এমজি রোডে মেট্রোর লাইনে ফাটল ! প্রায় দেড় ঘণ্টা ব্যাহত থাকল পরিষেবা
লাইনে ফাটলের জেরে দমদম থেকে ময়দান স্টেশনের মধ্যে বন্ধ ছিল মেট্রো চলাচল ৷ ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলে পরিষেবা ৷

Published : October 15, 2025 at 3:21 PM IST
কলকাতা, 15 অক্টোবর: ফের অচল হয়ে পড়ল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা ৷ যান্ত্রিক ত্রুটির কারণে দমদম থেকে ময়দানের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকল মেট্রো চলাচল ৷ বেলা 12টা 50 মিনিট থেকে পরিষেবা বন্ধ হয়ে যায় বলে মেট্রো রেল সূত্রে খবর ৷ যার জেরে মাঝপথে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের ৷ জানা গিয়েছে, মহাত্মা গান্ধি রোড স্টেশনের আপ লাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ৷
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই যান্ত্রিক ত্রুটির জেরে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পরিষেবা দেওয়া হয় ৷ জানা গিয়েছে, এমজি রোড স্টেশনের আপের লাইন ওয়ানে ফাটল দেখা দেয় ৷ যার জেরে এমজি রোড স্টেশনেই একটি রেক দাঁড়িয়ে যায় ৷ ফলে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেয় আরপিএফ এবং মেট্রোর কর্মীরা ৷ অন্যদিকে, ময়দান ও দমদমের মাঝের স্টেশনগুলিতেও একাধিক মেট্রো দাঁড়িয়ে পড়ে ৷ সেই রেকগুলিও খালি করে দেওয়া হয় ৷
এরপর মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে আপ লাইনের ফাটল মেরামত করেন ৷ তারপর প্রায় দেড় ঘণ্টা পরে বেলা 2টো 25 মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবার পুনরায় শুরু হয় ৷ তবে, মেট্রো পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যায় ৷ এই সময়ের মধ্যে চূড়ান্ত নাজেহাল হতে হয় যাত্রীদের ৷ মাধপথে ট্রেন থেকে নামিয়ে দেওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা ৷
মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় বাস, ট্যাক্সি ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে ৷ প্রায় সব বাসেই বাদুড় ঝোলা ভিড় দেখা যায় ৷ এই পরিস্থিতি ব্যাপক যানজট তৈরি হয় সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ মেট্রোর ব্লু-লাইনের সমান্তরাল সড়কগুলিতে ৷ তবে, প্রায় প্রতিদিন কোনও না-কোনও কারণে এভাবে মেট্রো পরিষেবা বন্ধ হওয়া নিয়ে বেজায় ক্ষুব্ধ হচ্ছেন নিত্যযাত্রীরা ৷
যাত্রীদের একাংশের অভিযোগ, একটা সময় কলকাতা মেট্রো শহরের লাইফ লাইন ছিল ৷ কিন্তু, সেটাই এখন শহর ও শহরতলির মানুষের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ প্রায় রোজই কোনও না-কোনও কারণে মেট্রো পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে ৷ মাঝপথে রেক দাঁড়িয়ে যাচ্ছে ৷ এতে করে চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে ৷" যাত্রীদের একাংশ প্রশ্ন তুলেছে, কলকাতা শহরে মেট্রোর রুট বৃদ্ধি পাচ্ছে ৷ শহরতলিতে মেট্রো পৌঁছে গিয়েছে ৷ কিন্তু, সেই অনুপাতে পরিকাঠামোর উন্নতি কেন হচ্ছে না ? যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ ৷

