কলকাতায় প্রথম ট্রি-অ্যাম্বুল্যান্স, চিকিৎসার অভাবে অকালে মরবে না কোনও গাছ
রুগ্ন, বিপজ্জনক অবস্থায় গাছের পরিচর্যায় শহর জুড়ে পরিষেবা দেবে কলকাতা পুরনিগমের প্রথম ট্রি অ্যাম্বুল্যান্স ৷ নাগরিকদের জন্য থাকবে হেল্পলাইন নম্বর ৷

Published : December 5, 2025 at 8:45 PM IST
কলকাতা, 5 ডিসেম্বর: কলকাতা শহরের গাছগুলি পেল তাদের প্রথম অ্যাম্বুল্যান্স অর্থাৎ, 'ট্রি অ্যাম্বুল্যান্স' ৷ সৌজন্যে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা কর্পোরেশনের উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ তাঁর বিধায়ক তহবিলের টাকায় এই অ্যাম্বুল্যান্সটি কেনা হয়েছে ৷ শহরের যেকোনও প্রান্তে অসুস্থ গাছের খোঁজ দিলেই, সেবা করতে পলকে পৌঁছে যাবে এই অ্যাম্বুল্যান্স ৷
এই ট্রি অ্যাম্বুল্যান্স পরিষেবা 2017 সালে ভারতে প্রথম শুরু করেছিল চেন্নাই ৷ মাদ্রাজ পুরনিগম এই ট্রি অ্যাম্বুল্যান্স পেয়েছিল ৷ এরপর 2022 সালে পূর্ব দিল্লি পুরনিগম ট্রি-অ্যাম্বুল্যান্স পরিষেবা শুরু করে ৷ তবে, কলকাতায় প্রথম হলেও, রাজ্যে বন দফতরের কাছে এই ধরনের অ্যাম্বুল্যান্স আছে ৷ যা ব্যবহার করে বন দফতরের অন্তর্গত এলাকার গাছের পরিচর্যা করা হয় ৷

কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ জানিয়েছে, কালবৈশাখী কিংবা দুর্যোগের জেরে শহরে প্রায় গাছের ক্ষতি হয় ৷ কিন্তু, ক্ষতিগ্রস্ত সেই সব গাছের সরকারিভাবে প্রয়োজনীয় পরিচর্যা করতে দেখা যায় না ৷ এমনকি কোনও পরিকাঠামো না-থাকায়, পরিচর্যা করা সম্ভব হয় না ৷ এবার সেই সমস্যা মিটে গেল ৷ এবার কলকাতায় অসুস্থ বা আহত গাছের প্রয়োজনীয় পরিচর্যা করার পর্যাপ্ত পরিকাঠামো চলে এল ৷ পুরো কলকাতা শহর জুড়ে গাছের পরিচর্যা করবে এই অ্যাম্বুল্যান্স ৷ চালক-সহ চারজনের একটি দল কাজ করবে গাছেদের পরিচর্যার জন্য ৷
এ নিয়ে কলকাতা কর্পোরেশন উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "এই অ্যাম্বুল্যান্সের মূল কাজ গাছের পরিচর্যা করা ৷ এখন মূলত রাস্তার ধারে ও সরকারি বিভিন্ন জায়গার গাছ পরিচর্যা জন্য ব্যবহার করা হবে এই অ্যাম্বুল্যান্স ৷ তামিলনাড়ুতে প্রথম শুরু হয়েছিল ৷ এবার কলকাতাতেও শুরু হল ট্রি অ্যাম্বুল্যান্স পরিষেবা ৷"
কী কী থাকছে এই ট্রি অ্যাম্বুল্যান্সের ভিতর ?
কর্পোরেশন সূত্রে খবর, এই অ্যাম্বুল্যান্সে জলের ব্যবস্থা-সহ পাওয়ার শ-মেশিন (ডালপালা কাটতে ব্যবহার হয়), হেজ কার্টিং মেশিন (সুন্দর করে গাছ শেপ করতে কাজে লাগবে), ব্রুশ কাটার মেশিন (গাছ লাগানোর জন্য গর্ত করতে), স্প্রে মিশন (সার ও কীটনাশক দিতে) ও জেনারেটর ৷ এই জেনারেটর মূলত এই যন্ত্রপাতিগুলি চালাতে ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ করবে ৷ পাশাপাশি জৈবক সারেরও ব্যবস্থা আছে এই অ্যাম্বুল্যান্সে ৷ সঙ্গে থাকছে নানা ধরনের ওষুধ ৷

এই ট্রি অ্যাম্বুল্যান্সটি একটি সংস্থা পরিচালনা করবে কলকাতা কর্পোরেশনের তত্ত্বাবধানে ৷ কলকাতা পুরনিগমের কন্ট্রোল রুমে যে কেউ ফোন করতে পারবেন গাছের ছোট-বড় নানা সমস্যা নিয়ে ৷ সেই মতো যথা স্থানে পৌঁছে যাবে এই ট্রি অ্যাম্বুল্যান্স ৷ পরিচর্যা করবে সেই গাছের ৷ বিশেষ করে দুর্যোগ, ঝড় পরবর্তী শহরে এই ট্রি অ্যাম্বুল্যান্স অত্যন্ত প্রয়োজনীয় বলেই মনে করছেন উদ্যান বিভাগের আধাকারিকদের একাংশ ৷ এতদিন এই সব পরিকাঠামো না-থাকায়, উপড়ে যাওয়া গাছ কেটে ফেলা ছাড়া উপায় থাকত না ৷ তবে, এবার একে গাছেদের প্রাণ রক্ষা করা সম্ভব হবে ৷

