ETV Bharat / state

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, উৎসস্থল সিকিম

বৃহস্পতিবার 11টা 34 মিনিটে ভূমিকম্পটি হয় ৷ হঠাৎ এই কম্পনে হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন পর্যটকরা ।

earthquake in Sikkim
ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ (প্রতীকী ছবি (আইএএনএস))
author img

By ETV Bharat Bangla Team

Published : February 26, 2026 at 1:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি: সমতল থেকে পাহাড় ৷ ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ । বৃহস্পতিবার সকালে মৃদু কম্পন অনুভূত হয় শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকায় ।

উত্তরবঙ্গের পাশাপাশি এই কম্পনের রেশ পৌঁছেছে কলকাতাতেও ৷ যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.6, উৎসস্থল সিকিমের ইয়ুকসুম । বৃহস্পতিবার 11টা 34 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ।

earthquake in Sikkim
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.6 (নিজস্ব ছবি)

বর্তমানে পর্যটনের মরশুম চলায় দার্জিলিং ও সিকিমের পাহাড়ি এলাকায় প্রচুর পর্যটক রয়েছে । হঠাৎ এই কম্পনে হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন অনেকে । বিশেষ করে সিকিমের সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের এই কম্পন পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ।

সিকিমের আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "সকালবেলায় 11টা 34 মিনিটে 4.6 তীব্রতায় ভূমিকম্প হয়েছে । তবে তারপরে কোনও আফটার শক হয়নি । কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ।"

অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সম্পাদক রাজ বসু বলেন, "এর আগে সম্প্রতি সিকিমে লাগাতার একাধিকবার ভূমিকম্প হয়েছিল । তারপর আবার আজ । বারবার এই ধরনের ভূমিকম্প পর্যটকদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি তো অবশ্যই করবে ।"

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই কয়েক ঘণ্টার ব্যবধানে সিকিমের রাবাংলা থেকে আট কিলোমিটার দক্ষিণে 13 বার ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল 4.3 । কেঁপে ওঠে সিকিম-সহ ভুটান এবং গোটা উত্তরবঙ্গ । সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই বৃহস্পতিবার ফের 4.6 মাত্রার এই কম্পন সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় আতঙ্ক বাড়িয়ে দিয়েছে । এখনও পর্যন্ত এই কম্পনের ফলে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । তবে আবহাওয়া দফতর ও প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে । উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

উল্লেখ্য, সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সারা দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে । সেই রিপোর্টে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, সিকিম থেকে শুরু পাহাড়ের পাদদেশ অর্থাৎ শিলিগুড়ি-সহ সমগ্র তরাই-ডুয়ার্স এলাকা অতি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে । প্রকাশিত রিপোর্টে বিপদ আশঙ্কা করে পদক্ষেপের আশ্বাস দিয়েছিল পুরসভা ও পুরনিগম ৷