মীনাক্ষীকে লক্ষ্য করে ডিম, হাইকোর্টের দ্বারস্থ সিপিএম
এই ঘটনায় জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷ তিনি জানিয়েছেন, দ্রুত শুনানির প্রয়োজন নেই ।

Published : July 8, 2026 at 1:57 PM IST
কলকাতা, 8 জুলাই: শীতলকুচিতে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিপিআইএম ৷ তারা ওই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছে । তবে এই ঘটনায় জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷ তিনি জানিয়েছেন, দ্রুত শুনানির প্রয়োজন নেই । নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে এবং স্বাভাবিক পদ্ধতিতেই মামলা তালিকাভুক্ত হলে তার শুনানি হবে ।
কোচবিহারের শীতলকুচির বাসিন্দা মন্টু মিয়াঁর রহস্যজনক ভাবে মৃত্যু হয় ৷ অভিযোগ, মন্টু মিয়াঁর মৃত্যুর পর শীতলকুচি থানা প্রথম দিকে তাঁর পরিবারের থেকে অভিযোগ নিতে চায়নি ৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ময়নাতদন্ত নিয়েও গাফিলতির অভিযোগ উঠেছে ।
মঙ্গলবার নিহত মন্টুর পরিবারের সঙ্গে দেখা করতে, তাঁদের অভিযোগ শুনতে, তাঁদের বাড়িতে গিয়েছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ যাওয়ার পথে তাঁর গাড়ি ও কনভয় লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয় ৷ মীনাক্ষী এবং তাঁর দলের কর্মী-সমর্থকরা যখন ওই এলাকায় তদারকি শুরু করেন, তখন স্থানীয় বিক্ষোভকারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর ডিম ছুড়তে শুরু করেন । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে ৷ পরে মীনাক্ষীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মীনাক্ষী বলেন, "ঘটনাটি সোয়া এগারোটার ৷ এখানে এক ঘণ্টা বসে আছি ৷ দুটো বাজে, কাউকে গ্রেফতার করেনি ৷ সোশাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে লাইভ করেছি ৷ পুলিশ এই ঘটনা ঘটতে দিল ৷ কাউকে গ্রেফতারও করেনি ৷ কোনও রকমে প্রাণে বেঁচে এখানে এসপির অফিসে এসেছি ৷ তারপরেও ডেপুটি এসপি চুপচাপ বসে আছে ৷ এক ঘণ্টা ধরে মানসিক অত্যাচার চলছে ৷ আমরা শুধু জানতে চাই, আমাদের অপরাধটা কী ?"
বুধবার সকালে এই ঘটনার উল্লেখ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অভিষেক হালদার ৷ এই নিয়ে মামলা দায়ের করে জরুরি শুনানির আবেদন জানান তিনি । যদিও আদালত জরুরি শুনানির আর্জি গ্রহণ করেনি । বিচারপতি সৌগত ভট্টাচার্য নিয়ম মেনে মামলা দায়ের করার নির্দেশ দেন এবং বলেন, স্বাভাবিক পদ্ধতিতেই মামলা তালিকাভুক্ত হবে এবং সেইমতো তার শুনানি হবে ৷
উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে ডিম ছোড়া বন্ধ করতে পদক্ষেপ করার জন্য নির্দেশ দেয় । পুলিশকে গাইডলাইন তৈরি করে প্রত্যেক থানায় প্রচার করার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয় এবং ডিম ছোড়ার ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে আদালত ৷

