SIR শুনানির আবহে মহকুমাশাসকের দফতরে আগুন, পুড়ে ছাই সরকারি নথি
এসআইআর প্রক্রিয়া চলার মধ্যেই মহকুমাশাসকের দফতরে অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দল । তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷

Published : January 8, 2026 at 7:46 AM IST
শিলিগুড়ি, 8 জানুয়ারি: এসআইআর (SIR) আবহে শিলিগুড়ি মহকুমাশাসক (SDO) তথা মহকুমা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে । বুধবার মাঝরাতে আচমকা মাল্লাগুড়ির হিলকার্ট রোডে মহকুমাশাসকের দফতরে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে । অগ্নিকাণ্ডের ফলে মহকুমাশাসকের কার্যালয়ের দুটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে খাক হয়ে গিয়েছে ।
পুড়ে যাওয়া ওই দুই ঘরে থাকা বেশ কিছু কম্পিউটার ও সরকারি নথিও নষ্ট হয়ে গিয়েছে । আর এতেই আরও বেশি উষ্মাপ্রকাশ করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল । তবে দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শিলিগুড়ি মহকুমাশাসকের দফতর । জানা গিয়েছে, এদিন মধ্যরাত নাগাদ শিলিগুড়ির মাল্লাগুড়ির মহকুমাশাসকের দফতরের একটি ঘর থেকে প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখেন নিরাপত্তারক্ষী এবং পথ চলতি স্থানীয় কিছু মানুষ ।
তড়িঘড়ি মহকুমাশাসকের কার্যালয়ের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন । এরপরই খবর দেওয়া হয় প্রধাননগর থানা ও দমকলে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন । কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকলকর্মীরা । তবে এই অগ্নিকাণ্ডের জেরে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত কোনও তথ্য মেলেনি ৷ তবে যে দুটি ঘর আগুনের গ্রাসে গিয়েছিল সেখানে আর কিছু অবশিষ্ট নেই বলেই দমকল সূত্রে খবর । তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ ৷
এসআইআর আবহে এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল । আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন মহকুমাশাসক বিকাশ রুহেলা । যদিও অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি মুখ খুলতে চাননি । জানা গিয়েছে, রাতেই অগ্নিকাণ্ডের বিষয়ে যাবতীয় খোঁজখবর নিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক মনিষ মিশ্র ও পুলিশ সুপার প্রবীণ প্রকাশ । একইভাবে অগ্নিকাণ্ডের ঘটনার খবর নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও । যদিও প্রাথমিকভাবে আগুন লাগার ঘটনা নিয়ে কেউই কথা বলতে চাইছেন না ৷
আগুন লাগার বিষয়ে শিলিগুড়ির মহকুমাশাসক বিকাশ রুহেলা বলেন, "এখনই এই অগ্নিকাণ্ডের বিষয়ে কিছু বলা যাচ্ছে না ।" শিলিগুড়ি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার ধর্মেন্দ্র কৃষ্ণ রায় বলেন, "দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । প্রথমে অনেক ধোঁয়া থাকায় ভিতরে ঢুকতে আমাদের কিছুটা সময় লেগেছে । তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে । কী কী ক্ষতি হয়েছে বা কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে ।"

