ETV Bharat / state

পাহাড়ে হেরিটেজ ও প্রযুক্তির মেলবন্ধনে শুরু হচ্ছে 'ডিএইচআর ঘুম উইন্টার ফেস্টিভ্যাল 2026'

DHR Winter Ghum Festival 2027: দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) শীতকালীন ঘুম উৎসব শুরু হতে চলেছে আগামী 28 নভেম্বর থেকে ।

DHR
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ডিএইচআর ঘুম উইন্টার ফেস্টিভ্যাল 2026 (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 5, 2026 at 1:49 AM IST

3 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 4 নভেম্বর: বিশ্ব ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) সমৃদ্ধ ইতিহাস, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনকে উদযাপিত করতে আয়োজিত হতে চলেছে ‘ডিএইচআর ঘুম উইন্টার ফেস্টিভ্যাল 2026’ ।

আগামী 28 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 দিনব্যাপী উত্তরবঙ্গের পাহাড়জুড়ে এই উৎসব চলবে । ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ডিএইচআর-এর অন্তর্ভুক্তির 27 বছর পূর্তিকে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ করে তুলতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে । স্থানীয় অধিবাসী, হেরিটেজ অনুরাগী, পর্যটক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য প্রস্তুত করা হয়েছে এক বিশেষ সূচি ।

উৎসবের পরিকল্পনা ও মূল ভাবনা নিয়ে ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, এই আয়োজন কেবল ঐতিহ্যকে উদযাপন করার জন্য নয়, বরং এটি পাহাড়ের সংস্কৃতির সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানোর একটি অনন্য চেষ্টা ।

DHR Ghum Winter Festival
ডিএইচআর ঘুম উইন্টার ফেস্টিভ্যাল 2026 (ইটিভি ভারত)

তিনি বলেন, “ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার 27তম বার্ষিকীতে আমরা পাহাড়ের যুবসমাজ এবং বিশ্বজুড়ে আসা পর্যটকদের জন্য ঐতিহ্যবাহী টয় ট্রেন সফরের পাশাপাশি সাহিত্য, চলচ্চিত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয়কে যুক্ত করেছি । ডিএইচআর তার গৌরবময় অতীতকে বুকে নিয়েই নতুন প্রজন্মের স্বপ্নের নতুন সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চায় ।”

ন'দিনের উৎসব সূচি ও মূল আকর্ষণ:

28 নভেম্বর (উদ্বোধনী অনুষ্ঠান): ঘুম রেলওয়ে স্টেশনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে 9 দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে ।

29 নভেম্বর (পুরস্কার বিতরণী ও স্টেশন মহোৎসব): ঘুম স্টেশনে আয়োজিত হবে বিশেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে পাহাড়ের সংস্কৃতি, সমাজ ও ঐতিহ্য রক্ষায় অবদান রাখা স্থানীয় কৃতিদের সম্মানিত করা হবে ।

30 নভেম্বর – 2 ডিসেম্বর (3 দিনের রোবোটিক্স কর্মশালা): সুকনা রেলওয়ে স্টেশনে ‘টিঙ্কারিং ইনস্টিটিউট ফর ইনোভেশন’-এর সহযোগিতায় খুদে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করতে হাতে-কলমে রোবোটিক্সের প্রশিক্ষণ দেওয়া হবে ।

1 ডিসেম্বর (ফ্যাম ট্যুর ও মিডিয়া সফর): পর্যটন খাতের স্টেকহোল্ডার এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য শিলিগুড়ি জংশন (SGUJ) থেকে রংটং (RTG) পর্যন্ত থাকবে বিশেষ হেরিটেজ জয়রাইডের আয়োজন ।

2 ডিসেম্বর (দার্জিলিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব): ডিএইচআর-এর ২৭ বছর পূর্তি উপলক্ষে ঘুম ওপেন এয়ার মিউজিয়ামে চলচ্চিত্র উৎসবের হেরিটেজ বিভাগের অধীনে বিশেষ চলচ্চিত্র প্রদর্শিত হবে ।

3 ডিসেম্বর (হিমালয়ান এআই ইনোভেশন): জিডিজি (GDG) শিলিগুড়ির যৌথ উদ্যোগে কার্শিয়াং থেকে দার্জিলিংগামী চলন্ত হেরিটেজ ট্রেনের ভেতরে শিক্ষার্থীরা দার্জিলিংয়ের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) নানা উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করবে।

4 ডিসেম্বর (সাহিত্য উৎসব): পাহাড় ও রেলওয়ে ইতিহাসকে কেন্দ্র করে আয়োজিত হবে আলোচনা সভা, কবিতা পাঠ ও গল্প বলার বিশেষ আসর ।

5 ডিসেম্বর (হেরিটেজ রান ও ফ্ল্যাট ওয়াগন রাইড): কার্শিয়াঙে স্টিম ইঞ্জিনের সঙ্গে আয়োজিত হবে এক আনন্দদৌড় বা ‘ফ্ল্যাট ওয়াগন হেরিটেজ রান’ এবং সাথে থাকবে খোলা ওয়াগনে রোমাঞ্চকর ট্রেন সফরের সুযোগ ।

6 ডিসেম্বর (সমাপনী অনুষ্ঠান): দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী চৌরাস্তায় এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হবে এই উইন্টার ফেস্টিভ্যালের ।

পাহাড়ের অর্থনীতি, পর্যটন উন্নয়ন এবং ইউনেস্কো হেরিটেজের মর্যাদা বিশ্বমঞ্চে তুলে ধরতে এই ‘ঘুম উইন্টার ফেস্টিভ্যাল 2026’ এক মাইলফলক হয়ে থাকবে বলে আশাপ্রকাশ করেছে ডিএইচআর কর্তৃপক্ষ ।