ETV Bharat / state

মঙ্গলবার প্রকাশিত হবে SIR পরবর্তী খসড়া ভোটার তালিকা, কীভাবে দেখবেন নিজের নাম ?

শুনানিতে ডাকা হবে সাড়ে 30 লক্ষের বেশি ভোটারকে ৷ SIR-এ বাদ যাওয়া নামের সংখ্যা নিয়ে মতানৈক্য BLO-দের দুই সংগঠনের মধ্যে ৷

DRAFT VOTER LIST
মঙ্গলবার প্রকাশিত হবে SIR পরবর্তী খসড়া ভোটার তালিকা ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 15, 2025 at 8:50 PM IST

5 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 ডিসেম্বর: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে জাতীয় নির্বাচন কমিশন পরিচালিত বিশেষ নিবিড় সংশোধিত বা এসআইআর-এর এন্যুমারেশন ফর্ম ফিলআপ পর্ব শেষে খসড়া ভোটার তালিকা ৷ খুব সম্ভবত 16 ডিসেম্বর সকালেই এই তালিকা কমিশনের সাইটে তুলে দেওয়া হবে ৷

কিন্তু, এই খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ৷ যার মধ্যে অন্যতম হল, কীভাবে দেখা যাবে খসড়া ভোটার তালিকা ? কতজনের নাম বাদ গিয়েছে তালিকা থেকে ? তালিকায় নাম থাকলে বা না-থাকলে কী করণীয় ? যদি, হিয়াংরিং বা শুনানির জন্য ডাকা হয়, সেক্ষেত্রে কী করতে হবে ? এমন নানা প্রশ্ন রয়েছে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া ভোটারদের ৷ এই সব প্রশ্নের সমাধান করার চেষ্টা করল ইটিভি ভারত ৷

খসড়া ভোটার তালিকায় বাদ যাওয়া নামে সংখ্যা নিয়ে বিভ্রান্তির অভিযোগ ৷ (ইটিভি ভারত)

কীভাবে দেখবেন SIR পরবর্তী খসড়া ভোটার তালিকা ?

16 ডিসেম্বর, মঙ্গলবার SIR পরবর্তী খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৷ তারপরেই স্থানীয় বুথ, পঞ্চায়েত অফিস, পুরসভা, জেলাশাসকের দফতর, মহকুমাশাসকের দফতর, BDO অফিসে ঝুলিয়ে দেওয়া হবে খসড়া ভোটার তালিকা ৷ এছাড়াও অনলাইনে DEO ওয়েবসাইট, CEO ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ECINET, voters.eci.gov.in ও wbceo.wb.gov.in এ খসড়া ভোটার তালিকা দেখা যাবে ৷ এছাড়াও, রাজ্যের আটটি স্বীকৃত রাজনৈতিক দল খসড়া ভোটার তালিকার সফট কপি পাবে ৷

উল্লেখ্য, সাইটে খসড়া তালিকা প্রকাশের আগেই প্রত্যেক বিএলও-র কাছে তা পৌঁছে গিয়েছে ৷ BLO অ্যাপের মাধ্যমে খসড়া ভোটার তালিকা সব বুথ লেভেল অফিসারদের কাছে পৌঁছে দিয়েছে কমিশন ৷ সিইও দফতর সূত্রের খবর, রাজ্যের প্রায় 81 হাজার বুথের বিএল‌ও-দের অ্যাপে তালিকা আপলোডের পাশাপাশি, খসড়া ভোটার তালিকার হার্ড কপি বুথে-বুথে পৌঁছে যাবে ৷

কাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ?

মৃত ভোটার, যাঁরা গণনা বা এন্যুমারেশন ফর্ম অনলাইনে অথবা অফলাইনে পূরণ করেননি, স্থানান্তরিত ভোটার এবং ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ যাবে ৷

ন্যায্য ভোটার হয়েও নাম বাদ গেলে কী করণীয় ?

কোন কারণে যদি কারও নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ে, সেক্ষেত্রে ওই ভোটারকে আগে নিশ্চিত করতে হবে, যে তিনি ফর্ম পূরণ (অনলাইন বা অফলাইন) করে জমা দিয়েছিলেন ৷ এমনকি সংশ্লিষ্ট ভোটার ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার কি না, তাও নিশ্চিত করতে হবে ৷ তারপরে ফর্ম-6 পূরণ করে Annexure 4-সহ (এসআইআর প্রক্রিয়ায় গ্রাহ্য হিসেবে উল্লেখ্য 11টি নথির যে কোনও একটি) জমা দিতে হবে ৷

খসড়া তালিকায় নাম থাকলেও হিয়ারিং বা শুনানিতে ডাক কাদের ?

খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর, যাদের নাম হিয়ারিংয়ে ডাকা হতে পারে, সেই তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ৷ আর সেই মতো নোটিশ প্রস্তুত করা শুরু হয়ে গিয়েছে ৷ মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেই হিয়ারিংয়ের জন্য নোটিশ দেওয়া শুরু হবে ৷ বিএলও-রা বাড়ি-বাড়ি গিয়ে সংশ্লিষ্ট ভোটারদের নোটিস দিয়ে আসবেন ৷

আর হিয়ারিং বা শুনানিতে ডাকা হতে পারে এমন একটা সম্ভাব্য সংখ্যাও জানা যাচ্ছে ৷ প্রাথমিক তালিকা অনুযায়ী, হিয়ারিংয়ে ডাকা হতে পারে 30 লক্ষ 59 হাজার 273 জনকে ৷ জানা গিয়েছে, যাঁরা 'unmapped' অর্থাৎ, 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী এন্যুমারেশন ফর্ম ফিল-আপ করেছেন ৷ কিন্তু, 2002 সালের এসআইআর তালিকায় নাম নেই বা সেই তালিকায় নাম থাকা বাবা, মা, ঠাকুর’মা, ঠাকুর’দা এবং দাদু ও দিদার সঙ্গে সম্পর্ক দেখাতে পারেননি, তাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে ৷

তবে, 2002 সালের সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী উল্লেখিত দু’টি শর্তপূরণের পরেও ভোটারদের ডাকা হতে পারে ৷ কারণ, কোনও ভোটারের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের সময় নামের বানান অথবা পদবীতে ভুলভ্রান্তি হলে কিংবা, তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট ভোটারকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হবে ৷

তবে, এসআইআর-এর পর খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরিসংখ্যান নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে ৷ মূলত, বিএলও-দের দুই সংগঠনের তরফে দু’রকম দাবি করা হচ্ছে ৷

এই বিষয় বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, "আজ সকাল থেকেই খসড়া ভোটার তালিকা বিএলও অ্যাপে দেখা যাচ্ছে ৷ যাঁদের নাম বাদ যাওয়ার কথা, তাঁদেরকে বাদ দিয়েই তালিকা প্রকাশ হয়েছে ৷ আর সেই তালিকা অনুযায়ী 59 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়েছে ৷ BLO-রা এঁদের চারটি স্তরে চিহ্নিত করেছেন ৷ স্থানান্তরিত, মৃত, নিখোঁজ এবং অন্যান্য ৷" উল্লেখ্য, বিএলও ঐক্য মঞ্চের তালিকা অনুযায়ী, বাদ পড়া ভোটারের সংখ্যা 58 লক্ষ 20 হাজার 898 জন ৷

অন্যদিকে, বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফে তনুশ্রী মোদক ভট্টাচার্য বলেন, "59 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়তে চলেছে বলে যে দাবি করা হচ্ছে, সেটা এই মঞ্চ থেকে বলা হয়নি বা এই নিয়ে মঞ্চের কোনও সদস্য এ নিয়ে অবগত নন ৷ তবে, আমাদের পাওয়া তালিকা অনুযায়ী, 30 থেকে 35 লক্ষ নাম বাদ যেতে পারে ৷"