ETV Bharat / state

জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম, মার্কিন সংস্থায় 1 কোটির চাকরি 21-এর ছাত্রের

ওই ছাত্র পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের প্রত্যন্ত গ্ৰাম বাড়বাঁশীর বাসিন্দা ৷ খুব আর্থিক কষ্টের মধ্যে বড় হয়েছেন তিনি ৷ তাঁর সাফল্যে উচ্ছ্বসিত কলেজ ও পরিবার ৷

Jalpaiguri Government Engineering College student
21 বছরের ছাত্র সুমন বেরা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 10, 2026 at 3:39 PM IST

3 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 10 জানুয়ারি: মেধা থাকলে দারিদ্রতা তাঁকে আটকাতে পারে না ৷ সেটা যেন আবার প্রমাণ করলেন মাটির বেড়ার ঘরে বড় হয়ে ওঠা 21 বছরের সুমন বেরা । মার্কিন সংস্থায় বাৎসরিক প্রায় এক কোটি টাকার বেতনের চাকরি পেলেন তিনি । যা জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ইতিহাসে এই প্রথম ৷ কারণ, সুমন বর্তমানে ওই কলেজেরই ছাত্র ৷

ছাত্রের পরিবার

কলেজ সূত্রে জানা গিয়েছে, সুমন বেরার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের প্রত্যন্ত গ্ৰাম বাড়বাঁশীতে । বাড়িতে তাঁর বাবা-মা ও এক দিদি রয়েছেন । দিদির বিয়ে হয়ে গিয়েছে । বাবা অচলকুমার বেরা গ্রামে টিউশন পড়াতেন । এখন বার্ধক্যজনিত কারণে আর টিউশন পড়ান না ।

ছাত্রের পড়াশোনা

সুমন বেরা বাড়বাঁশী উচ্চবিদ্যালয় থেকে 2020 সালে মাধ্যমিক পাশ করেন ৷ মাধ্যমিকে 96.28 শতাংশ নম্বর পেয়ে সেবার ব্লকে প্রথম হয়েছিলেন তিনি । এরপর 2022 সালে মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন সুমন ৷ উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে 94 শতাংশ নম্বর পান তিনি । তারপর রাজ্য জয়েন্টে প্রায় 2400 র‍্যাংক করেন ৷ ওই বছরই জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে ইনফর্মেশন টেকনোলজি বা আইটি বিভাগে ভর্তি হন সুমন ।

JALPAIGURI GOVT ENGINEERING COLLEGE
জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সুমন বেরা (নিজস্ব ছবি)

ছাত্রের চাকরি

বর্তমানে সুমন জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থবর্ষে পাঠরত ৷ এরই মাঝে গত বছর মার্কিন সংস্থা LinkedIn কোম্পানিতে ভারতের হেডকোয়ার্টার ব্যাঙ্গালুরুতে সুমন ইন্টার্নশিপ করেছিলেন ৷ বেতন ও বোনাস মিলিয়ে বার্ষিক প্রায় 1 কোটি টাকা প্যাকেজে সুমন ওই আমেরিকান কোম্পানিতেই চাকরি পেয়েছেন ।

কলেজের বক্তব্য

তাঁর কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও এখানকার অনেকে ছাত্রই বড় বড় জায়গায় চাকরি পেয়েছেন ৷ কিন্তু এত বড় প্যাকেজ কেউ পাননি । তাই সুমনের সাফল্যে গর্বিত জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ৷ অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, "আমাদের কলেজের ইতিহাসে এই প্রথম কোনও ছাত্র এত বড় প্যাকেজের বেতনের অফার পেল । আমরা সুমনের জন্য গর্বিত । সুমন খুবই ভালো ছেলে । আমরাই আশা করিনি এত বড় একটা প্যাকেজ সুমন পাবে ।"

সুমনের কথা

এই সাফল্য নিয়ে খুশি সুমন বেরা নিজেও ৷ তিনি বলেন, "2025 সালের মে থেকে তিনমাসের জন্য ওই কোম্পানিতে ইন্টার্নশিপ করেছিলাম । সে সময় বেঙ্গালুরু অফিসে কাজ করেছিলাম । আমাকে আগেই মৌখিকভাবে ওরা কাজ করার অফার দিয়েছিল । এবছর আনুষ্ঠানিকভাবে চিঠিটা এল ৷ তাতে আমাকে বাৎসরিক প্রায় এক কোটি টাকার বেতন অফার করা হয়েছে । আমি স্বপ্নেও ভাবতে পারিনি এত টাকার চাকরি পাব । ভেবেছিলাম আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করব ৷ কিন্তু এমন অফার পেয়ে মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি ।"

পরিবার যা বলছে

অভাবের সংসারে অনেক কষ্টে দিন কেটেছে ৷ তাও নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছেন সুমন বেরা ৷ আর তার পাশে যথাসাধ্য থেকেছেই পরিবার ৷ তাই সুমনের সাফল্যে উচ্ছ্বসিত পরিবারও ৷ ভাঙা বেড়া ভেদ করে যেন আলো বেরা পরিবারের বাড়িতে প্রবেশ করেছে ৷ আগামীতে ছেলের দিকে সুদিনের আশায় বাবা-মা ৷ সুমনের দিদি মৌমিতা বেরা বলেন, "আমরা খুব আনন্দিত । অনেক কষ্টের মধ্যে দিয়ে ভাই পড়াশোনা করেছে । এবার কষ্টটা লাঘব হবে ।"