মহারাষ্ট্রে আক্রান্ত 3 বাঙালি পরিযায়ী শ্রমিক, বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচারের অভিযোগ
গায়ে গরম চা ঢেলে দেওয়া ও টাকা-পয়সা কেড়ে নেওয়ার অভিযোগ ৷ মারধর করে হাওড়ার ট্রেনে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে

Published : January 4, 2026 at 9:53 PM IST
দুর্গাপুর, 4 জানুয়ারি: এবার মহারাষ্ট্রে কাজে গিয়ে আক্রান্ত হলেন বাংলার তিন পরিযায়ী শ্রমিক ৷ বাংলাদেশি তকমা দিয়ে তিনজনকে মারধর ও টাকাপয়সা কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন তাঁরা ৷ এমনকি তাঁদের গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগও করেছেন পরিযায়ী শ্রমিকরা ৷ তাঁরা দুর্গাপুরের লাউদোহার বাসিন্দা ৷
জানা গিয়েছে, গত 10 নভেম্বর একটি বোরিং সংস্থার হয়ে শ্রমিকের কাজে মহারাষ্ট্রে গিয়েছিলেন লাউদোহার বাসিন্দা দিলীপ বাগদী, সমীর বাউড়ি এবং তপন বাউড়ি ৷ অভিযোগ, কয়েকদিন আগে ছুটিতে বাড়ি ফিরছিলেন ৷ স্টেশনে যাওয়ার জন্য তাঁরা বাসে উঠেছিলেন ৷ বাসে উঠে টিকিট কাটার পর নিজেদের মধ্যে বাংলায় কথা বলছিলেন ৷ তখনই কয়েকজন তাঁদের পরিচয় জানতে চান ৷
অভিযোগ, তাঁদের বাংলাদেশি বলে বাস থেকে নামিয়ে দেওয়া হয় ৷ বারবার নিজেদের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলা হলেও, কেউ কথা শুনতে চায়নি ৷ এরপরেই শুরু হয় অমানবিক অত্যাচার ৷ কিল, চড়, ঘুষি মারা হয় তাঁদের তিনজনকে ৷ এমনকি তাঁদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয় ৷ সেগুলি বের করলে, তা জাল বলে কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ৷
এই নিয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সমীর বাউড়ি বলেন, "আমাদের সঙ্গে মুর্শিদাবাদের কয়েকজন ছিলেন ৷ ওঁদেরও মারধর করে ৷ আমরা পশ্চিমবঙ্গের বলা সত্ত্বেও মারধর করে ৷ তারপর হঠাৎই ফুটতে থাকা চা নিয়ে মাথায় ঢেলে দেয় ৷ এরপর সঙ্গে 18 হাজার টাকা ছিল, সেটাও কেড়ে নেয় ৷ আমাদের মেরে একটা গাড়িতে তুলে স্টেশনে নিয়ে যায় ৷ সঙ্গে দু’জন ছিল ওদের ৷ আমাদের থানায় যেতে দেয়নি ৷ সোজা স্টেশনে নিয়ে গিয়ে ট্রেনে তুলে দেয় ৷"
ঘটনার খবর পেয়ে এদিন আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ তিনি বলেন, "আমরা সকল ভারতবাসী একসঙ্গে স্বাধীনতার লড়াই লড়েছি ৷ সেখানে বাঙালিদের অবদান সবচেয়ে বেশি ৷ আজ সেই বাঙালিরা নিজেদের দেশে আক্রান্ত হচ্ছেন ৷ এই তিন ভাইয়ের কী দোষ ছিল ৷ বাংলায় কথা বললেই, বাংলাদেশি বলা হচ্ছে ৷ এটার জন্য দায়ী বিজেপি আর কেন্দ্রীয় সরকার ৷ তাদের জন্য আজ নিজেদের দেশের অন্য রাজ্যে বাঙালিরা নিরাপদ নয় ৷"
বিষয়টি নিয়ে নরম সুর শোনা গেল জেলা বিজেপি নেতৃত্বের ৷ এই নিয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী বলেন, "লাউদোহার যে তিন ভাই মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন, শুনলাম তাঁদের উপর অত্যাচার চালানো হয়েছে ৷ গায়ে গরম চা ঢেলে দেওয়া হয়েছে ৷ এই ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না ৷ আমি আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলব ৷ যাতে মহারাষ্ট্র সরকারে সঙ্গে তাঁরা কথা বলেন এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় ৷ আমাদের অনেক বাঙালি ভাই-বোন অন্য রাজ্যে কাজ করেন ৷ অনেকে বাইরে থেকে এখানে আসেন কাজের জন্য ৷ এই ঘটনা কখনোই মানা যায় না ৷"

