ETV Bharat / state

লম্বা ইনিংসের পথে শীত, আজও শৈত্যপ্রবাহের সতর্কতা একাধিক জেলায়

বেলা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকবে আকাশ ৷ বাংলায় শীতের জোরালো ইনিংস চলবে আরও কিছুদিন ৷ আজকের আবহাওয়া কেমন থাকবে জানুন ৷

Winter Morning in Bengal
নদিয়া জেলায় শীতের সকালে ঘন কুয়াশায় বাইক আরোহীদের রেল ক্রসিং পেরনোর মুহূর্ত (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 8, 2026 at 7:46 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 জানুয়ারি: সমুদ্রে গভীর নিম্নচাপ সৃষ্টি হলেও রাজ্যের শীতের আবহে তার প্রভাব নেই । আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে । ভোর বা সকালে ঘন কুয়াশা ভিড় করলেও বেলায় রৌদ্রোজ্জ্বল দিন দেখা দেবে । ফলস্বরূপ শীতের এই ইনিংস আরও কিছুদিন দাপিয়ে বেড়াবে, পূর্বাভাসে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ।

তাঁর কথা অনুসারে বলাই যায়, জাঁকিয়ে শীতের মরশুম দীর্ঘায়িত হতে চলেছে বাংলা । হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার পর্যন্ত জমিয়ে শীতের সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে । কলকাতা-সহ বেশ কিছু জেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করবে । শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে বেশ কিছু জেলায় ।

আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তার বক্তব্য (ইটিভি ভারত)

আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । ভোর থেকে বেলা পর্যন্ত কুয়াশার দাপট দেখা যাবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 এবং 11 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷

শনি ও রবিবারের পর থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা । আপাতত আজ শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় । শীতল দিনের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে আরও ছয় জেলায় । তার মধ্যে রয়েছে হুগলি, দুই 24 পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া । এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে এবং স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 4.5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের নিচে থাকবে ।

দিনভর শীতের অনুভূতি অনেকটাই বেশি থাকবে । আগামী তিনদিন ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ।দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে । মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে বেলা পর্যন্ত । কলকাতা-সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আকাশের সম্ভাবনা বেশি থাকবে ।

উত্তরবঙ্গে আজ এবং আগামিকাল অর্থাৎ, বৃহস্পতি ও শুক্রবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে চার জেলায় । ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে । দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও ।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.03 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 03.06 ডিগ্রি নিচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 02.07 ডিগ্রি নিচে । অর্থাৎ, সর্বোচ্চ তাপমাত্রা গত তিনদিনের তুলনায় বেড়েছে । যা আগামীতেও বাড়বে । তবে বাড়লেও সেটা স্বাভাবিকের নিচেই থাকবে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 53 এবং সর্বোচ্চ 99 শতাংশ ।