ETV Bharat / state

ইলেক্টোরাল রোল অবজার্ভারের গাড়িতে হামলা, ডিজিপি'র রিপোর্ট তলব কমিশনের

ইলেক্টোরাল রোল অবজার্ভারের গাড়িতে হামলা ও তাঁকে ঘিরে বিক্ষোভের ঘটনায় নির্বাচন কমিশন রাজ্যের পুলিশের 'গুরুতর নিরাপত্তা ত্রুটি' দেখছে ৷

election commission
সি মুরুগানের গাড়িতে হামলায় ডিজিপির কাছে রিপোর্ট তলব কমিশনের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 4, 2026 at 12:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 জানুয়ারি: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের(এসআইআর) জন্য নিযুক্ত কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে একাধিকবার বিক্ষোভ ও তাঁর গাড়িতে হামলার ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় এবার রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপির কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন । তাদের পক্ষ থেকে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে ডিজিপিকে ।

মূলত প্রথমে কুলপিতে, আর তারপর সম্প্রতি মগরাহাটে নির্বাচন কমিশনের ইলেক্টোরাল রোল অবজার্ভার সি মুরুগানের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হয় ৷ এমনকি তাঁর গাড়ির উপর চড়-থাপ্পড় মারতে থাকে বিক্ষোভকারীরা । এর ফলে চালকদের দিকের লক এবং কাচ ভেঙে যায় । ওই ঘটনায় শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া ভাষায় চিঠি পাঠিয়ে রিপোর্ট তলব করা হল রাজ্যের ডিজিপির কাছে । আগামী 6 জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

election commission
ডিজিপিকে দেওয়া চিঠি (ছবি সূত্র-কমিশন)

কমিশনের চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে যে, ইলেক্টোরাল রোল অবজার্ভারকে স্পর্শকাতর এলাকায় পরিদর্শনের জন্য যেতে হচ্ছে । আগে থেকে জানানো সত্ত্বেও কেন তাঁকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি ? সময় মতো তিনি কেন যথাযথ নিরাপত্তা পেলেন না, সেই বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে ওই রিপোর্টে ।

election commission
ডিজিপিকে দেওয়া চিঠি (ছবি সূত্র-কমিশন)

চিঠিতে আরও বলা হয়েছে, বিক্ষোভের মুখে পড়ার পর নির্বাচন কমিশনকে পুরো বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছিলেন ইলেক্টোরাল রোল অবজার্ভার সি মুরুগান । যেখানে তিনি জানান, মগরাহাট 1, মগরাহাট 2 এবং কুলপি ব্লকে এসআইআর শুনানি ক্যাম্প পরিদর্শন করার সময় তাঁকে একাধিক বিক্ষোভের ঘটনার মুখে পড়তে হয় ।

ডিজিপিকে দেওয়া চিঠিতে আরও জানানো হয়েছে, সি মুরুগানের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশন পুরো বিষয়টি ক্ষতি দেখে ৷ তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকায় এসআইআর সংক্রান্ত শুনানি ক্যাম্পে ইলেক্টোরাল রোল অবজার্ভার পরিদর্শনে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । স্লোগান, জমায়েত এবং সি মুরুগানের গাড়ির উপর হামলা করা হয় । তাই ঘটনাগুলোকে কমিশন পুলিশের 'গুরুতর নিরাপত্তা ত্রুটি' বলে মনে করছে ।

কমিশনের তরফে আরও বলা হয়েছে, আগামিদিনে যে সমস্ত স্পর্শকাতর এলাকায় ইলেক্টোরাল রোল অবজার্ভার বা বিশেষ রোল অবজার্ভাররা পরিদর্শনে যাবেন, সেখানে বাধ্যতামূলকভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা রাখতে হবে । সেই নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন সিনিয়র পুলিশ অফিসার ।