ETV Bharat / state

কোন মামলায় আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি ইডির

এই নিয়ে ইডির তরফে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে৷

ED RAID IN IPAC
সল্টলেকে ইডি অফিস (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 8, 2026 at 5:46 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 জানুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশি অভিযান ঘিরে নতুন করে হইচই পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গে৷ ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি নিয়েই এই হইচই পড়েছে৷ বিশেষ করে ইডির তল্লাশি চলাকালীন দু’টি জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘটনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে৷ এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কেন আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দিলেন ইডির আধিকারিকরা? কোন মামলায় এই তল্লাশি অভিযান চলছে?

বৃহস্পতিবার ইডির তরফে এই নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেখানে জানানো হয়েছে, অনুপ মাজি এবং আরও অনেকের বিরুদ্ধে 2020 সালের 27 নভেম্বর একটি অভিযোগ দায়ের করে সিবিআই

৷ তার প্রেক্ষিতেই পরদিন (28 নভেম্বর) ইডি একটি মামলা নথিভুক্ত করে৷ সেই মামলার তদন্ত করতে গিয়ে একটি হাওয়ালা চক্রের হদিশ পান তদন্তকারীরা৷

ওই প্রেস রিলিজে ইডির তরফে আরও জানানো হয় যে সেই তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার তল্লাশি অভিযান চলছে দেশজুড়ে৷ সব মিলিয়ে দশটি জায়গায় তল্লাশি অভিযান চলছে৷ এই দশটির মধ্যে ছ’টি জায়গা পশ্চিমবঙ্গে৷ তার মধ্যে একটি হল আইপ্যাকের অফিস এবং দ্বিতীয়টি হল ওই সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি৷ কয়লাপাচারের টাকা সংক্রান্ত বিষয়ে আইপ্যাকের নাম উঠে আসায়, তদন্তের স্বার্থে এই অভিযান বলে ইডি তাদের প্রেস বিবৃতিতে জানিয়েছে।

ইডি সূত্রে খবর, দিল্লি থেকে আসা ইডি-র একটি বিশেষ দল এই অভিযান চালাচ্ছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দিল্লিতে নথিভুক্ত কয়লাপাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। তাছাড়া এই মামলায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ কয়েকজনের সাক্ষ্যগ্রহণও করা হয়েছে৷

উল্লেখ্য, ইডির প্রেস বিবৃতিতে যে অনুপ মাজির কথা উল্লেখ করা হয়েছে, তাঁর নাম কয়লাপাচার-কাণ্ডে আগেই সামনে এসেছে৷ সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ থাকায় তাঁকে সিবিআই বা ইডি এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি৷ তবে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি৷ কয়লাপাচার সংক্রান্ত সিবিআইয়ের যে মামলা, সেই মামলার এখন ট্রায়াল চলছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে৷

তার মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে হইচই শুরু হল ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইডির তল্লাশি অভিযান চলছে৷ শেষপর্যন্ত কী হয়, সেটাই এখন দেখার৷

আরও পড়ুন -

  1. আইপ্যাক অফিসে ইডি'র তদন্তে বাধা, রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
  2. মমতার বাড়িতে তল্লাশি হলে মিলবে 100 কোটি ! বিস্ফোরক শুভেন্দু, 'ম্যাচ-ফিক্সিং' বলছে কংগ্রেস
  3. নটি হোম মিনিস্টার ! তল্লাশির মাঝেই ফাইল সরিয়ে এনে তোপ মমতার, 'অংসাবিধানিক' বলছেন শুভেন্দু