ETV Bharat / state

অর্থনীতি, মিড-ডে মিল থেকে সরকারের বুলডোজার নীতি, সমালোচনায় সরব মহম্মদ সেলিম

মিড ডে মিলে ডিম বাদ থেকে হকার উচ্ছেদে বুলডোজার নীতি- রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও তুলোধনা করলেন বাম নেতা মহম্মদ সেলিম

Politics
সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (ছবি: ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 3, 2026 at 9:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 3 জুন: উত্তরবঙ্গে যখন মুখ্যমন্ত্রীর কর্মসূচি চলছে, ঠিক তখনই শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্র ও রাজ্য—দুই সরকারকেই একযোগে নিশানা করলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি, মিড-ডে মিলের নীতি থেকে শুরু করে সাম্প্রতিক ‘বুলডোজার রাজনীতি’— একাধিক ইস্যুতে তীব্র ক্ষোভ উগরে দেন প্রবীণ বাম নেতা ৷ সেই সঙ্গে উত্তরবঙ্গের বন্ধ চা-বাগান খোলা এবং শিক্ষা দুর্নীতির তদন্ত নিয়েও জোরালো দাবি জানান তিনি ৷

এদিন সাংবাদিক বৈঠক থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মহম্মদ সেলিম বলেন, "প্রধানমন্ত্রী ঘনঘন বিদেশ সফর করছেন, কিন্তু তাতে এ দেশের সাধারণ খেটে-খাওয়া মানুষের আদতে কোনও লাভ হচ্ছে না ৷ বরং ডলারে টান পড়ছে এবং হু হু করে কমছে ভারতীয় মুদ্রার দাম, যার সরাসরি প্রভাবে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে ৷" একই সঙ্গে কেন্দ্রের মিড-ডে মিল নীতি, বিশেষত সয়াবিন ব্যবহারের প্রসঙ্গ টেনেও তীব্র সমালোচনা করেন তিনি ৷

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চলা অবৈধ নির্মাণ ভাঙার প্রবণতা বা ‘বুলডোজার নীতি’ নিয়েও সরব হন সিপিআইএম রাজ্য সম্পাদক ৷ গরিব মানুষের রুটিরুজি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে তিনি দাবি করেন, অবৈধ নির্মাণ উচ্ছেদের নামে একপ্রকার গায়ের জোরে বহু খেটে-খাওয়া মানুষের জীবিকা নষ্ট করা হচ্ছে এবং সাধারণ মানুষ তাঁদের কর্মসংস্থান হারাচ্ছেন ৷ পুনর্বাসন না দিয়ে এই ধরনের নীতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না ৷ এর পাশাপাশি উত্তরবঙ্গের বন্ধ চা-বাগানগুলি দ্রুত খুলে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানান তিনি ৷

এ দিনের বৈঠকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি মহম্মদ সেলিমের নরম মনোভাব ৷ সমালোচনার পাশাপাশি শুভেন্দুর কিছু উদ্যোগের প্রশংসা করে সেলিম বলেন, "মানুষের অভাব-অভিযোগ ও কথা শোনার জন্য নিয়মিত উত্তরবঙ্গে আসাটা একটা ইতিবাচক পদক্ষেপ এবং একে স্বাগত জানানো উচিত ৷" তবে এই প্রশংসার পিঠেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷ সেলিমের দাবি, অতীতে তৃণমূল জমানায় উত্তরবঙ্গে শুধুমাত্র আনুষ্ঠানিক সফর বা উৎসব হতো, বাস্তব কাজের বড় অভাব ছিল ৷

সবশেষে তৃণমূল আমলের শিক্ষা ক্ষেত্রে হওয়া কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতি নিয়ে সুর চড়ান মহম্মদ সেলিম ৷ এই সংক্রান্ত সমস্ত অনিয়মের তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে সমস্ত তথ্য জনসমক্ষে আনার দাবি জানান তিনি ৷ একই সঙ্গে এই চক্রে জড়িত মূল অপরাধীদের চিহ্নিত করে যাতে কঠোরতম শাস্তি দেওয়া হয়, সাংবাদিক বৈঠক থেকে সেই দাবিও তোলেন এই প্রবীণ বাম নেতা ৷