ETV Bharat / state

নির্বাচন কমিশনের নিয়ম মানছেন না ! BLO-কে শোকজে'র নির্দেশ

মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠকে SIR-এর নিয়ম-কানুন পরিষ্কার উল্লেখ করেছেন ৷ সেই সব নিয়ম প্রচার করছেন মুখ্য নির্বাচনী আধিকারিকরাও ৷

SIR in West Bengal 2026
বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির পর্ব (ফাইল ছবি (ইটিভি ভারত))
author img

By ETV Bharat Bangla Team

Published : November 8, 2025 at 6:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 নভেম্বর: বুথ স্তরের আধিকারিকরা নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে না-চলেন, তাঁদের শোকজ করবেন ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও ৷ গত 4 নভেম্বর থেকে রাজ্যজুড়ে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্মের বিতরণ পর্ব শুরু হয়েছে ৷ এর মধ্যে বিএলও-দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কোথাও কোথাও তাঁরা হয় নিজেদের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন, অথবা এলাকার তৃণমূল নেতার বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ করছেন ৷

বুথ স্তরের আধিকারিকদের এই যথেচ্ছাচার রুখতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের ৷ যেসব বিএলও-দের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠবে, তাঁদের শো'কজ করতে হবে ৷ শনিবার এই নির্দেশ দিয়েছে কমিশন ৷ বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণের কাজ চলবে 4 ডিসেম্বর পর্যন্ত ৷

আইন অনুযায়ী, বুথ স্তরের আধিকারিক বা বিএলও-রা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করবেন ৷ কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে অভিযোগ এসেছে, কোথাও বিএলও তাঁর বাড়িতে বসে এনুমারেশন ফর্ম দিচ্ছেন ৷ কোথাও আবার এলাকার তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন ৷ কখনও বিশেষ কোনও রাজনৈতিক দলের পার্টি অফিসে বসে ফর্ম বিতরণের কাজ হচ্ছে ৷ বিএলও রাস্তার উপর চেয়ার বা টেবিল পেতে ভোটারদের ফর্ম দিচ্ছেন, এমন দৃশ্যও উঠে এসেছে ।

বিভিন্ন রাজনৈতিক দল এই অভিযোগ তুলেছে ৷ বিশেষত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগ তুলেছেন ৷ তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে এই বিষয়ে তালিকা-সহ অভিযোগ জানিয়েছেন ৷

জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে, বিএলও-রা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন ৷ একজন ভোটারের বাড়িতে অন্তত তিনবার যাবেন বুথ স্তরের আধিকারিকরা ৷ গত 27 অক্টোবর সাংবাদিক বৈঠকে এই নিয়মের কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ৷ এদিকে কমিশনের নির্দেশ উপেক্ষা করে এনুমারেশন ফর্ম বিতরণের সঠিক নিয়ম পালন হচ্ছে না ৷

এই অভিযোগে ক্ষুব্ধ নির্বাচন কমিশন ৷ তাই জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে সতর্কতা জারি করেছে স্বশাসিত সাংবিধানিক ভোট পরিচালন সংস্থা । বিএলওদের বিহার মডেল অনুযায়ী কাজ করতে হবে ৷ তাঁদের ভোটারদের বাড়িতে গিয়ে গণনার ফর্ম হস্তান্তর করতে হবে ৷ এর জন্য প্রতিটি জেলায় একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে ৷ যেখানে থেকে বিএলওদের কার্যকলাপের উপর নজরদারি চালানো হবে ৷ প্রতি দশটি বুথের জন্য একজন বিএলও সুপারভাইজার থাকবেন ৷