মেলা শুরুর আগের দিনই আগুন, গঙ্গাসাগরে ভস্মীভূত একাধিক ছাউনি
সূচনার একদিন আগেই আগুন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ৷ শুক্রবার ভোরে ছাই হয়ে গেল একাধিক অস্থায়ী ছাউনি ৷ ঘটনাস্থলে দমকল ও প্রশাসন ৷

Published : January 9, 2026 at 7:22 AM IST
গঙ্গাসাগর, 9 জানুয়ারি: মেলা শুরু হওয়ার একদিন আগেই আগুন ৷ দাউ দাউ করে জ্বলল গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম চত্বর সংলগ্ন রাস্তা । শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন 2 নম্বর রোডের অস্থায়ী ছাউনিগুলোতে । মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায় ৷ যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয় । শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে । স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন এবং দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে ।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন । বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান দমকলকর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা । যদিও ঠিক কতগুলি ছাউনি পুড়ে ছাই হয়েছে এবং আগুনের প্রকৃত উৎস কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে এই বিপত্তি ঘটতে পারে । তবে মেলা শুরুর মুখে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে । প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।

এই বিষয়ে সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও বলেন, "শুক্রবার ভোরে গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গনে অস্থায়ী ছাউনিতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আমরা । পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে ৷ ঘটনাস্থলে আসে পাঁচটি ইঞ্জিন । এলাকাবাসী এবং দমকলকর্মীদের যৌথ সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় । এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷"
সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন,"মেলা শুরুর পূর্ব মুহূর্তে একটা খারাপ ঘটনা ৷ তবে একদিক থেকে ভালো কারণ মেলা চলাকালীন ঘটলে বিপত্তি বেশি হত ৷ তবে ঘটনার খবর পেতেই দমকল যথেষ্ট তৎপরতার সঙ্গে আগুন নিভিয়েছে ৷ প্রশাসনের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন ৷"
10 জানুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ৷ ইতিমধ্যেই সেজে উঠেছে চত্বর ৷ মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা পর্যবেক্ষণ করে গিয়েছেন এলাকা ৷ বাড়ানো হয়েছে নিরাপত্তার কড়াকড়ি ৷ তার মধ্যেই মেলা শুরুর আগের দিন ভোরবেলার আগুনে পুড়ল আশ্রম সংলগ্ন একাধিক ছাউনি ৷

