SIR ব্যূহে অমর্ত্য, প্রতীচীতে নোটিশ হাতে কমিশন
অমর্ত্যকে নোটিশ দিল নির্বাচন কমিশন ৷ 16 জানুয়ারি তাঁকে উপযুক্ত তথ্য দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে ৷

Published : January 7, 2026 at 2:18 PM IST
বোলপুর, 7 জানুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর শুনানির নোটিশ দিল নির্বাচন কমিশন । নথিতে মায়ের সঙ্গে বয়সের পার্থক্যের কারণেই তাঁকে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ 16 জানুয়ারি তাঁকে উপযুক্ত তথ্য দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে ৷
বুধবার কমিশনের তরফে ইআরও (ERO) তানিয়া রায় ও বিএলও (BLO) সোমব্রত মুখোপাধ্যায় প্রতীচীতে (অমর্ত্য সেনের বাড়ি) এসে মামাতো ভাই শান্তভানু সেনকে নোটিশ দিয়ে যান ৷ দেশে এই প্রথম কোনও ভারতরত্নকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হল ৷
নোটিশ হাতে পাওয়ার পর অমর্ত্য সেনের ভাই শান্তভানু সেন বলেন, "দাদার জন্য একটি নোটিশ দিয়ে গেলেন অফিসাররা ৷ কিছু তথ্য ভুল আছে বললেন ৷ অমর্ত্য সেনকে হেনস্থা করার জন্যই ডাকা হয়েছে ৷ উনি তো আগেও ভোট দিয়েছেন ৷"

অমর্ত্য সেনের বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকন্ঠ মজুমদার বলেন, "নোটিশে বলা হয়েছে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে তাঁর 15 বছর বয়সের পার্থক্য আছে । কিন্তু, তাঁর মায়ের সঙ্গে বয়সের পার্থক্য হল সাড়ে 19 বছর। কীভাবে নোটিশ দেয় জানি না ৷ 16 জানুয়ারি তথ্য দিতে বলা হয়েছে । এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা ৷"
কমিশন সূত্রে জানা গিয়েছে, অমর্ত্য সেনের বোলপুর বিধানসভার ভোটার ৷ তিনি প্রবাসী ভারতীয় ৷ বোলপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ তাঁর শান্তিনিকেতনের বাড়ির নাম 'প্রতীচী'। এদিন অমর্ত্য কুমার সেনকে এসআইআর শুনানির নোটিশ দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে ইআরও তানিয়া রায়, বিএলও সোমব্রত মুখোপাধ্যায়-সহ ৪ আধিকারিক প্রতীচী বাড়িতে আসেন ৷

এই মুহূর্তে অধ্যাপক সেন বিদেশে । তাই পাশের বাড়িতে গিয়ে মামাতো ভাই শান্তভানু সেন ও প্রতীচী বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকন্ঠ মজুমদারের হাতে নোটিশ ধরানো হয় ৷ নোটিশে উল্লেখ করা হয়েছে, কমিশনে কাছে থাকা নথিতে অমর্ত্য সেনের বয়স তাঁর মায়ের বয়সের থেকে 15 বছর কম। তাই তাঁকে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে হবে এই এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে ৷ এছাড়া, অমর্ত্য সেনের নামের বানানোও সামান্য ভুল রয়েছে ।
যদিও, এদিন সুর নরম করে কমিশন জানিয়েছে, এই সামান্য ভুলের জন্য অমর্ত্য সেনকে সশরীরে শুনানিতে অংশ নিতে হবে না ৷ বুথ লেভেল অফিসারেরাই ঠিক করে দেবেন। কিন্তু, কোন 'ভারতরত্ন' কে এসআইআর শুনানির নোটিশ ধরানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ৷

মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের সভা থেকে নোবেলজয়ী অর্মত্য সেনকে এসআইআর-এ শুনানির নোটিশ দেওয়ার দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেন, "বীরভূমে আসতে আসতে শুনছিলাম এসআইআরে নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে ৷ যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন, যিনি নোবেল পেয়ে বিশ্বে সুনাম অর্জন করেছেন তাঁকেও এসআইআর-এর নোটিশ পাঠানো হয়েছে !"
প্রসঙ্গত, বিশ্বভারতী প্রতিষ্ঠায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহযোগী ছিলে অমর্ত্য সেনের দাদু পণ্ডিত ক্ষিতিমোহন সেন। পরবর্তী কালে বিশ্বভারতীর উপাচার্যও হয়েছিলেন তিনি ৷ অমর্ত্য সেনের মা অমিতা সেন ছিলেন আশ্রম কন্যা ৷ অর্থাৎ, সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রী ৷ স্বয়ং বিশ্বকবি 'অমর্ত্য' নামকরণ করেছিলেন ৷
প্রথম ভারতীয় হিসেবে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন ৷ তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকার অমর্ত্য সেনকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'ভারতরত্ন' সম্মানে ভূষিত করে। এ হেন অধ্যাপক সেনকে নির্বাচন কমিশন এসআইআর নোটিশ দেওয়ায় রাজনৈতিক মহলে নিন্দার ঝড় ৷

