ইন্ডিয়ান কার্টিং রেসে অষ্টম, জাতীয় মঞ্চে আরেকটি পালক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে
একবারে 24 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম রেসিং কার্টটি ৷ সর্বোচ্চ 75 কিলোমিটার প্রতি ঘণ্টায় চলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি ইলেকট্রিক কার্ট ৷

Published : January 9, 2026 at 2:29 PM IST
কলকাতা, 9 জানুয়ারি: জাতীয় স্তরের প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মোটর স্পোর্টস ক্লাবের উদ্যোগে তৈরি একটি ইলেকট্রিক রেসিং কার্ট ৷ গত নভেম্বর মাসে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অনুষ্ঠিত ইন্ডিয়ান কার্টিং রেস (IKR) প্রতিযোগিতায় অষ্টম স্থানে শেষ করেছে এই ইলেকট্রিক রেসিং কার্টটি ৷
উল্লেখ্য, 2017 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের মূল উদ্দেশ্য ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে মোটর স্পোর্টস সম্পর্কে আগ্রহ তৈরি করা ৷ সেই সঙ্গে বাস্তবভিত্তিক প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া ৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই ক্লাবটি নিয়মিতভাবে বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে ৷
এই ধারাবাহিকতাকে বজায় রেখে 2025 সালের নভেম্বরে ইন্ডিয়ান কার্টিং রেস (IKR) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্লাবের পড়ুয়ারা একটি বিশেষ ইলেকট্রিক কার্ট তৈরি করেন ৷ এসএই ইন্ডিয়া (SAE India)-র উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অনুষ্ঠিত হয় ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট 19টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দল সামগ্রিকভাবে অষ্টম স্থান অধিকার করেছে ৷ নবীনদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় এমন সাফল্য পড়ুয়াদের পরিকল্পনা, নিষ্ঠা ও প্রযুক্তিগত দক্ষতারই প্রতিফলন বলে মনে করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
কার্টটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে মোটর স্পোর্টস ক্লাবের সদস্যরা জানান, এতে ব্যবহৃত হয়েছে 72 ভোল্ট ও 60 অ্যাম্পেয়ার ক্ষমতাসম্পন্ন একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি ৷ ব্যাটারিটি লিথিয়াম ফেরোফসফেট (LFP) প্রযুক্তির, যা নিরাপত্তা, দীর্ঘস্থায়িত্ব এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের জন্য পরিচিত ৷ এর সঙ্গে যুক্ত রয়েছে 72 ভোল্ট ও 3 কিলোওয়াট ক্ষমতার একটি পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর (PMSM) ৷

সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তারা জানিয়েছে, গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে এতে ডুয়াল হাইড্রোলিক ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে ৷ কার্টটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এবং 24 কিলোমিটার দীর্ঘ রেস ট্র্যাক কোনও যান্ত্রিক সমস্যা ছাড়াই সম্পূর্ণ করেছে ইলেকট্রিক রেসিং কার্টটি ৷ প্রয়োজনে দ্বিতীয়বার চার্জ নেওয়ার সুবিধা থাকলেও, এই রেসে তার প্রয়োজন পড়েনি ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মোটর স্পোর্টস ক্লাবের চেয়ারপার্সন অংশুমান সিং বলেন, "এটি সম্পূর্ণ পড়ুয়াদের হাতে তৈরি একটি প্রজেক্ট ৷ এই উদ্যোগে ক্লাবের সহ-সভাপতি অনির্বাণ সরকার, সম্পাদক সমৃদ্ধ চক্রবর্তী, কোষাধ্যক্ষ সায়ন ভৌমিক-সহ দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত অন্তত 80 জন পড়ুয়া সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ৷ গাড়িটির চালক ছিলেন, সায়ন ভৌমিক এবং নির্মাণ বসু ৷ গাড়ির ডিজাইন, চ্যাসিস নির্মাণ, বৈদ্যুতিক ব্যবস্থা, ব্যাটারি ম্যানেজমেন্ট, ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে ট্র্যাক টেস্টিং—প্রতিটি ধাপে ছিল তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ৷ বাংলার মধ্যে তাঁরাই প্রথম ইলেকট্রিক কার্ট তৈরি করেছে ৷ এর আগে 2020 সালে তারা একটি কম্বাশন ইঞ্জিনচালিত গো-কার্ট তৈরি করেছিলেন ৷"
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক পড়ুয়া বলেন, "এই গাড়িটি মূলত নবীনদের কার্টিং রেসে ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ৷ প্রতিযোগিতায় অংশ নিতে হলে নির্দিষ্ট কিছু গাইডলাইন মেনে চলতে হয় ৷ সেই নিয়ম অনুযায়ী প্রথমে গাড়িটির ডিজাইন করা হয় এবং পরে বিভিন্ন ধরনের অ্যানালিসিস চালানো হয়েছে ৷ পুরো গাড়িটি তৈরি করতে আমাদের ছয় থেকে সাত মাস সময় লেগেছে ৷" তিনি আরও জানান, ভবিষ্যতে এই গাড়িটিকে আরও আধুনিক করে তোলার পরিকল্পনা রয়েছে এবং ইতিমধ্যেই 'ফর্মুলা ভারত' প্রতিযোগিতার জন্য পরবর্তী ধাপের কাজ শুরু হয়ে গিয়েছে ৷

