ETV Bharat / state

মরশুমের প্রথম তুষারপাত দার্জিলিংয়ে, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা

ঠান্ডায় কাঁপছে পাহাড়, পারদের কাঁটা 2 ডিগ্রিতে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো, দার্জিলিংয়ে মরশুমের প্রথম তুষারপাতের দেখা মিলেছে ৷ সমতলে সাময়িক বিরতিতে কনকনে ঠান্ডা ৷

WEST BENGAL WEATHER UPDATE
সিকিমে তুষারপাতের ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 4, 2026 at 7:43 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 জানুয়ারি: পাহাড়ে মরশুমের প্রথম তুষারপাত ৷ কিন্তু সমতলে কনকনে ঠান্ডা থেকে সাময়িক বিরতি মিলেছে ৷ উত্তরবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের তুলনায় আলাদা । সেখানে ঠান্ডার দাপট চলবে । বৃষ্টি ও তুষারপাত সেখানে সঙ্গী হওয়ার সম্ভাবনা । যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ।

শুক্রবার থেকে উত্তর সিকিমের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়েছিল । শনিবার সন্ধ্যা থেকে বরফ পড়তে শুরু করে দার্জিলিংয়ে । সান্দাকফু ও ফালুট সংলগ্ন এলাকায় বরফ পড়তে দেখা যায় এদিন । উল্লেখ্য, শনিবার সকাল থেকেই তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। শিশির জমে পরিণত হচ্ছিল বরফে। সন্ধ্যার পরে পারদের পরিমাণ আরও কয়েকধাপ কমে ৷ তার জেরেই শুরু হয় তুষারপাত ৷

বরফের চাদরে ঢেকেছে সিকিম (ইটিভি ভারত)
  • হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্য়ান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এই মরশুমের প্রথম তুষারপাত। পর্যটনের জন্য খুব ভালো খবর। এতে আরও বেশি পর্যটকরা উত্তরবঙ্গের প্রতি আকর্ষিত হবেন।"
  • স্কুল শিক্ষিকা ইপ্সিতা ঘোষাল তাঁর স্কুলের সদস্যদের সঙ্গে সিটং ঘুরতে গিয়েছেন। শনিবার রাতে তিনি বলছিলেন, "হাড় কাঁপানো শীত। পারদের কাঁটা 2 ডিগ্রির ঘরে। কিন্তু অনুভূত হচ্ছে তাপমাত্রা মাইনাস 4 ডিগ্রি সেলসিয়াস। জোরালো শীত হলেও উপভোগ্য দৃশ্যপট। সত্যিই মন জুড়িয়ে যাচ্ছে।"

দার্জিলিং সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা ও তৎসংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নীচের দিকে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ৷

WEST BENGAL WEATHER UPDATE
তুষারে ভরা সিকিম (ইটিভি ভারত)

কলকাতায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। কনকনে ঠান্ডায় সাময়িক বিরতি বলা যায় । তবে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আগামী 48 ঘণ্টায় বাড়বে তাপমাত্রা । তারপর দু-তিনদিন একই রকম আবহাওয়া থাকবে । বৃহস্পতিবার থেকে ফের কমবে তাপমাত্রা । আজ কুয়াশার প্রভাব বাড়বে । সকালের দিকে মাঝারি কুয়াশার দেখা মিলেছে । কুয়াশার সম্ভাবনা বেশি কলকাতায় । মহানগরেরর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে‌ ৷ আজ দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

শনিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল বহরমপুর ৷ এদিন সেখানকার তাপমাত্রা ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের মধ্যে শীতলতম স্থান ছিল মাঝিয়ান ৷ সেখানকার তাপমাত্রার পারদ ছিল 9.2 ডিগ্রি । দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.8 ডিগ্রি সেলসিয়াস । কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রির নীচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন 53 ও সর্বোচ্চ 98 শতাংশ ।