ফের ট্রেনের ধাক্কায় দাঁতালের মৃত্যু, আহত আরও 1 হাতি
আহত হাতিটি ব্যথায় কাতরাচ্ছে । তাকে স্যালাইন দেওয়া হচ্ছে ৷ তার সামনের পা ভেঙেছে ৷

Published : November 30, 2025 at 12:16 PM IST
জলপাইগুড়ি, 30 নভেম্বর: ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা । রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের খলাইগ্রামের স্টেশন সংলগ্ন এলাকায় । ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে একটি দাঁতাল হাতির ৷ আরও একটি হাতি গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । ঘটনাস্থলে পৌঁছেছেন জলপাইগুড়ি বনবিভাগ ও আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের আধিকারিকরা ।
এত ব্যবস্থা নেওয়া সত্বেও ফের হাতিকে ধাক্কা ট্রেনের ৷ একটি হাতির ঘটনাস্থলেই মৃত্যু হয়, আর একটি আহত হাতি ব্যথায় কাতরাচ্ছে । তার সামনের ডান পা ভেঙে গিয়েছে ৷ দীর্ঘ সময় ধরে আহত হাতিটির চিকিৎসার কোনও ব্যবস্থাই করা হয়নি বলে অভিযোগ । বেলা গড়ানোর পর তার চিকিৎসা করার জন্য রাজ্য বন দফতর উদ্যোগ নিলেও, এমন পরিস্থিতিতে কোনও পশু আহত হলে তার তৎক্ষণাৎ চিকিৎসার কোনও পরিকাঠামোই নেই বলে অভিযোগ করেছেন বন্যপ্রাণী প্রেমীরা ৷ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা ৷

প্রতিবেদন লেখা পর্যন্ত খবরে জানা গিয়েছে, বর্তমানে স্যালাইন দেওয়া হচ্ছে আহত হাতিটিকে ৷ ঘটনাস্থলে জলপাইগুড়ি বনবিভাগের বিভাগীয় বনাধিকারিক বিকাশ ভি পৌঁছে পরিস্থিতির তদারকি করছেন । ঘটনাস্থলে মরাঘাট রেঞ্জের বনকর্মীরা ও পুলিশ কর্মীরাও রয়েছেন ।
বিগত দুই বছরে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় কিছুটা লাগাম টানা গিয়েছিল ৷ তবে ফের সেই একই ঘটনা ঘটায় আরও একবার বন দফতর ও রেলের মধ্যে সমন্বয়ের অভাব লক্ষ্য করা গেল । ট্রেনের ধাক্কায় মৃত দাঁতালের আহত শাবকের চিকিৎসাও ঠিকমতো হয়নি বলে অভিযোগ ৷ এই নিয়ে স্থানীয় মানুষের মধ্যেও ক্ষোভ রয়েছে । গত 24 সেপ্টেম্বর কালিম্পং জেলার মংপং জঙ্গলে ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয় । কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে । আলিপুরদুয়ার থেকে শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে, দু'দিন আগে জামালদা এলাকায় পাঁচটি হাতির একটি দল ঢুকে পড়েছিল । হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য দু'দিন থেকে চেষ্টা চালানো হচ্ছিল । মনে করা হচ্ছে, গতকাল রাতে সেই হাতির দল জঙ্গলে ফেরার সময়েই দুর্ঘটনার কবলে পড়ে । আলিপুরদুয়ার ভিডিশনের ধূপগুড়ি খলাইগ্রামের কাছে মালগাড়ির ধাক্কায় হাতি দুটো ছিটকে পড়ে রেললাইনের পাশে ৷ দুর্ঘটনাটি ঘটে 73/7 নং রেলের পিলারের কাছে ।
জলপাইগুড়ি বনবিভাগের বিভাগীয় বনাধিকারিক বিকাশ ভি জানান, "ভোররাতে ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে । আরও একটি আহত হয়েছে ।"

