ETV Bharat / state

'বিজেপি'র আইসি সেলের তৈরি অ্যাপ দিয়ে কাজ করছে কমিশন', অভিযোগ মমতার

বয়োজ্যেষ্ঠ, অসুস্থদের শুনানিতে ডেকে হয়রান করছে নির্বাচন কমিশন ৷ বিজেপি'র তৈরি অ্যাপ দিয়ে এসআইআর (SIR) প্রক্রিয়ার কাজ করছে কমিশন, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

CM Mamata Banerjee at Sagar
সাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 6, 2026 at 5:22 PM IST

3 Min Read
Choose ETV Bharat

সাগর, 6 জানুয়ারি: দু'দিনের গঙ্গাসাগর সফর শেষে কলকাতা ফিরে আসার আগেও এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাগর থেকে বিদায় নেওয়ার আগে তিনি ফের বললেন, "নির্বাচন কমিশন ভুলভাল কাজ করছে ৷"

গতকাল অর্থাৎ সোমবার গঙ্গাসাগরের হেলিপ্যাড গ্রাউন্ড থেকেই এসআইআর ইস্যুতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্বাচন কমিশনের এই 'খামখেয়ালিপনা'র বিরুদ্ধে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন তিনি ৷ এর 24 ঘণ্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করেছে রাজ্যের শাসকদল ৷

এই আবহে এদিন সাগর ছাড়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, "নির্বাচন কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে ৷ বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷" এরপর কমিশনের ব্যবহৃত অ্যাপ নিয়ে তিনি গুরুতর অভিযোগ করে বলেন, "নির্বাচন কমিশন বিজেপির আইটি সেলকে দিয়ে যে সব অ্যাপ করেছে, সেগুলো বেআইনি, অসাংবিধানিক, অগণতান্ত্রিক ৷ এভাবে চলতে পারে না ৷" সাধারণ মানুষের প্রতি তাঁর বার্তা, "আপনারাই ক্রস-চেক করুন, সাধারণ মানুষের পাশে থাকুন ৷" গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল সাগরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি কলকাতায় ফিরে গেলেন ।

এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকে এর বিরোধিতা করেছে তৃণমূল ৷ এর বিরুদ্ধে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী ৷ গত 4 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের প্রক্রিয়া পরিচালনা করেন বুথ স্তরের আধিকারিকরা বা বিএলও-রা ৷ এই পর্বের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাগরিকদের মৃত্যুতে এসআইআর আতঙ্ককে দায়ী করা হয়েছে ৷ এমনকী কাজের চাপে বিএলও'রাও নিজেদের জীবন শেষ করেছেন বলে অভিযোগ ৷ অনেকে অসুস্থ হয়ে পড়েন ৷ এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী কমিশনারকে একাধিক বার চিঠি দিয়ে, অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন ৷ এত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে বিএলও'রা প্রবল চাপের মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

এই আবহে গত 27 ডিসেম্বর রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানি শুরু হয়েছে ৷ প্রবীণ, অসুস্থদের অশক্ত শরীরে শুনানিতে হাজির হতে হয়েছে ৷ বৃদ্ধ-বৃদ্ধারা তাঁদের সন্তানদের হাত ধরে, কোথাও বা হুইলচেয়ার অথবা কোলে চড়ে কোনওরকমে এসআইআর শুনানিতে হাজির হচ্ছেন ৷ এমন দৃশ্য দেখা গিয়েছে ৷ সম্প্রতি নাকে অক্সিজেনের নল লাগিয়ে শুনানিতে অংশ নিয়েছিলেন জয়নগরের 68 বছর বয়সি নাজিতুল মোল্লা ৷ পরের দিন তাঁর মৃত্যু হয় ৷ পরিবারের দাবি, এসআইআর-এর শুনানিতে ডাক পাওয়ার পরে দুশ্চিন্তা ও আতঙ্কে বৃদ্ধের মৃত্যু হয়েছে ৷

গত 31 ডিসেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যায় ৷ সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে এই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দেন দলের লোকসভা নেতা অভিষেক ৷ তাঁর অভিযোগ, বিজেপির হয়ে ভোট চুরি করছে নির্বাচন কমিশন ৷ এবং তা হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ৷

এসআইআর-এ ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে সরব হয়েছে তৃণমূল ৷ অসুস্থ, বৃদ্ধ-বৃদ্ধাদের শুনানিতে ডাকা নিয়ে কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ গত 4 জানুয়ারি তিনি এনিয়ে ফের মুখ্য় নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন তিনি ৷