ETV Bharat / state

আইপ্যাক দফতরে তদন্তে বাধা, রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে ইডি; পাল্টা মামলা প্রতীকের

আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের সংস্থার দফতরে ইডি তল্লাশি চালায় ৷ সেখানে গিয়ে ফাইল-হার্ডডিস্ক-ল্যাপটপ নিয়ে আসেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে ইডি ৷

IPAC ED Search Operation
রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে ইডি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 8, 2026 at 4:54 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 জানুয়ারি: আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে এবং দফতরে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বৃহস্পতিবার সকালে কয়লা পাচার মামলায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে এবং সংস্থার সল্টলেক দফতরে ইডি'র তল্লাশি চালায় ৷ এই দু'টি জায়গায় তল্লাশির সময় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বেশ কিছু ফাইল, হার্ডডিস্ক ও ল্যাপটপ হাতে বেরিয়ে আসেন তিনি ৷

মমতার অভিযোগ, ইডি তৃণমূলের আইটি সেলের হেড অফিসে তল্লাশি চালিয়েছে ৷ দলের প্রার্থিতালিকা ও রণকৌশল হাতিয়ে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিন সকালে তিনি প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন ৷ সেখানে হাজির হন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ও পুলিশের অন্যান্য আধিকারিকরা ৷ মুখ্যমন্ত্রী প্রতীকের বাড়ি থেকে একটি সবুজ ফাইল ও ল্যাপটপ হাতে বেরিয়ে আসেন ৷ সাংবাদিকদের কাছে ইডি'র বিরুদ্ধে তোপ দাগেন ৷ এরপর তিনি সল্টলেকে আইপ্যাকের দফতরে পৌঁছন ৷ সেখানেও বেশ কিছু ফাইল, হার্ডডিস্ক নিয়ে বেরিয়ে আসেন ৷

এরপরই ইডি-র তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, এই তল্লাশির সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই ৷ একটি দীর্ঘ বিবৃতিতে ইডি পরিষ্কার জানায়, ইডি দেশের 10টি জায়গার মধ্যে পশ্চিমবঙ্গের ছ'টি জায়গায় তল্লাশি চালাচ্ছিল ৷ এই অভিযান শান্তিপূর্ণভাবেই চলছিল ৷ কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এবং পুলিশের উচ্চ-আধিকারিকরা সেই তল্লাশি স্থলে এসে পৌঁছন ৷ তারা দু'টি জায়গা থেকে জবরদস্তি নথি এবং ইলেক্ট্রনিক প্রমাণ সরিয়ে নিয়ে যান ৷

এই ঘটনায় কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চায় ইডি ৷ আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷ আইনজীবী ধীরজ ত্রিবেদী এদিন বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন ৷

ইডির অভিযোগ, তল্লাশি ও তদন্ত চলাকালীন বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি একজন সাংবিধানিক পদের অধিকারী হয়ে আইন লঙ্ঘন করেছেন ৷ পাশাপাশি রাজ্যের পুলিশ নিষ্ক্রিয় ছিল ৷ ইডি কয়লা কেলেঙ্কারির তদন্ত করছে ৷ এ রাজ্যের বিভিন্ন জায়গা তল্লাশি চালানো হচ্ছে ৷ পুলিশের উচিত ইডির তদন্তে সহযোগিতা করা ৷ কিন্তু পুলিশ এখানে সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকায় ছিল ৷

এর আগেও রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক বার সরব হয়েছে ইডি ও সিবিআই-এর আধিকারিকরা ৷ এবার ফের তদন্তের কাজে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল ইডি ৷ আইপ্যাকের পক্ষ থেকেও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৷ তাদের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, তাদের সমস্ত ফাইলপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ অবিলম্বে ইডির এই তল্লাশির উপর স্থগিতাদেশ দেওয়া হোক ৷

বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, মামলার ফাইল ছাড়া তিনি এই বিষয়ে শুনানি করতে পারবেন না ৷ মামলা দায়ের করা হলে আগামিকাল তিনি এই বিষয়ে শুনানি করবেন ৷ বিচারপতি ঠিক এজলাস ছাড়ার আগেই তাঁর দৃষ্টি আকর্ষণ করেন আইপ্যাকের আইনজীবীরা ৷ তখন এজলাসে উপস্থিত ছিলেন ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী ৷ তিনি ফের জানান, ইডির আধিকারিকদের তল্লাশি ও তদন্তের কাজে বাধা দেওয়া হচ্ছে ৷ তখন বিচারপতিও আবার জানান, কোনও ফাইল ছাড়া তো আর তিনি মামলা শুনানি করতে পারেন না ! আগামিকাল দু'পক্ষের সব মামলার শুনানি হবে ৷