ETV Bharat / state

ভিনটেজ আলো, যানবাহনহীন রাস্তা ! বইপাড়া সেজে উঠবে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে

তিনি জানিয়েছেন, একেবারে বিদেশি ধাঁচে কার্যত ভিন্টেজ লুকে সাজানো হবে কফি হাউসকে । হবে 'নো ভেহিকেল জোন'৷

ETV BHARAT
বইপাড়া সেজে উঠবে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 29, 2026 at 6:40 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 29 জুন: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কলকাতাকে লন্ডন বানাবেন ৷ তাঁর এই মন্তব্যকে চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ৷ এমনকি তাঁর দলের বর্তমান সাংসদ বাবুল সুপ্রিয় সেই সময় বিজেপিতে থাকাকালীন গান বেঁধেছিলেন, 'কলকাতা লন্ডন হয়নিকো হয়নি'। কলকাতা লন্ডন না-হলেও এবার কিন্তু কলকাতার ঐতিহ্যশালী কলেজ স্ট্রিটকে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে গড়ে তুলতে চলেছে বর্তমান রাজ্য সরকার ।

এ কথা জানিয়েছেন রাজ্যের পুর এবং নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল । নিজের বিভিন্ন কর্মসূচিতে আসানসোলে এসে অগ্নিমিত্রা জানান, "এই প্রজন্ম একেবারেই বইমুখো হচ্ছে না ৷ সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকছে । অথচ বইয়ের কোনও বিকল্প নেই । আর সেই কারণেই বর্তমান প্রজন্মকে বইয়ের প্রতি উৎসাহিত করতে কলেজস্ট্রিটকে একেবারে বিদেশি আদলে সাজানো হবে ।"

বইপাড়া সেজে উঠবে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে (নিজস্ব ভিডিয়ো)

কী কী পরিকল্পনা রয়েছে কলেজ স্ট্রিট নিয়ে ?

রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, "অনেক পরিকল্পনা আছে । কলেজ স্ট্রিটকে অন্যরকম করে বিদেশের মতো করে সাজাব । যেভাবে লন্ডনে অক্সফোর্ড স্ট্রিট আছে, সেইভাবে কলেজ স্ট্রিটকেও 'নো ভেহিকেল জোন' জোন হিসেবে গড়ে তুলব ।"

ETV BHARAT
কলকাতার ঐতিহ্যশালী কলেজ স্ট্রিট (নিজস্ব চিত্র)

অগ্নিমিত্রা পাল আরও জানান, "কলেজ স্ট্রিটকে বৃত্তাকারে ম্যাপিং করা হবে । সেখানে কোনও গাড়ি বা যানবাহন ঢুকবে না । একটু দূরে সাইকেল রাখা থাকবে । যাঁরা সাইকেল চালাতে পারেন, তাঁরা সাইকেল ব্যবহার করে বইপাড়ায় আসবেন । আর বয়স্ক মানুষদের জন্য ব্যাটারি কার থাকবে । তবে ট্রামটা চলবে, আমার ইচ্ছে ট্রামটা চলুক । ট্রামটাও খুব সুন্দর করে ডিজাইন করে দেব ।"

ETV BHARAT
বিদেশি আদলে সাজানো হবে (নিজস্ব চিত্র)

তিনি জানিয়েছেন, একেবারে বিদেশি ধাঁচে কার্যত ভিন্টেজ লুকে সাজানো হবে কফি হাউসকে । তাঁর কথায়, "পুরনো দিনের ডিজাইনের ল্যাম্পপোস্ট থাকবে, বেঞ্চ থাকবে, ফ্রি ওয়াইফাই থাকবে । শুধু বই পড়ার জায়গা হবে । বইয়ের দোকানগুলো খুব সুন্দর করে একরকম ভাবে সাজানো হবে । আমাদের যে রেলিংগুলো আছে, পুরনো দিনের যে রেলিংগুলো, ওগুলোকে সুন্দর করে দেখাতে চাই । থাকবে গান শোনারও ব্যবস্থা ৷ তবে সেখানে কোনও শব্দ হবে না । ইয়ারফোন নিয়ে গান শুনতে পারবেন ।"

ETV BHARAT
কলেজ স্ট্রিট হবে 'নো ভেহিকেল জোন' (নিজস্ব চিত্র)

তবে শুধু কলকাতার কলেজ স্ট্রিট নয়, আসানসোলেও শুধু পড়ার জন্য একটি শান্ত জায়গা তৈরি করতে চাইছেন অগ্নিমিত্রা পাল । যেখানে গাড়ির হর্ন বা অন্য কোনও দূষণ হবে না । পাশাপাশি তিনি বলেন, "দামোদরের পাশে যে জায়গা আছে, ভূতাবুড়ি থেকে ছটঘাট পর্যন্ত, ওটাও সাজাতে চাই । তবে অক্সফোর্ড স্ট্রিটের মতো বই পড়ার জায়গা, আওয়াজ হবে না, শান্ত, কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনা বা বই পড়া, ফ্রি ওয়াইফাই, এরকম একটা পরিবেশ আমি চাইছি, যাতে আমাদের আগামী প্রজন্ম বইয়ের দিকে আসে । এখন বড্ড মোবাইলের ব্যবহার । সব ডিজিটাল হয়ে গেছে । বই থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু বইয়ের কোনও বিকল্প নেই । বই বই-ই ।"

ETV BHARAT
ভিনটেজ আলো, যানবাহনহীন রাস্তা হবে বইপাড়ায় (নিজস্ব চিত্র)