বিলাসবহুল জীবন চাই, টাকার জন্য ছিনতাই থেকে খুনের পরিকল্পনা যুগলের
অনলাইন গেম খেলতে গিয়ে আলাপ নির্মল ও তিথির। বিলাসবহুলভাবে থাকার সিদ্ধান্ত নিয়ে টাকার জন্য 'অভিনব প্ল্য়ান' ৷ তিনমাস পর যুগলের পর্দাফাঁস করল পুরুলিয়া পুলিশ ৷

Published : January 8, 2026 at 11:49 AM IST
খজদা (পুরুলিয়া), 8 জানুয়ারি: অনলাইনে পরিচয় তরুণ-তরুণীর ৷ তারপর প্রেমের সম্পর্ক গাঢ় হয় ৷ যুগলে সিদ্ধান্ত নেয়, একসঙ্গে থাকবে ও বিলাসবহুল জীবন কাটাবে ৷ এর জন্য তো টাকার দরকার, তাই অল্প সময়ে বেশি রোজগারের ছক কষতেই মাথায় আসে ছিনতাই করার কথা ৷ পুলিশের হাতে যাতে ধরা না-পড়ে তার জন্য প্ল্যানিংয়ে কোনও ঘাটতিও রাখেনি ৷ কিন্তু শেষরক্ষা হয়নি । পুরুলিয়া মফস্বল থানার পুলিশ শেষমেশ ওই প্রেমিক, প্রেমিকাকে গ্রেফতার করে ৷ ঘটনার তিন মাস পর গতকাল সামনে আসে বিষয়টি ৷
মোবাইলে অনলাইন গেম খেলতে গিয়ে পুরুলিয়া মফস্বল থানার নির্মল গড়াইয়ের সঙ্গে বন্ধুত্ব হয় উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার তিথি বিশ্বাসের । এক যুবকের বাইক ছিনতাই ও তাঁকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে দু'জনকেই গ্রেফতার করে পুলিশ । যদিও ঘটনার তদন্ত করতে গিয়ে অপরাধীদের বয়স ও মানসিকতা দেখে হতভম্ব পুলিশকর্মীরা ।
পুলিশের বক্তব্য
এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, "ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে । বেশ কিছুদিন ধরেই ঘটনায় জড়িত অপরাধীদের খোঁজ করা হচ্ছিল । প্রথমে ওই যুবককে গ্রেফতার করা হয় । উদ্ধার করা হয় আক্রান্তের বাইকটি । পরে অভিযুক্ত পুলিশি জেরায় তার প্রেমিকার কথা জানায় । অনলাইন গেম খেলতে গিয়ে তাদের আলাপ বলে জানা গিয়েছে । ওই যুগল আরও অন্য কোথাও অপরাধের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷"

কীভাবে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল তারা ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত 2 অক্টোবর (2025) ৷ আক্রান্ত ব্যক্তি বাপি সর্দার পুরুলিয়ার হুড়া থানার অন্তর্গত হাতিবাড়ি গ্রামের বাসিন্দা ৷ ঘটনার সময় রাতের দিকে বাইকে করে পুরুলিয়া মফস্বল থানার বেলকুড়ি গ্রামে তাঁর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ৷ সেই সময় টামনা থানা এলাকার সোনাইজুড়ি আন্ডারপাসের কাছে তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে বাইকটি কেড়ে নেওয়া হয় । আক্রান্ত যুবকের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ।
বুধবার অভিযুক্তদের পুলিশ হেফাজতের নির্দেশ
এরপর গত 31 ডিসেম্বর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরুলিয়া মফস্বল থানার খজদা গ্রামের বাসিন্দা নির্মল গড়াইকে গ্রেফতার করে পুলিশ । উদ্ধার করা হয় বাইকটিও । তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হয় ৷ পুলিশি জেরাতে জানা যায়, নির্মলের সঙ্গে গেম খেলতে গিয়ে আলাপ হয় তিথির । তারা দু'জনে সিদ্ধান্ত নেয় ছিনতাই করে যে টাকা পাওয়া যাবে তাতে বিলাসবহুল জীবন কাটাবে ৷ সেই মতো কাজে নেমে পড়ে । ঘটনার আগের দিন পুরুলিয়া আসে তিথি । যদিও শেষরক্ষা হয়নি । মঙ্গলবার পুরুলিয়া পুলিশ তিথি বিশ্বাসকেও গ্রেফতার করে । বুধবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
- রান্নাঘরের এগজস্ট ফ্যানের গর্তে আটকে গেল চোর ! দেখুন ভিডিয়ো

