প্রথম বাঙালি বিশ্বকাপজয়ী ক্রিকেটার, চূড়ান্ত ভোটার তালিকায় 'বিচারাধীন' বঙ্গভূষণ রিচা
গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে বিশ্বকাপ ছিনিয়ে এনেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ এই দলের অন্যতম সদস্য ছিলেন রিচা ঘোষ ৷

Published : March 1, 2026 at 2:20 PM IST
শিলিগুড়ি, 1 মার্চ: বিশ্বজয়ী ক্রিকেটারের নাম 'বিচারাধীন' ! ভারতের মহিলা দলের হয়ে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে জয়ী হওয়া দলের অন্যতম সদস্য ছিলেন রিচা ঘোষ ৷ গতকাল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামের উপর 'অ্যাডজুডিকেট' স্ট্যাম্প দেওয়া হয়েছে ৷ এমন ঘটনায় হতবাক প্রশাসনিক মহল ৷ এনিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছে তৃণমূল ৷
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ পাশাপাশি, বিষয়টি জানা মাত্র রবিবার রিচার বাড়িতে যান 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা ৷ রিচার মতো বিশ্বকাপ জয়ীর নাম তালিকায় না-থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷
মৌসুমী বলেন, "রিচা শুধু রাজ্যের নয়, পুরো দেশের গর্ব ৷ তাঁর নাম বাদ পড়েছে ৷ এসআইআরের নামে ছেলেখেলা চলছে ৷ রিচার দিদিরও নাম বিচারাধীনের তালিকায় ৷ অথচ লোকসভা, পুরনিগম, বিধানসভায় ভোট দিয়েছে রিচার দিদি ৷ আমরা এর শেষ দেখে ছাড়ব ৷ সোমবার আমরা নির্বাচন কমিশনে কাছে যাব ৷" রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, "এসআইআরের সময় রিচা থাকতে পারেনি ৷ আমি নিয়ম মতো সমস্ত নথি গিয়ে জমা করে এসেছিলাম ৷ অথচ, আমার দু'মেয়ের নাম নেই ৷ এখন আবার আবেদন করব ৷"
গত বছরের সেপ্টেম্বর থেকে মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ শুরু হয় ৷ এই দলের সদস্য ছিলেন বাংলার রিচা ঘোষ ৷ 2 নভেম্বর নবি মুম্বইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে জয়ী হয় ভারত ৷ বাংলা থেকে প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে রিচাই প্রথম বিশ্বকাপজয়ী ৷ তিনি রাজ্যে ফিরে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেন ৷ সেই মঞ্চে হাজির ছিলেন বাংলার দুই ক্রিকেট তারকা ঝুলন গোস্বামী ও সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
এদিকে, ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অংশ নেওয়া এই ক্রিকেটারের নাম ভোটার তালিকায় 'বিচারাধীন' থাকায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ গত বছরের 4 নভেম্বর পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু হয় ৷ এই প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে গতকাল ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে কাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে, বা হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্যের বিচারকরা ৷
এই আবহে বাংলার বিশ্বকাপ জয়ী উইকেট কিপার-ব্যাটার রিচা ঘোষের নামে 'অ্যাডজুডিকেট' শ্রেণিতে রয়েছে ৷ তাঁর দিদি সোমশ্রী ঘোষের নামও বিচারাধীনদের তালিকায় রয়েছে ৷ খবরটি প্রকাশ্যে আসতেই ক্ষোভের সঞ্চার হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ৷
মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ বর্তমানে ব্যাঙ্গালোরে অনুশীলনে রয়েছেন ৷ এসআইআর প্রক্রিয়ার সময়ে থাকতে পারেননি ছিলেন রিচা ৷ নিয়মমতো তাঁর সমস্ত নথি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিলেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ ৷ কিন্তু শনিবার চূড়ান্ত তালিকা দেখে হতাশ হয়েছেন রিচার বাবা-মা ৷

