ETV Bharat / state

রুবি সংলগ্ন অভিজাত আবাসনে আগুন, কেমন আছেন অভিনেত্রী পায়েল

ওই আবাসনে থাকেন লহমা ভট্টাচার্য-সহ টলিউডের আরও অনেক অভিনেত্রী থেকে পরিচালক ৷

fire in ruby
অভিনেত্রী পায়েল সরকারের আবাসনে আগুন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2026 at 2:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 ফেব্রুয়ারি: সপ্তাহের শুরুতেই ফের অগ্নিকাণ্ড শহরে । এবার রুবি সংলগ্ন এক অভিজাত আবাসনের পাঁচতলায় আগুন লাগার ঘটনা ঘটল । এই আবাসনেই থাকেন অভিনেত্রী পায়েল সরকার, নবাগতা লহমা ভট্টাচার্য-সহ বিনোদন দুনিয়ার আরও বহু নামী-দামি মানুষ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পায়েল থাকেন এই আবাসনের সাততলায় । আর মা-বাবাকে নিয়ে লহমা থাকেন 30 তলায় ৷ কিন্তু কীভাবে লাগল আগুন? সঠিক কারণ জানেন না কেউই ।

কানাঘুষো শোনা যাচ্ছে, পাঁচতলার ফ্ল্যাট থেকে আগুন ছড়িয়েছে ৷ সেই ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে সম্ভবত শর্ট সার্কিট হয়েই আগুন ধরে যায় । নিমেষে তা ছড়িয়ে পড়ে চারদিকে । আর তা থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনে । আগুন দেখেই তড়িঘড়ি নীচে নেমে আসেন আবাসিকরা । খবর দেওয়া হয় দমকলে ৷ ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন । দমকল আধিকারিকদের প্রচেষ্টায় শেষে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে ঘটনায় এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই ৷ পায়েল, লহমা-সহ আবাসনের সকলে নিরাপদে আছেন বলেই জানা গিয়েছে ।

এদিনের ঘটনা নিয়ে ইটিভি ভারত পায়েল সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "আগুন এখন আয়ত্বে এসেছে । ঠিকই আছি আমরা । নিজের ঘরে ঢুকতে পেরেছি ।" তাঁর কথায়, "কেউ প্রথমে কিছু টেরই পায়নি । আমাদের রান্নাঘরের বাইরে প্রচুর ধোঁয়া দেখে রান্নার দিদি আমাকে ডেকে দেখান । তখনই বুঝতে পারি আগুন লেগেছে । আমি সঙ্গে সঙ্গেই নীচে নেমে আসি । ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে টাওয়ারের চারদিক । স্বাভাবিকভাবেই সবাই ভয় পেয়ে যায় । এমনকী দমকলকে ডাকার কথাও মাথায় আসেনি কারওর তখন । আগুন লাগার 40 মিনিট পর দমকলের দুটো ইঞ্জিন আসে ঘটনাস্থলে ।"

উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারি টালিগঞ্জে করুণাময়ী মন্দির সংলগ্ন বহুতল আবাসনে আগুন লেগে যায় । হঠাৎই কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা ৷ সেই আবাসনের বাসিন্দা অভিনেত্রী নুসরত জাহান, যশ দাশগুপ্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র । প্রাণ বাঁচাতে দুই সন্তানকে নিয়ে রাস্তায় নেমে আসেন যশ-নুসরত, সায়ন্তিকা, শুভ্রজিত-সহ ওই বহুতলের আবাসিকরা ৷ আর এবার এই একই ঘটনা ঘটল অভিনেত্রী পায়েল সরকারের আবাসনে ।