ETV Bharat / state

সামাজিক-ধর্মীয় সংগঠনকে ঢাল করে চলছে জঙ্গি কার্যকলাপ, সন্দেহ NIA-র

দিল্লি বিস্ফোরণের পর পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে তল্লাশি চালাচ্ছে এনআইএ ও গুজরাতের আমেদাবাদ এটিএস৷ বৃহস্পতিবার ভোর থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে৷

NIA
এনআইএ (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 13, 2025 at 8:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 নভেম্বর: দিল্লির লালকেল্লার অদূরে বিস্ফোরণের পর দেশের একাধিক রাজ্যে তল্লাশি অভিযান চলছে৷ তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ও গুজরাতের আমেদাবাদ এটিএস (অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড)৷ সেই অভিযানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে৷ তদন্তকারীদের সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে৷

কী কী তথ্য উঠে এসেছে এখনও পর্যন্ত?

এনআইএ-র সূত্র থেকে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ভারতে অনুপ্রবেশ করেছে৷ এই দেশে এসে তারা দালাল মারফত ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করে ফেলেছে৷ তার পর ভারতীয় নাগরিক সেজে অবাধে তারা দেশের যেকোনও প্রান্তে ঘুরে বেড়াচ্ছে৷ এই অনুপ্রবেশকারীদের সঙ্গে আল কায়দা-সহ একাধিক জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে৷

সূত্রের খবর, এরা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে দেশের বিভিন্ন অংশে৷ এই কার্যকলাপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বিভিন্ন এলাকার যুবকদের মগজ ধোলাই৷ এভাবেই তারা দেশের বিভিন্ন অংশের যুবকদের নিজেদের দলে টানার চেষ্টা করছে৷ এই কাজ করার জন্য বিপুল পরিমাণ অর্থও সংগ্রহ করা হয়েছে৷

তবে পুরো কাজটাই তারা আড়ালে থেকে করছে৷ তদন্তকারীরা মনে করছেন, চেনা সন্ত্রাসবাদী সংগঠনের নাম ব্যবহার না-করে নতুন নতুন সংগঠনের নামে ভারতবিরোধী এই কার্যকলাপ চালাচ্ছে একাধিক জঙ্গিরা। তদন্তকারীরা আরও জানিয়েছেন, সংগঠনগুলির মধ্যে অনেকেই নিজেদের সামাজিক বা ধর্মীয় সংগঠন বলে দাবি করছে৷ বাস্তবে তারা ভারতের বিভিন্ন রাজ্যে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর থেকে এনআইএ ও গুজরাতের আমেদাবাদ এটিএস-এর তল্লাশি অভিযান শুরু হয়৷ একযোগে পাঁচটি রাজ্যে তল্লাশি অভিযান চলে৷ যে রাজ্যগুলিতে তল্লাশি অভিযান চলে, সেগুলি হল পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, হরিয়ানা ও গুজরাত৷

সূত্রের খবর, এই রাজ্যগুলিতে একাধিক সন্দেহভাজন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর নথি ও বৈদ্যুতিন তথ্য-প্রমাণ বাজেয়াপ্ত করেছেন এনআইএ-র আধিকারিকরা। সেখান থেকে এই সব তথ্য উঠে এসেছে৷ তদন্তকারীদের আশঙ্কা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ঘনিষ্ঠতা বাড়ায় চরমপন্থী গোষ্ঠীগুলি ফের একবার নতুন করে সক্রিয় হয়ে উঠছে।

উল্লেখ্য, 2023 সালে একই অভিযোগের ভিত্তিতে এনআইএ যে তদন্ত শুরু করেছিল, সেই সময়ও বাজেয়াপ্ত হয়েছিল একাধিক নথি। সেসব নথির মধ্যে ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিস্ফোরণ সংক্রান্ত লেখা৷ ছিল একাধিক বিদ্বেষমূলক স্লোগানও।

এদিকে দিল্লিতে বিস্ফোরণের পর দেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি তল্লাশি চলতে থাকলে জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত আরও তথ্য উঠে আসবে বলে মনে করছেন গোয়েন্দারা৷

আরও পড়ুন -

  1. দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে জুড়ল বাংলার নাম, মুর্শিদাবাদে অভিযান NIA ও গুজরাত এটিএসের
  2. দিল্লির বিস্ফোরণে যোগ ! কাশ্মীরি চিকিৎসকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির প্রস্তুতি
  3. দিল্লি বিস্ফোরণের নয়া ফুটেজ, দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো