিসেম্বর: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকালে প্রয়াত হন৷ তাঁর প্রয়াণের খবর এপারে আসতেই মন খারাপ জলপাইগুড়ির নয়াবস্তির মণ্ডল বাড়ির৷ কারণ, ভারত স্বাধীন হওয়ার আগে মণ্ডল বাড়ির প্রতিবেশী ছিল খালেদা জিয়ার পরিবার৷ সেই সূত্রেই মণ্ডল বাড়িতে যাতায়াত ছিল সদ্য প্রয়াত বিএনপি নেত্রীর৷

মণ্ডল পরিবারের বর্তমান সদস্য সুহৃদ মণ্ডল বলেন, ‘‘ছোটবেলায় মায়ের মুখ থেকে খালেদা জিয়ার অনেক গল্পই শুনেছি। নয়াবস্তির যোগমায়া প্রাইমারি স্কুল পড়াশোনা করতেন খালেদা জিয়া। আমাদের উল্টোদিকের বাড়িতে থাকতেন ঠিকই৷ আমাদের বাড়িতেই দিনের বেশির ভাগ সময় কাটাতেন।’’

পুতুল আর নেই, মনখারাপ জলপাইগুড়ির নয়াবস্তির মণ্ডলবাড়ির (ইটিভি ভারত)

জলপাইগুড়ির ইতিহাস গবেষক উমেশ শর্মা বলেন, ‘‘আমি জলপাইগুড়ির রায় বাহাদুর খান বাহাদুর বই লেখার সময় খালেদা জিয়াক নিয়ে খোঁজ খবর করেছিলাম। খোঁজ খবর করে যতটুকু জানতে পেরেছি, তা হল - নয়াবস্তির অমরেন্দ্রনাথ চক্রবর্তীর বংশধরেরা যে বাড়িতে এখন থাকেন, সেই বাড়িটাই ছিল খালেদা জিয়াদের বাড়ি। সম্পত্তি বিনিময় করে খালেদা জিয়ার পরিবার ওই দেশে চলে যান।’’

1945 সালের 15 অগস্ট জন্ম খালেদা জিয়ার৷ সেই সময় জলপাইগুড়ি জেলা ছিল না৷ জলপাইগুড়ি তখন ছিল অবিভক্ত দিনাজপুর জেলার অংশ৷ নয়াবস্তির বাড়িতেই তাঁর জন্ম হয়৷ তাঁর বাবা জনাব ইস্কন্দার বাবুপাড়ার হিসেব নিকেশ রাখার কাজ করতেন বলে জানা গিয়েছে। এখানেই প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করেন খালেদা জিয়া৷ তাঁর ডাক নাম ছিল পুতুল৷ অনেকে আবার ফুল নামেও ডাকতেন৷

Khaleda Zia
এই বাড়িতেই জন্ম হয় খালেদা জিয়ার (নিজস্ব ছবি)

দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানের বাংলাদেশ) চলে যায় খালেদা জিয়ার পরিবারের রংপুরের সোদপুরে গিয়ে তাঁরা পাকাপাকিভাবে থাকা শুরু করেন৷ ওই এলাকার বাসিন্দা ছিলেন অমরেন্দ্রনাথ চক্রবর্তী৷ পেশায় মোক্তার অমরেন্দ্রনাথের সঙ্গেই খালেদা জিয়ার পরিবারের সম্পত্তি বিনিময় হয়েছিল৷

Khaleda Zia
এই বাড়িতেই জন্ম হয় খালেদা জিয়ার (নিজস্ব ছবি)

ইতিহাস গবেষক সুহৃদ মিশ্র বলেন, ‘‘খালেদা জিয়া নয়াবস্তিতে যোগমায়া প্রাইমারি স্কুলেই পড়াশোনা করেছেন। তৃতীয় শ্রেণী পর্যন্ত খালেদা জিয়া পড়াশোনা করেছেন। আমিও স্কুলে গিয়ে নথি দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও নথি সংরক্ষণ করা হয়নি। তবে উনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন এটা জেনেছি। মাঝেমধ্যে বাংলাদেশ থেকে অনেকেই আসতেন বলে শুনেছি।’’

Khaleda Zia
এই বাড়িতেই জন্ম হয় খালেদা জিয়ার (নিজস্ব ছবি)

এখানে থাকার সময়ই প্রতিবেশী বিজনবালা মণ্ডলের পরিবারের সঙ্গে খালেদা জিয়ার পরিবারের সখ্যতা তৈরি হয়৷ সেই সূত্রেই ওই বাড়িতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল৷ ওই মণ্ডল পরিবারের বর্তমান সদস্য, সুহৃদ মণ্ডল বলেন, ‘‘গতবছর বাংলাদেশ থেকে খালেদা জিয়ায় আত্মীয়স্বজনরা জলপাইগুড়িতে এসেছিলেন। তাঁর ভাগনি জলপাইগুড়িতে এসে তাঁর জন্মভিটা প্রণাম করে গিয়েছেন। আমাদের বাড়িতেও এসেছিলেন খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা।’’

আরও পড়ুন -

  1. 'ফার্স্ট লেডি'র পর প্রধানমন্ত্রী, জলপাইগুড়ির মেয়ে থেকে ব্যাটলিং বেগম- ফিরে দেখা জিয়া-জীবন
  2. প্রয়াত খালেদা, স্মৃতিচারণায় মোদি-মমতা; বাংলাদেশে তিনদিনের শোক