ETV Bharat / state

বিজয়া সম্মিলনীতে অনুপস্থিত চুঁচুড়ার বিধায়ক! 'ছোবল মারতে সময় লাগে না', কটাক্ষ রচনার

2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অসিত-রচনা দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে ৷ বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনুপস্থিত চুঁচুড়ার বিধায়ক ৷ শ্যামা প্রসাদের প্রশংসায় পঞ্চমুখ সাংসদ রচনা ৷

Hooghly MP Rachana Banerjee in Bijoya Sammilani
বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 18, 2025 at 11:48 AM IST

3 Min Read
Choose ETV Bharat

চুঁচুড়া, 18 অক্টোবর: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! চুঁচু়ড়ার বাণী মন্দির স্কুলের স্মার্ট ক্লাসরুম নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত ৷ সেই সময় দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে সাময়িকভাবে দ্বন্দ্ব মিটে গেলেও শুক্রবার সাংসদের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তা আরও স্পষ্ট হয়ে গেল ৷

শুক্রবার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় চুঁচুড়া পুরসভার শহর সভাপতির তরফে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধায়ক তপন দাসগুপ্ত, চেয়ারম্যান অমিত রায় ও চুঁচুড়া বিধায়ক বিরোধী কাউন্সিলাররা । কিন্তু, দেখা মেলেনি বিধায়ক অসিত মজুমদারের ৷ যদিও বিধায়কের দাবি, সাংসদের সঙ্গে কোনও দ্বন্দ্ব নেই । তবে, এদিনের অনুষ্ঠানের প্রচারের ব্যানারের গেটেও তাঁর কোনও ছবি দেখা যায়নি ৷ ফলে রাজনৈতিক মহলে এই নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা ৷

চুঁচুড়ায় তৃণমূলের বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে জল্পনা (ইটিভি ভারত)

হুগলি সংসদে 6টি বিধানসভায় কোনও সমস্যা না-হলেও, চুঁচুড়া নিয়ে সমস্যার কথা আগেই জানিয়ে ছিলেন সাংসদ রচনা । তাঁর একাধিক অনুষ্ঠানে অন্যান্য বিধায়ক ও নেতারা উপস্থিত থাকেন ৷ কিন্তু দেখা যায় না চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে ৷ সাংসদ এই অভিযোগ করেছেন বহুবার ৷ শুক্রবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ৷

এদিকে, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের চুঁচুড়া শহর সভাপতি শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের প্রশংসা করেন রচনা । তৃণমূলের অন্দরে জল্পনা, তাঁর জন্যই শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় চুঁচুড়া শহর সভাপতি হয়েছেন । এমনকী এই জল্পনা রচনার কানেও গিয়েছে । তাই এদিন সভা মঞ্চ থেকে রচনা স্পস্ট করে দেন, শ্যামা প্রসাদ নিজের দমে সভাপতি হয়েছেন ।

রচনা বলেন, "ওনার সততা, কর্মদক্ষতা ওনাতে এই জায়গায় নিয়ে এসেছে । রচনা বন্দ্যোপাধ্যায় কেউ না একজন ক্ষুদ্র মানুষ । সে কথা বললেই একজনকে কাউন্সিলর করে দেবে বিধায়ক করে দেবে সভাপতি করে দেবে তা হয়না । উনি কি সেটা আগামী পাঁচ বছর দেখিয়ে দেবেন ৷ তার জন্য রচনা বন্দ্যোপাধ্যায়কে লাগবে না । ওনার নামের সঙ্গে ফণী আছে ৷ ছোবল মারতে সময় লাগবে না । ওনার দিকে যারা হাত তুলছেন, মনে রাখবেন ওনার হাতে ফণী আছে ।"

চুঁচুড়া বিধানসভা পরবর্তী দাবিদার কে হবেন? 2026 সালের নির্বাচনে চুঁচুড়ায় কাকে প্রার্থী করবে দল? বিধানসভার ক্ষমতা কার হাতে থাকবে? এই মুহূর্তে এই প্রশ্ন নিয়ে জল ঘোলা হচ্ছে বিস্তর । গত তিন বারের তৃণমূল বিধায়ক বর্ষিয়ান নেতা অসিত মজুমদার ৷ বিধানসভা এলাকায় তাঁর দখল ছিল এতদিন । কিন্তু, জয়ের পরই হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়ের রাজনৈতিক জমি ক্রমশ শক্ত হতে শুরু করে । রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, এরপরই সাংসদ ও বিধায়কের মধ্যে দ্বন্দ্ব প্রকট হতে শুরু করে ৷

এদিন তৃণমূলের ডাকে শহরে যখন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার । তাঁর দাবি, অন্য কাজ ছিল ৷ তাই অনুষ্ঠানে য়েতে পারেননি ৷ তবে, শহরের বিভিন্ন এলাকায় বাঁধা তোরণে তাঁর ছবি না-থাকার বিষয়টি নিয়েও কথা তুলেছেন তিনি ৷ এদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ ৷ তিনি বলেন, "হুগলি সাংসদ ও চুঁচুড়া বিধায়কের সাপে নেউলের সম্পর্ক । কেউ কারও অনুষ্ঠানে যান না । এদের গোষ্ঠীদ্বন্দ্ব কারও অজানা নয় । বিধানসভা ভোটে এর জবাব মানুষ দিয়ে দেবে ।"

পড়ুন: লোকসভায় কম হাজিরা নিয়ে প্রশ্ন, রাজনীতি-অভিনয়-ব্যবসা সবকিছু সামলাতে হয়; সাফাই রচনার