জাল পাসপোর্টকাণ্ডে নদিয়ার কাঠমিস্ত্রির বাড়িতে ইডি ! পাক যোগের সম্ভাবনা
ফোনের সূত্র ধরে চাকদার ওই কাঠমিস্ত্রির বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা ৷ জাল পাসপোর্টকাণ্ডে অভিযুক্তের সঙ্গে দেশে বন্দি পাক নাগরিকের যোগ থাকার অনুমান ৷

Published : November 3, 2025 at 11:52 AM IST
নদিয়া, 3 নভেম্বর: ভুয়ো পাসপোর্ট মামলায় সক্রিয় ইডি ৷ সোমবার সকালে নদিয়া জেলার চাকদার এক ব্যক্তি ও তার ভাইয়ের বাড়িতে দিলেন হানা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ অভিযুক্ত ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি বলে জানা গিয়েছে ৷ দীর্ঘদিন ধরে ভুয়ো পাসপোর্ট তৈরির সঙ্গে তার যোগ ছিল বলে অভিযোগ ইডির ৷
এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক বলেন, "অভিযুক্তের তৈরি বহু পাসপোর্ট বিদেশেও পাঠানো হয়েছে ৷ আমরা তদন্ত করছি ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷" সূত্রের খবর, অভিযুক্তদের সঙ্গে ভারতের জেলে বন্দি পাকিস্তানি নাগরিকদের যোগাযোগ থাকতে পারে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷
বিগত কয়েকমাস ধরে ভুয়ো পাসপোর্ট তৈরির জাল চক্র খুঁজে বের করতে একের এক তদন্ত অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা ৷ প্রস্তুতকারীদের খুঁজে বের করতে চলছে তল্লাশিও ৷ অক্টোবর মাসেই চাকদা থেকে ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযোগে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ৷ তদন্তে জানা যায়, বাংলাদেশি নাগরিকদের ভুয়ো পাসপোর্ট পাইয়ের দেওয়ার জন্য পাকিস্তানের নাগরিক আহমেদ হোসেন নামে এক ব্যক্তিকে সাহায্য করে সে ৷ ধৃত ইন্দুভূষণকে জিজ্ঞাসাবাদ করে চাকদা থানার অন্তর্গত পরারি গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি বিপ্লব সরকার ও তার ভাইয়ের বিষয়ে জানতে পারে ইডি ৷
ধৃত ইন্দুভূষণের সঙ্গে অভিযুক্ত এবং তার ভাইয়ের ফোনে যোগাযোগ ছিল ৷ ফোনের সেই সূত্র ধরে এদিন সকালে টিনের ছাউনি দেওয়া দুই কাঠমিস্ত্রির বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সূত্রের খবর, বিপ্লবের বাড়ি থেকে প্রচুর ভুয়ো পাসপোর্ট উদ্ধার করা হয়েছে ৷ দীর্ঘ 3 ঘণ্টা তল্লাশির পর দুই ভাই ও তাদের বাবাকে ডিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইডি ৷
ভুয়ো পাসপোর্ট ও আন্তর্জাতিক হাওয়ালা চক্রের তদন্তে নেমে প্রথমে আহমেদ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ইডি ৷ অভিযোগ, এরা দু'জনে জাল পাসপোর্ট তৈরির চক্র চালাত ৷ হাজার হাজার টাকার বিনিময়ে নকল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করিয়ে দিত আহমেদ হোসেন ৷ তাকে গ্রেফতার করে ইন্দুভূষণের বিষয়ে জানতে পারে ইডি ৷ এরপর তাকেও গ্রেফতার করা হয় ৷ ধৃত দু'জনেরই ফোনে চাকদার কাঠমিস্ত্রি ভাইয়ের বিষয়ে জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এখন এদের জিজ্ঞাসাবাদ করে নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা সেটাই দেখার ৷

