সাতসকালে অন্ডালে ইডির তল্লাশি ! কী অভিযোগ ইসিএলের প্রাক্তন কর্মীর বিরুদ্ধে
সম্ভাব্য কোনও আর্থিক অনিয়ম নাকি কয়লা কাণ্ড ? ঠিক কোন তদন্তের সূত্রে এই অভিযান তা অবশ্য স্পষ্ট করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

Published : July 9, 2026 at 2:23 PM IST
অন্ডাল, 9 জুলাই: বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিম বর্ধমানের অন্ডালের সুভাষ নগর এলাকায় নজর কাড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তৎপরতা । কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল 8টা 15 মিনিট নাগাদ ইডির একটি দল এলাকার বাসিন্দা রাম মল্লিকের বাড়িতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে । আচমকা কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এলাকায় ঢুকতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । মুহূর্তের মধ্যেই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । গোটা এলাকায় জল্পনা শুরু হয়, ঠিক কোন তদন্তের সূত্রে এই অভিযান চালানো হচ্ছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাম মল্লিকের বাবা দিলীপ মল্লিক ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর প্রাক্তন কর্মী । ইডির আধিকারিকরা বাড়িতে ঢুকে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন আর্থিক নথি, ব্যাঙ্কের লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি খুঁটিয়ে পরীক্ষা করেন । তদন্তের স্বার্থে কয়েকটি নথি ও ডিজিটাল রেকর্ডও তাঁরা নিজেদের হেফাজতে নিয়েছেন বলে জানা গিয়েছে । যদিও কী কী নথি বাজেয়াপ্ত করা হয়েছে, সে বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি ।
অভিযানের সময় গোটা বাড়ি এবং সংলগ্ন এলাকা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । বাড়ির ভিতরে তদন্ত চলাকালীন বাইরের কারও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি । সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বাড়ির বাইরে অপেক্ষা করলেও ইডির কোনও আধিকারিক এ বিষয়ে মুখ খুলতে চাননি ।
এই তল্লাশি কোন মামলার তদন্তের অংশ, তা এখনও স্পষ্ট নয় । তবে স্থানীয় মহলে জোর জল্পনা, সম্ভাব্য কোনও আর্থিক অনিয়ম বা কয়লা সংক্রান্ত তদন্তের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে । যদিও এই জল্পনার সত্যতা সরকারি ভাবে নিশ্চিত করেনি তদন্তকারী সংস্থা । ফলে অভিযানের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে ।
সাম্প্রতিক সময়ে রাজ্যে একাধিক আর্থিক অনিয়ম, কয়লা ও সম্পত্তি সংক্রান্ত মামলায় ইডি সক্রিয় ভূমিকা নিয়েছে । সেই আবহে অন্ডালের এই তল্লাশিও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়দের একাংশ । তবে তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় সংস্থা ।
দুপুর দুটোয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশি অভিযান চলছে । ইডির তরফে এখনও কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি । ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অভিযানের উদ্দেশ্য এবং তার নেপথ্যের কারণ নিয়ে জল্পনা অব্যাহত থাকছে ।

