রাজ্যে 459 কাউন্টিং হল, দ্রুত ও স্বচ্ছ গণনায় জোর কমিশনের
উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল, শিল্পাঞ্চল থেকে কলকাতা - প্রতিটি আসনের জন্য পৃথক গণনাকেন্দ্র, স্ট্রং রুম, কাউন্টিং হল ও টেবিলের বিস্তারিত তালিকা তৈরি করেছে কমিশন।

Published : May 3, 2026 at 6:08 PM IST
কলকাতা, 3 মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ঘিরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে । কোন কোন গণনাকেন্দ্রে, কীভাবে 294টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে, তার যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন ৷ উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে জঙ্গলমহল, শিল্পাঞ্চল থেকে শহর কলকাতা - প্রতিটি আসনের জন্য পৃথক গণনাকেন্দ্র, স্ট্রং রুম, কাউন্টিং হল ও টেবিলের বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ।
কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে মোট 459টি কাউন্টিং হল ব্যবহার করা হবে । ইভিএম গণনার জন্য রাখা হচ্ছে মোট 4800টি কাউন্টিং টেবিল । পাশাপাশি পোস্টাল ব্যালট ও ETBPS (Postal Ballot ও Electronically Transmitted Postal Ballot System for Service Voter)-এর ভোট গণনার জন্য আলাদা করে 332টি হল এবং 1687টি টেবিল নির্ধারিত হয়েছে । ফলে গণনা প্রক্রিয়া দ্রুত করতে এবং তা সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে কমিশন এবার বিশেষ গুরুত্ব দিয়েছে পরিকাঠামোগত প্রস্তুতিতে ।
জেলা ভিত্তিক তালিকায় দেখা যাচ্ছে যে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও কলকাতার সব আসনের জন্য পৃথক কাউন্টিং সেন্টার করা হয়েছে ।
বেশ কয়েকটি জেলায় একাধিক আসনের গণনা একই কেন্দ্রে হলেও তার জন্য আলাদা হল ও টেবিল করা হবে । যেমন, বড় শহর ও ঘনবসতিপূর্ণ এলাকায় কলেজ, পলিটেকনিক, স্কুল বা প্রশাসনিক ভবনকে কাউন্টিং সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে । অন্যদিকে, গ্রামীণ এলাকায় মহাবিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়গুলিকেই মূলত গণনাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ।
নির্বাচন কমিশন সূত্রে খবর যে, গণনার দিন নিরাপত্তা ব্যবস্থাও থাকবে একেবারে নিশ্চিদ্র । প্রতিটি কেন্দ্রেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি নজরদারি এবং প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ধাপে ধাপে চলবে গণনা । স্ট্রং রুম খোলা থেকে শুরু করে রাউন্ডভিত্তিক ফল ঘোষণা - সব ক্ষেত্রেই কড়া নজরদারি চালাবে নির্বাচন কমিশন ।
সোমবার সকাল 8টা থেকে ভোটগণনা শুরু হবে ৷ গণনাকে ঘিরে নজিরবিহীন কড়াকড়ি করেছে কমিশন । সূত্রের মারফৎ জানা গিয়েছে, গণনার প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে । রাজ্যের প্রতিটি গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে বলবৎ থাকবে ভারতীয় ন্যায়সংহিতার 163 ধারা ৷

