কুলপিতে SIR আতঙ্ক ! মাদ্রাসা শিক্ষকের মৃত্যুতে শুরু তরজা
পরিবারের দাবি, এসআইআর নিয়ে কয়েকদিন ধরেই আতঙ্কগ্রস্ত ছিলেন শাহাবুদ্দিন ৷ এরপরই হৃদরোগ আক্রান্ত হন তিনি ।

Published : November 7, 2025 at 12:10 PM IST
কুলপি, 7 নভেম্বর: আবারও 'এসআইআর আতঙ্কে' মৃত্যুর ঘটনা ৷ এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার ঢোলা থানার অন্তর্গত কালিচরণপুর গ্রাম । খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার এবং মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সেখানেই বিধায়ক দাবি করেন, এসআইআর আতঙ্কে শাহাবুদ্দিন পাইকের (45) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ।
মৃত শাহাবুদ্দিনের স্ত্রী ও চার ছেলে রয়েছে বলে জানা গিয়েছে ৷ স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসায় পড়াতেন শাহাবুদ্দিন। গত শনিবার হৃদরোগ আক্রান্ত হন তিনি । তখন থেকেই ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ বৃহস্পতিবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ মৃতের বাবা আব্দুল মজিদের দাবি, কুলপি ব্লকে প্রকাশিত 2002-এর ভোটার লিস্টে তাঁর নাম আছে, ছেলেরও ভোটার কার্ড রয়েছে । তবে মৃত ছেলের স্ত্রী অর্থাৎ বৌমার কোনও নাম বা পরিচয়পত্র ছিল না । তবে শাহাবুদ্দিনের শাশুড়ির নাম 2002-এর লিস্টে রয়েছে ৷ এরপরও কেন একজন শিক্ষিত মানুষ আতঙ্কগ্রস্ত হল সেই প্রশ্নও উঠছে ৷
তবে পরিবারের দাবি, এসআইআর নিয়ে কয়েকদিন ধরেই আতঙ্কগ্রস্ত ছিলেন শাহাবুদ্দিন ৷ তারপরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ শাহাবুদ্দিনের মৃত্যুর জন্য বিধায়ক, সাংসদ এবং তাঁর পরিবার প্রত্যক্ষভাবে এসআইআর, নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সরকারের সরকারকে দায়ী করেছে ৷ বিজেপির পক্ষ থেকে অবশ্য গোটা ঘটনা সাজানো, পরিকল্পিত ও নোংরা রাজনীতি বলে অভিযোগ তোলা হয়েছে ৷
এ বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার বলেন, "রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর ৷ বেশ কয়েকদিন আগে কুলপি বিধানসভার অন্তর্গত ঢোলাহাট অঞ্চলের কালীচরণপুর এলাকায় শাহাবুদ্দিন পাইকের বাড়িতে BLO আসেন ৷ 2002-এর ভোটার লিস্টে তাঁর এবং তাঁর স্ত্রীর নাম ছিল না । এরপর থেকে আতঙ্কিত হয়ে পড়েন শাহাবুদ্দিন । হৃদরোগে আক্রান্ত হলে শাহাবুদ্দিনকে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে ৷"
তৃণমূল সাংসদ আরও বলেন, "রাজ্যজুড়ে এসআইআর নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার । সমস্ত মৃত্যুর দায়ভার নিতে হবে বিজেপিকে ।"
অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপি নেতা অশোক পুরকাইত বলেন, "শাহাবুদ্দিন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন গত এক তারিখে ৷ চিকিৎসা করানোর জন্য পরিবারের লোকজন ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে আসে । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহাবুদ্দিনের । তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই এসআইআর আতঙ্ক বলে রাজনীতি করছে । আমরা এর তীব্র বিরোধিতা করছি ।"

