টাকার পাহাড়ের সামনে বসে তৃণমূল নেতা ! জোর বিতর্ক বারাসতে
এত টাকা কীসের জন্য? ভিডিয়ো প্রকাশ্যে আসতে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি৷

Published : January 4, 2026 at 10:52 PM IST
বারাসত, 4 জানুয়ারি: টেবিলে থরে থরে টাকার বান্ডিল৷ পাশে চেয়ারে বসে তৃণমূল নেতা৷ এমনই একটি ভিডিয়ো ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার বারাসতে৷ শুরু হয়েছে বিতর্ক (সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)-ও৷
ওই ভিডিয়োতে যাকে দেখা যাচ্ছে তিনি বারাসত 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল৷ টাকার বান্ডিলের ঠিক পিছনের চেয়ারে বসে রয়েছেন এক ব্যবসায়ীও৷ যিনি ফোনে ব্যস্ত আরেক জনের সঙ্গে কথা বলতে ৷ সেই ফোনের কথোপকথনে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'নগদে না, ফাইনান্সে নেবে ৷'
কিন্তু, এত টাকা কীসের জন্য? ভিডিয়ো প্রকাশ্যে আসতে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি৷ অস্বস্তিতে পড়ে শাসক শিবির দাবি করেছে ভিডিয়োর সত্যতা মিললে যথাযথ পদক্ষেপ নেবে দল৷
ভিডিয়ো-য় যে টাকার পাহাড় দেখা গিয়েছে তাতে কার্যত মুখ ঢেকে গিয়েছে চেয়ারে বসে থাকা ওই ব্যবসায়ীর৷ তাঁর বাঁ দিকে চেয়ারে বসে গিয়াসউদ্দিন মণ্ডল৷ তিনিও ফোনে কথা বলছেন কারও সঙ্গে৷ মহম্মদ গিয়াসউদ্দিন এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা বলেই পরিচিত৷ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার সঙ্গে যুক্ত তিনি৷ ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, টেবিলের উপর থরে থরে সাজানো রয়েছে পাঁচশো টাকার নোটের বান্ডিল৷ ওই ঘরেই টাকা গুনতে দেখা যাচ্ছে 2 জনকে৷ কিছুক্ষণ পর এক ব্যক্তি নাইলনের ব্যাগ নিয়ে উপস্থিত হন৷ সেই ব্যাগেও ভরা হয় টাকা৷ তবে, ওই টাকা কীসের তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমানসে৷

এ নিয়ে তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের কোনও প্রতিক্রিয়া অবশ্য মেলেনি৷ তবে,তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে ওই ভিডিয়োটি 2002 সালের৷ জমি কেনাবেচার টাকাই গোনা হচ্ছিল ওই ঘরে৷ সেই লেনদেনের সঙ্গে তৃণমূল নেতার কোনও ভূমিকা নেই বলে দাবি গিয়াসউদ্দিনের ঘনিষ্ঠদের৷ তবে ফোন ধরেননি তিনি৷
এদিকে, ভিডিয়োটি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ তবে, এই দৃশ্য কে ক্যামেরা বন্দি করলেন এখনও জানা যায়নি৷ বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির৷ এই বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র বলেন,"গিয়াসউদ্দিন মণ্ডল একজন জমি মাফিয়া৷ এই সব চোর,মাফিয়াদের নিয়েই তৃণমূল দলটা চলছে৷ এবং পশ্চিমবঙ্গকে কীভাবে শাসক দলের নেতারা লুট করছে,এই ঘটনা তারই প্রমাণ৷ তৃণমূল কংগ্রেসের নেতারা এখন সমতলে থাকতে ভালবাসেন না৷ যেখানেই দেখেন টাকার পাহাড় সেখানেই থাকেন৷ গিয়াসউদ্দিন মণ্ডল ও তাঁর সঙ্গে যুক্তদের অবিলম্বে ইডি হেফাজতে নিয়ে এই টাকার উৎসের সন্ধান করা দরকার৷ ”
অন্যদিকে, বিষয়টি নিয়ে বারাসত 1 নম্বর ব্লকের তৃণমূল দলের কোর্ডিনেটর মহম্মদ ইশা সর্দার বলেন,"এই বিষয়ে আগে কিছুই জানতাম না৷ আজকেই বিষয়টি জানতে পারলাম৷ এটুকু বলতে পারি অবৈধ কোনও লেনদেন হয়ে থাকলে পার্টিকে জানাব৷ সেই মতো দলের তরফে ব্যবস্থা নেওয়া হবে৷ "
প্রসঙ্গত, 2022 সালের জুলাইয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল৷ সেই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি৷ সেই আবহেই এবার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতার টাকার পাহাড়ের সামনে বসে থাকার ভিডিয়ো সামনে আসতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনীতির অন্দরে৷

