ETV Bharat / state

বাজেটে ঘোষণা না-হলেও হতাশা নয় ! দামোদরে সেতু হবেই, প্রতিশ্রুতি অগ্নিমিত্রার

দামোদর নদের উপর বর্তমানে একটি নড়বড়ে বাঁশের সেতু রয়েছে ৷ বর্ষাকালে জলের তলায় চলে যায় সেই সেতু ৷

Damodar bridge
দামোদরে সেতু নির্মাণের প্রতিশ্রুতি মন্ত্রী অগ্নিমিত্রা পালের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 27, 2026 at 7:18 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 27 জুন: দামোদর নদের উপর সেতু হবেই । পুনরায় জোর গলায় বললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল । তাঁর স্পষ্ট বার্তা, "আমরা কথা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি । আমরা মানুষকে ঠকাই না ।"

সম্প্রতি রাজ্য বাজেট ঘোষণা হয়েছে এবং সেই বাজেটে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া সংযোগকারী দামোদরের পাকা সেতু নিয়ে কোনওরকমের ঘোষণা করা হয়নি । যার ফলে খানিকটা হলেও হতাশ এই দুই জেলার মানুষ । যদিও মন্ত্রী অগ্নিমিত্রা পালের দাবি, বাজেটে নির্দিষ্ট সময়সীমা থাকে । সেই কারণে সমস্তটা উল্লেখ করা যায় না । অনেকগুলি সেতুর কথা বলা হয়েছে । দামোদরের ওপর সেতু তো নিশ্চয়ই হবে ।

দামোদরে সেতু হবেই, প্রতিশ্রুতি অগ্নিমিত্রার (নিজস্ব ভিডিয়ো)

দামোদরের এই পাড়ে পশ্চিম বর্ধমান, ওই পাড়ে বাঁকুড়া । মাঝখানে একটি নড়বড়ে বাঁশের সেতু রয়েছে । বর্ষাকালে সেটিও লোপাট হয়ে যায় । ফলে এই দুই জেলার মানুষের নদী পারাপারের ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা যায় । অথচ বাঁকুড়ার ওইপাড়ের প্রায় শতাধিক গ্রামের মানুষজন এই পাড়ের উপর নির্ভরশীল রুজি-রুটির জন্য । এছাড়াও ইস্কো কারখানায় প্রতিদিন বহু শ্রমিক চাকরি করতে আসেন । পশ্চিম বর্ধমান থেকেও বহু প্রয়োজনে এবং পর্যটনের জন্য মানুষ ওই পাড়ে যান । ফলে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের সংযোগকারী একটি পাকা সেতুর দাবি বহুকালের ।

Damodar bridge
দামোদর নদের উপর নড়বড়ে বাঁশের সেতু (নিজস্ব ছবি)

গত বিধানসভা নির্বাচনে সব দলেরই ম্যানিফেস্টোতে দামোদরের ওপর পাকা সেতুর প্রতিশ্রুতি উঠে এসেছিল । এমনকি অগ্নিমিত্রা পাল ভোটের প্রচারে জানিয়েছিলেন, এবারের ভোটে জিতে রাজ্যে বিজেপি সরকার গড়লে দামোদরের উপর পাকা সেতু হবে । রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে । দামোদরের উপর পাকা সেতু কবে হবে, এখন সেই অপেক্ষায় বাসিন্দারা ৷

যদিও হতাশার কোনও জায়গা নেই বলেই দাবি করেছেন দামোদর-বিহারীনাথ সেতুবন্ধ কমিটির সদস্যরা । তাঁরা দীর্ঘদিন ধরে সেতু নিয়ে লড়াই করছেন । সংগঠনের সদস্য গৌতম সরকার বলেন, "আমরা আশাবাদী । কারণ অগ্নিমিত্রা পাল নিজে এই সেতুর জন্য আন্দোলন করেছিলেন । বাজেটে ঘোষণা না হলেও আমাদের এখনই হতাশার কোনও কারণ নেই । কারণ আমরা বিশ্বাস রাখছি এই সেতু হবেই ।"

Damodar bridge
পাকা সেতুর অভাবে নদী পারাপারের ক্ষেত্রে বিরাট সমস্যা (নিজস্ব ছবি)

অন্যদিকে দামোদর-বিহারীনাথ সেতুবন্ধ কমিটির সম্পাদক চন্দন মিশ্রর কথায়, "অগ্নিমিত্রা পাল প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বাজেটে কেন ঘোষণা হল না, সেটার ব্যাখ্যা উনি দিতে পারবেন । তবে আমরা আশা রাখি অগ্নিমিত্রা পাল এক সদর্থক ভূমিকা নেবেন ।"

রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "দামোদরে সেতু হবেই । আমি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সেক্রেটারিকে গোটা বিষয়টি জানিয়েছি । অনেক সেতু হবে । বাজেটে যদি সেতু নিয়েই গোটা বাজেটটা পড়তে হতো তাহলে অনেক সময় লেগে যেত । সেই কারণে অনেক কাজই রয়েছে যেগুলি সরাসরি বাজেটে উল্লেখ থাকে না । দামোদরের উপর সেতু হবেই । আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা মানুষকে ঠকাই না ।"