ফলতায় ইভিএমে বিজেপির প্রতীকে সেলোটেপ ! রিপোর্ট তলব কমিশনের
দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনের । পুনর্নির্বাচনের সম্ভাবনা ৷

Published : April 29, 2026 at 12:40 PM IST
ফলতা (দক্ষিণ 24 পরগনা), 29 এপ্রিল: দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের কিছু বুথে ইভিএমে বিজেপির বোতামে সেলোটেপ লাগিয়ে ভোট কারচুপি করা হচ্ছে ৷ এমনই গুরুতর অভিযোগ করলেন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ৷ তাঁর দাবি, যাতে ভোটাররা বিজেপির প্রতীকে ভোট দিতে না-পারেন তাই এটা করা হয়েছে । ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ এই ঘটনায় 177 নম্বর বুথের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷ অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পুনর্নির্বাচনের সম্ভাবনা ৷
বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা বলেন, "ফলতা বিধানসভা কেন্দ্রে আমি বুথ পরিদর্শনে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা আমার পথ আটকে দেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেন । শুধু তাই নয়, 189 ও 190 নম্বর বুথে ইভিএমে সেলোটেপ লাগিয়ে দিয়েছে ৷ কিছু বুথে আমাকে ইভিএম দেখতে দেওয়া হচ্ছে না ৷ সেক্টর অফিসার ঘর বন্ধ করে দিয়েছে ৷ সিসিটিভি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ৷"
দেবাংশু পাণ্ডার দাবি, এই ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সরাসরি আঘাত এবং ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা । ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী নিজে সংশ্লিষ্ট বুথে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । অভিযোগ, সেই সময় একদল স্থানীয় মানুষ ও তৃণমূল সমর্থক তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে । উত্তেজনা প্রশমিত করতে লাঠিচার্জ করা হয় বলে জানা গিয়েছে । এর ফলে কিছুক্ষণের জন্য এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ভোটগ্রহণ প্রক্রিয়াও ব্যাহত হয় ।
যদিও বিজেপির এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোট প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং শান্তিপূর্ণভাবেই চলছে । তৃণমূল নেতাদের বক্তব্য, বিজেপি প্রার্থী ভিত্তিহীন অভিযোগ তুলে ভোটে পরাজয়ের আশঙ্কা থেকে আগাম অজুহাত তৈরি করছেন । তাঁদের দাবি, কোথাও কোনও ইভিএমে কারচুপির ঘটনা ঘটেনি এবং সেলোটেপ লাগানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ।
এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর । সংশ্লিষ্ট বুথগুলিতে দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে । ইভিএমে কোনওরকম ত্রুটি বা ইচ্ছাকৃতভাবে তা নষ্ট করার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে প্রশাসনের তরফে । পাশাপাশি, বুথগুলিতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে পরবর্তী সময়ে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই ওই এলাকাগুলিতে রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে । ভোটারদের একাংশও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন । তাঁদের মতে, ভোটের দিনে এই ধরনের অভিযোগ গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করে এবং সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করে । সবমিলিয়ে, ফলতা বিধানসভা কেন্দ্রের এই ঘটনা রাজ্যের নির্বাচনী পরিস্থিতিকে আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করাল । একদিকে ইভিএমে কারচুপির অভিযোগ, অন্যদিকে রাজনৈতিক দলগুলির পারস্পরিক দোষারোপ-এই সবকিছুর মধ্যে সাধারণ ভোটারদের নিরাপত্তা ও স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ।

অন্যদিকে ইভিএমে আইএসএফ প্রতীকের বোতামে ফেবিকুইক জাতীয় আঠা লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডলের ৷ মিনাখাঁ বিধানসভার 41 নম্বর বুথেের ঘটনা । আইএসএফ প্রার্থী দাবি করেছেন, এর ফলে ভোটাররা আইএসএফ-এ ভোট দিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন । তৃণমূল কংগ্রেসের গভীর চক্রান্তেই এই কাজ করা হয়েছে । ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে এই ঘটনায় দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন প্রতীক মণ্ডল ৷

