ETV Bharat / state

দাপুটে তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ির বকেয়া বিল 10 লক্ষ! বিচ্ছিন্ন করা হল বিদ্যুৎ সংযোগ

সন্ধ্যা নামতেই বাড়ি-সহ আশপাশের এলাকা আলোর রোশনাইতে ঝলমল করত । রাজ্যে পালাবদলের পরেই সেই আলোর ঝলকানি উধাও ৷

ETV BHARAT
তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 3, 2026 at 3:01 PM IST

3 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 3 জুন: দাপুটে তৃণমূল নেতার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বণ্টন কোম্পানি । বছরের পর বছর বিদ্যুতের বিল দেননি জলপাইগুড়ির ডাকসাইটে তৃণমূল নেতা কৃষ্ণ দাস । তাঁর বাড়ির বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা । তিনি কয়েক বছরে প্রাসাদোপম বাড়ি তৈরি করছেন । সন্ধ্যা নামতেই বাড়ি-সহ আশপাশের এলাকা আলোর রোশনাইতে ঝলমল করত । রাজ্যে পালাবদলের পরেই সেই আলোর ঝলকানি উধাও ৷ বিদ্যুৎ পর্ষদের কর্মীরা কৃষ্ণের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় গোটা বাড়ি ডুবেছে অন্ধকারে ।

কৃষ্ণ দাস কয়েক কোটি টাকা ব্যয়ে প্রাসাদের মতো বাড়ি তৈরি করায়, তা নিয়ে বিতর্ক রয়েছে । তাঁর বাড়ির নির্মাণ সরকারি নিয়ম মেনে হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দফতর ।

ETV BHARAT
বকেয়া বিল 10 লক্ষ! (নিজস্ব চিত্র)

ভোটের ফলাদলের পরেই দিনই বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৷ তার পর থেকেই তিনি পলাতক । এবার তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ বণ্টন দফতর । মঙ্গলবার বিকেলে সদর ব্লকের বারোপেটিয়ায় কৃষ্ণ দাসের প্রাসাদোপম বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে । জানা গিয়েছে, বকেয়া বিদ্যুতের বিল মেটানোর জন্য একাধিক দফতরের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলেও দীর্ঘদিন ধরে বকেয়া বিল মেটাননি কৃষ্ণ দাস । ফলে আইন অনুযায়ী কৃষ্ণ দাসের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে ।

যদিও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে বিদ্যুৎ বণ্টন দফতরের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি । কৃষ্ণ দাসের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি ।

বিধানসভা নির্বাচনে দাপুটে নেতা কৃষ্ণ দাসকে জলপাইগুড়ি সদর বিধানসভা থেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস । 68 হাজার ভোটে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীর কাছে হেরে যান তিনি । ফল প্রকাশের পরের দিন বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে কৃষ্ণের বিরুদ্ধে । আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী । এরপর থেকেই উধাও কৃষ্ণ দাস । তাঁর বাড়িতে একাধিকবার অভিযান চালানো হলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি । তবে তাঁর কয়েকজন সাগরেদকে গ্রেফতার করা হয়েছে । কৃষ্ণ দাস পালিয়ে যাওয়ার পর থেকে তাঁর বাড়ি তালাবন্ধ অবস্থাতে পড়ে রয়েছে । এবার তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে তৃণমূলের কোনও নেতা মুখ খুলতে চাননি ৷

বিজেপির যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, "তৃণমূল কংগ্রেস কৃষ্ণ দাসের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছে । আর রইল বিদ্যুৎ সংযোগের বিষয়, আর কোনওদিনই কৃষ্ণ দাসের বাড়িতে আলো জ্বলবে না । যদি তাঁর বয়স্ক মা বাড়িতে থাকতেন, তাহলে আমরাই উদ্যোগী হয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করতাম । এখন ভয়মুক্ত সরকার হয়েছে ৷ তাই তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে । সব টাকা কড়ায় গণ্ডায় আদায় করা হবে ।"