ভোটের ডিউটিতে এসে বর্ধমানে মৃত্যু সিআরপিএফ জওয়ানের
সূত্রের খবর, ক্যাম্পে আসার কিছুক্ষণ পরেই নাগেন্দর সিং অসুস্থ বোধ করেন । সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।

Published : March 2, 2026 at 10:10 PM IST
বর্ধমান, 2 মার্চ: নির্বাচনের দায়িত্ব পালন করতে এসে আর ফেরা হল না ! পূর্ব বর্ধমানে ক্যাম্পে ওঠার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের । মৃতের নাম নাগেন্দর সিং (56)। তাঁর বাড়ি বিহারের বৈশালী জেলার কাউয়ামোহন এলাকায় । তিনি Central Reserve Police Force-এর 215 নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বিহারের জামুই থেকে 215 নম্বর ব্যাটালিয়নের চার কোম্পানি জওয়ান পূর্ব বর্ধমানে পৌঁছন । গোদা এলাকার একটি স্কুলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয় । সূত্রের খবর, ক্যাম্পে আসার কিছুক্ষণ পরেই নাগেন্দর সিং অসুস্থ বোধ করেন । সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি ।
হাসপাতাল সূত্রে প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই নাগেন্দর সিং নামে ওই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে । ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে হাসপাতালের মর্গে । ঘটনায় শোকের ছায়া নেমেছে সহকর্মীদের মধ্যে । ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর টহল ও নিরাপত্তা জোরদার করতে যে বাহিনী রাজ্যে এসেছে, তাঁদের মধ্যেই এক জওয়ানের এই অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে প্রশাসনিক মহলকেও । শোকের আবহে স্থানীয় জনমানসেও ৷

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় মোট 25 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা রয়েছে । ইতিমধ্যেই আট কোম্পানি জেলায় পৌঁছেছে । রবিবার চার কোম্পানি আসার পর সোমবার আরও চার কোম্পানি জওয়ান পৌঁছন । জেলার চারটি মহকুমায় দু’কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হচ্ছে । শহর এলাকায় এক কোম্পানিতে থাকছেন 110 জন করে জওয়ান । সোমবার কার্জনগেট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চও হয়েছে ।
বাংলার ভোট মানেই অশান্তি যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে ৷ তবে অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে এবারে আগে থাকতে তৎপর ভারতীয় নির্বাচন কমিশন ৷ কোথায়, কত বাহিনী মোতায়েন করা হতে পারে, তা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও করেছে কমিশন ৷ তারপরই প্রথম দফায় রাজ্যে 280 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে । পরে আরও 280 কোম্পানি আসার কথা । রবিবার থেকেই জেলায় জেলায় বাহিনী পৌঁছতে শুরু করেছে । তবে ভোটের প্রস্তুতির কড়াকড়ির মাঝেই দায়িত্ব পালনে এসে এক জওয়ানের মৃত্যু—নির্বাচনী আবহে তা এনে দিল এক মর্মান্তিক ছায়া ।
আরও পড়ুন:
ভবানীপুর থেকে 60 হাজার নাম বাদ গেলেও আমি জিতব: মমতা
SIR চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন মোর্চা নেতা বিমল গুরুংয়ের ছেলে ও মেয়ে

