ETV Bharat / state

রাম্পে হাঁটানো অভিষেকের 'ভূত' ভোটার, অভিযোগ খণ্ডন কমিশনের

অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিন ভোটারকে 'মৃত' বলে জনসমক্ষে দেখিয়েছিলেন, সেই ভুল আগেই সংশোধন করা হয়েছিল বলে দাবি নির্বাচনের কমিশনের ৷

Abhishek flags dead voter issue
অভিষেকের 'ভূত' ভোটারের অভিযোগ খণ্ডন কমিশনের (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 5, 2026 at 8:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 জানুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাম্পে হাঁটানো তিন 'ভূত' ভোটারের বিষয় আগেই পদক্ষেপ করেছিল কমিশন । এমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর।

বারুইপুরের জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিন ভোটারকে 'মৃত' বলে জনসমক্ষে দেখিয়েছিলেন, সেই ভুল আগেই সংশোধন করা হয়েছিল বলে দাবি কমিশনের ৷ গত শুক্রবার বারুইপুরের জনসভায় র‌্যাম্পে তিন জনকে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ যেখানে তিনি দাবি করেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) খসড়া তালিকায় এই তিন জনকেই ‘মৃত’ দেখানো হয়েছে ৷

অভিযেকের এই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন ৷ নির্বাচনী আইন অনুসারে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসাররা (BLO) যদি ইচ্ছাকৃতভাবে কোনও ভুল করে থাকেন, সেই ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷ ওই তিন ভোটারের নাম হল মায়া দাস, মণিরুল মোল্লা ও হরেকৃষ্ণ গিরি ৷ মায়া দাস ও মণিরুল মোল্লা হলেন মেটিয়াবুরুজের বাসিন্দা ৷ হরেকৃষ্ণ গিরির বাড়ি কাকদ্বীপে।

ভুল-সংশোধন ও কমিশনের ভূমিকা

ইতিমধ্যেই রিপোর্ট জমা পড়েছে কমিশনে ৷ জানা গিয়েছে, মায়া দাসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিএলও জানিয়েছেন এটা অনিচ্ছাকৃত ভুল ৷ অন্যদিকে, মণিরুল মোল্লার নামের ক্ষেত্রেও ভুল বুঝতে পারার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে কমিশনের দাবি ৷ খসড়া তালিকা হাতে পেয়ে বিএলও জানতে পারেন মণিরুলের নাম মৃত ভোটারের তালিকায় রয়েছে ৷ তৎক্ষণাৎ তিনি মণিরুল মোল্লার বাড়ি গিয়ে ফর্ম-6 পূরণ করিয়ে তা জমা করেছেন ৷ আর কাকদ্বীপের হরেকৃষ্ণ গিরির ক্ষেত্রেও বিএলও যখন দেখেন তাঁর নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তখনই তিনি ভোটারের বাড়ি গিয়ে ফর্ম-6 পূরণ করিয়ে সেটি জমা দিয়েছেন ৷

এই ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া তালিকায় ভুল ধরা পড়লে তা সংশোধন করার সুযোগও রয়েছে । আর তারপরেও যদি কারও নাম বাদ পড়ে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটার ফর্ম-6 পূরণ করে পুনরায় নাম তালিকায় তুলতে পারবেন।

2026 সালের বিধানসভা নির্বাচনের প্রচারের শুরুতেই গত শুক্রবার দক্ষিণ 24 পরগনার মাটি থেকে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানান অভিষেক ৷ ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার নাম করে বাংলার লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার এক গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।