'পুলিশের সামনে দাঁড়িয়ে ডিম ছুড়েছে, কেউ গ্রেফতার হয়নি', শীতলকুচিতে হামলার মুখে মিনাক্ষী
তৃণমূল নেতাদের পর ডিম ছোড়া হল মিনাক্ষী মুখার্জিকে নিশানা করে ৷ শীতলকুচিতে এই ঘটনায় পুলিশে অভিযোগ জানালেও কাউকে গ্রেফতার করা হয়নি ৷

Published : July 7, 2026 at 6:49 PM IST
শীতলকুচি, 7 জুলাই: এক সিপিআই(এম) কর্মীর মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করে ফেরার সময় সিপিআই(এম) নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িকে নিশানা করে ডিম ছোড়ার ঘটনা ঘটল ৷ মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচি বাজার এলাকা ৷ এই ঘটনায় পুলিশের ভূমিকায় চরম ক্ষোভপ্রকাশ করেন রাজ্য ও কেন্দ্রীয় সিপিআই(এম) কমিটির সদস্য মিনাক্ষী ৷
এদিকে বিজেপি 6 নং মণ্ডল সম্পাদক দেবাশিস বর্মনের অভিযোগ, "বিজেপি এখন ক্ষমতায় রয়েছে ৷ এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক ঘটনায় প্ররোচনা দিতে সিপিআই(এম) নেতারা এই এলাকায় এসেছিল ৷ আমরা সংখ্যালঘু-সহ সাধারণ জনগণ ওই গাড়ি রুখে দিয়েছি ৷" তাঁর আরও দাবি, "আমাদের সরকারের মাত্র দু'মাস হল ৷ আপনারা দেখুন, সুশাসন আনতে সময় লাগবে ৷ পশ্চিমবঙ্গ সোনার বাংলা করে তুলবে বিজেপি সরকার ৷"
সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি এলাকায় নিহত সিপিআইএম কর্মীর নাম মন্টু মিয়া ৷ তাঁর বাড়ি শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ দু'দিন আগে শীতলকুচির খুঁটামারা নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয় ৷ এদিন মিনাক্ষী মুখোপাধ্যায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করে ফেরার সময় শীতলকুচি বাজারে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ ৷
পাশাপাশি তাঁর গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয় বলেও অভিযোগ ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খেয়ে যায় পুলিশ ৷ পরে মিনাক্ষীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷
এসপির কার্যালয়ে পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন মিনাক্ষী ৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, "শীতলকুচিতে একজন কমরেডের মৃত্যু হয়েছে ৷ তাঁকে খুন করা হয়েছে ৷ তাঁর পরিবার সমস্যায় আছে ৷ আমরা তাঁর বাড়িতে যেতে পারি না ?" পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "শীতলকুচি বাজারে পুলিশের সামনে তারা দাঁড়িয়ে ইট, পাটকেল, ডিম ছুড়েছে ৷ গাড়ির গেট খুলে কর্মীদের মারধর করা হবে ? প্রাক্তন মন্ত্রী অনন্ত রায় ছিলেন ওই গাড়িতে ৷ দু'বারের প্রাক্তন সাংসদ অলোকেশ দাস ৷ পুলিশ এসে গাড়ি দাঁড় করাচ্ছে, গাড়ি স্লো করে দিচ্ছে এবং উত্তেজিত জনতাকে গাড়ির সামনে আসার সুযোগ করে দিচ্ছে ৷ তারপর তারা এসে ইট, ডিম ছুড়বে, মারবে ৷ গাড়ির গেট খুলে নেবে ৷ আমাদের কর্মীদের মারধর করবে ?"
এই হামলার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন বামনেত্রী ৷ সিপিআই(এম) নেত্রী মিনাক্ষী বলেন, "ঘটনাটি সোয়া এগারোটার ৷ এখানে এক ঘণ্টা বসে আছি ৷ দুটো বাজে, কাউকে গ্রেফতার করেনি ৷ সোশাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে লাইভ করেছি ৷ পুলিশ এই ঘটনা ঘটতে দিল ৷ কাউকে গ্রেফতারও করেনি ৷ কোনও রকমে প্রাণে বেঁচে এখানে এসপির অফিসে এসেছি ৷ তারপরেও ডেপুটি এসপি চুপচাপ বসে আছে ৷ এক ঘণ্টা ধরে মানসিক অত্যাচার চলছে ৷"
এই হামলার ঘটনায় মিনাক্ষীর প্রশ্ন, "আমরা শুধু জানতে চাই, আমাদের অপরাধটা কী ?" বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে একদা দাপুটে তৃণমূল নেতাদের নিশানা করে ডিম ছোড়ার ঘটনা ঘটে চলেছে ৷ এমনকী পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে ৷ 30 মে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়ার ঘটনা ঘটে ৷ এরপর তৃণমূলের একাধিক নেতা, এমনকী বর্ষীয়ান সাংসদ সৌগত রায় থেকে বিধায়ক কুণাল ঘোষও ডিম হামলার মুখোমুখি হয়েছেন ৷ এই নিয়ে হাইকোর্টেও মামলা দায়ের হয়েছে ৷

