ETV Bharat / state

মঙ্গলবার থেকে বাড়ি-বাড়ি যাবেন বিএলও-রা, কীভাবে হবে SIR-এর এনুমারেশন প্রক্রিয়া

4 নভেম্বর থেকে শুরু SIR-এর এনুমারেশন প্রক্রিয়া৷ কীভাবে পূরণ করতে হবে আবেদনপত্র, জেনে নিন বিস্তারিত ৷

ENUMERATION PHASE OF SIR
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে SIR প্রক্রিয়ার 'এনুমারেশন' ফেজ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 3, 2025 at 2:32 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 নভেম্বর: ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। দেশের নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চালু হতে চলেছে, তা হল এনুমারেশন প্রক্রিয়া ৷ এই প্রথমবার ভোটাররা SIR-এর আঁচ পাবেন ৷ আগামী 4 নভেম্বর থেকে ভোটারদের বাড়ি-বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা ৷

এনুমারেশন কী?

অক্সফোর্ড লার্নাস ডিকশেনারি অনুযায়ী ইংরেজি শব্দ 'Enumeration' কথাটির অর্থ হল 'The act of naming things one by one in a list, or the list itself ' ৷ বাংলায় যার মানে দাঁড়ায়: শুমারি, গণনা, বা পরপর উল্লেখ ৷ অর্থাৎ, এনুমারেশন ফর্মের মাধ্যমে প্রকৃত ভোটার সংখ্যা নির্ধারণ করার কাজ ৷ এই এনুমারেশন ফর্ম পূরণ করা একজন ভোটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ, একজন ভোটারের স্বাক্ষর করা এনুমারেশন ফর্ম জমা পড়লে, তবেই তাঁর নাম খসড়া ভোটার তালিকায় উঠবে ৷

আগামী 4 নভেম্বর থেকে BLO-রা ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিরতণ করবেন ৷ কীভাবে ফর্ম পূরণ করতে হবে, তাও ভোটারকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া এবং অবশেষে ফর্ম সংগ্রহের কাজ করবেন BLO-রা ৷ এই কাজ আগামী এক মাস চলবে অর্থাৎ, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই এনুমারেশন ফর্ম পূরণের প্রক্রিয়া চলবে ৷ এখানে বলে রাখা ভালো যে BLO-রা সর্বাধিক তিনবার একজন ভোটারের বাড়িতে যাবেন ৷

কারা পাবেন এনুমারেশন ফর্ম?

গত 27 অক্টোবর ঘোষণা হয় SIR ৷ আর ওইদিন মধ্যরাতে 2025 সালের খসড়া ভোটার তালিকা লক বা ফ্রিজ করে দেয় জাতীয় নির্বাচন কমিশন ৷ বর্তমান খসড়া ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাঁদের বাড়িতেই এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন BLO-রা ৷

বাড়ি-বাড়ি যাওয়ার প্রক্রিয়া

একজন BLO (প্রত্যেক BLO-র কাছে নির্বাচন কমিশনের দেওয়ার পরিচয়পত্র থাকবে) যখন একজন ভোটারের বাড়ি যাবেন, তখন BLO সেই ভোটারকে দু’টি এনুমারেশন ফর্ম দেবেন ৷ তার মধ্যে একটি ফর্ম সই করে ফিরিয়ে দিতে হবে BLO-কে ৷ সেটি জমা করা হবে ৷ আর একটি ভোটার নিজের কাছে রেখে দেবেন ৷

ভোটার যদি বাড়ি না-থাকেন

যদি কোনো ভোটার বাড়িতে না-থাকেন, তবে সে ক্ষেত্রে BLO লেটার বক্সে বা দরজার নিচ দিয়ে বা জানালার ফাঁক দিয়ে এনুমারেশন ফর্মটি বাড়িতে দিয়ে যাবেন ৷ পরে আরেকবার সেই ভোটারের বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হবে BLO-কে ৷ বলে রাখা ভালো যে, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় ভোটারকে কোনও নথি দেখাতে বা জমা দিতে হবে না ৷ সর্বাধিক তিনবার BLO একটি বাড়িতে যাবেন প্রয়োজন অনুযায়ী ৷

তিনবারেও যদি ভোটারের সঙ্গে দেখা না-হয় BLO-র

এনুমারেশন ফেজের সময় একজন BLO সর্বাধিক তিনবার একজন ভোটারের বাড়িতে যাবেন ৷ তবে, এই তিনবারের মধ্যে যদি একবারও BLO-র সঙ্গে ভোটারের দেখা না-হয়, সেক্ষেত্রে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ারও সুযোগ রয়েছে ৷ সেই অনলাইনে জমা হওয়া ফর্মটিও BLO যাচাই করবেন ৷

ENUMERATION PHASE OF SIR
ঠিক এমনই দেখতে হবে SIR-এর এনুমারেশন ফর্ম ৷ (ছবি- ইসিআই)

কেমন হবে এনুমারেশন ফর্ম

ভোটারদের দেওয়া দু’টি ফর্ম কিন্তু একেবারে ফাঁকা থাকবে না ৷ ফর্মগুলি 'Pre Filled' বা আগে থেকে কিছু অংশ পূরণ করা থাকবে ৷ অর্থাৎ, ভোটারের বেশ কিছু তথ্য আগে থেকেই ছাপানো থাকবে ফর্মে ৷ সেই তথ্যগুলি হল:

Elector's Name (ভোটারের নাম):

EPIC No. (ভোটার কার্ডের নম্বর)-

Address (ঠিকানা)-

Serial No. (ক্রমিক সংখ্যা)-

Part No. & Name (অংশ নম্বর ও নাম)

AC/PC Name (বিধানসভা/লোকসভা)-

State (রাজ্য)-

Old Photo (ভোটার কার্ডে থাকা পুরনো ছবি)

উল্লেখ্য, ফর্ম দু’টিতে একটি বক্স ফাঁকা থাকবে ৷ সেখানে ভোটারকে নিজের বর্তমান রঙিন পাসপোর্ট ছবি লাগাতে হবে ৷ অর্থাৎ, ভোটারকে তাঁর নিজের বর্তমান দু’টি রঙিন পাসপোর্ট ছবি প্রস্তুত রাখতে হবে ৷ যার একটি BLO-র কাছে জমা দেওয়া ফর্মে ও আরেকটি ভোটারের কাছে থাকা ফর্মে জুড়তে হবে ৷

এনুমারেশন ফর্ম জমা করার সময় কোনও নথি দেখাতে বা জমা দিতে হবে না ৷ শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে, সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লিখিত 11টি নথির যে কোনও একটি জমা করতে হবে ভোটারকে ৷