ETV Bharat / state

85 ঊর্ধ্বদের SIR শুনানি বাড়িতেই, মৌখিক নির্দেশের বিভ্রান্তি কাটাতে এবার বিজ্ঞপ্তি কমিশনের

ইআরও, এআরও এবং বিএলও-দের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, সংশোধনী প্রক্রিয়া চলাকালীন যেন কোনওভাবেই বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ভোটারদের হয়রানির শিকার হতে না-হয় ৷

ETV BHARAT
85 ঊর্ধ্বদের SIR শুনানি বাড়িতেই হবে বলে নির্দেশিকা কমিশনের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 30, 2025 at 11:12 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 ডিসেম্বর: এসআইআর শুনানির জন্য মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে ৷ নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে অসুস্থ ও অশক্ত শরীরে বৃদ্ধদেরও খুব কষ্ট করে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হচ্ছে ৷ এমনকী সন্তান প্রসবের দিনেও শুনানি কেন্দ্রে দেখা গিয়েছে গর্ভবতীকে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এমনই নানা অভিযোগ ৷ তবে কমিশনের তরফে আগেই বলা হয়েছিল যে, এই সব ক্ষেত্রে শুনানি কেন্দ্রে আসতে হবে না ভোটারদের ৷ বাড়িতেই হবে শুনানি ৷ তবে এই নির্দেশ নিয়ে বিভ্রান্তি থাকায় ফের সরাসরি নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন ৷ এবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, 85 বছর বা তার বেশি বয়সি, গুরুতর অসুস্থ ও গর্ভবতী ভোটারদের বাড়িতেই হবে শুনানি প্রক্রিয়া ।

আগেই এই বিষয়ে মৌখিকভাবে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন । তবে যেহেতু এই মর্মে কোনও সরকারি বিজ্ঞপ্তি ছিল না, তাই সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছিল বিস্তর । তাই শুনানি পর্ব শুরু হওয়ার পর থেকেই দেখা গিয়েছে, বিভিন্ন কেন্দ্রে কাগজপত্র নিয়ে লম্বা লাইনে বহুক্ষণ দাঁড়িয়ে রয়েছেন 85 ঊর্ধ্ব ভোটাররা । আবার কোথাও হুইলচেয়ারে করে অসুস্থ ভোটারকে শুনানি কেন্দ্রে নিয়ে আসতে হয়েছে ৷ কাউকে আবার শুনানি কেন্দ্রে নিয়ে যেতে হয়েছে পাঁজাকোলা করে ৷ স্বাভাবিকভাবেই এইসব চিত্র সামনে আসার পর কমিশনের বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসকদল ৷ সোমবার মগরাহাটে পরিদর্শনে গিয়ে হেনস্তার অভিযোগে ভোটারদের বিক্ষোভদের মুখে পড়তে হয় কমিশনের বিশেষ রোল পর্যবেক্ষক সি মুরুগানকে ৷ এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

এই পরিস্থিতিতে সোমবারই সরকারি বিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে, 85 বছর বা তার বেশি বয়সি ভোটার, গুরুতর অসুস্থ ভোটার, গর্ভবতী ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে বিশেষ মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে এবং তাঁদের বাড়িতেই শুনানির ব্যবস্থা করতে হবে ।

ইআরও, এআরও এবং বিএলও-দের উদ্দেশে পাঠানো এই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, সংশোধনী প্রক্রিয়া চলাকালীন যেন কোনওভাবেই বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ভোটারদের হয়রানির শিকার হতে না-হয় সেই দিকে নজর দিতে হবে । ভোটারদের অধিকার রক্ষা ও মানবিক আচরণ নিশ্চিত করতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই ভোটাররা নিজেরা বা তাঁদের হয়ে কেউ তাঁদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানালে তাঁদের আর শুনানির জন্য ডাকা হবে না । সেই ভোটারের নামে ইতিমধ্যেই যদি শুনানির নোটিস জারি হয়ে থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে ফোনে যোগাযোগ করে শুনানিতে না-আসার অনুরোধ জানানো যেতে পারে । যাচাই প্রক্রিয়া প্রয়োজনে সেই ভোটারের বাড়িতেই সম্পন্ন করা হবে ।

অন্যদিকে, নতুন বছর থেকে চাপ আরও বাড়ল বিএলও-দের । সোমবার নির্বাচন কমিশন নয়া নির্দেশে বলেছে, 6, 7, 8 নম্বর ফর্ম নিয়ে সপ্তাহের কাজের দিনে যে কোনও তিনদিন দু'ঘণ্টা করে নিজেদের বুথে বসতে হবে বিএলও-দের । এছাড়াও ছুটির দু'দিনে অন্তত চার ঘণ্টা করে বুথে থাকতেই হবে তাঁদের ।

আরও পড়ুন: