ETV Bharat / state

দার্জিলিংয়ে 3 ডিগ্রি ! কাঁপছে উত্তর, দক্ষিণেও সপ্তাহজুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস

গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রায় মরশুমের শীতলতম দিন দেখেছে বঙ্গবাসী ৷ এবার সর্বোচ্চ তাপমাত্রার পতনে কাঁপল রবিবাসরীয় কলকাতা ৷ চলতি সপ্তাহজুড়ে চলবে ঠান্ডা ৷

WEST BENGAL WEATHER UPDATE
কুয়াশাচ্ছন্ন সকাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 5, 2026 at 7:45 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 জানুয়ারি: বাংলা ক্যালেন্ডারে পৌষ এখন মাঝামাঝি সময়ে ৷ সামনেই মকর সংক্রান্তি ৷ ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় যে জাঁকিয়ে শীত পড়েছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বঙ্গবাসী ৷ উত্তরবঙ্গে তাপমাত্রা 2-3 ডিগ্রি ওঠা নামা করছে ৷ সেখানে দক্ষিণবঙ্গে আগামী সাতদিন 11-12 ডিগ্রিতে নামবে সর্বনিম্ন তাপমাত্রা ৷

রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে । দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বহরমপুরে, 9.2 ডিগ্রি সেলসিয়াস । আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.8 ডিগ্রি সেলসিয়াস । উত্তরবঙ্গে এটিই ছিল সর্বনিম্ন । কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে থাকলেও ঠান্ডায় হু হু করে কেঁপেছে বঙ্গবাসী । কারণ, সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি নেমেছে । কেন এই পতন ?

আলিপুর আবহাওয়া দফতর বলছে সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল আকাশ । বায়ুমণ্ডলের নিচুস্তরে কুয়াশা থাকায় সূর্যের আলো প্রবেশ করতে পারেনি । সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5.9 ডিগ্রি নীচে ছিল । ফলে ঠান্ডা অনুভূত হয়েছে । নতুন বছরের শুরু থেকেই তাপমাত্রা ধারাবাহিক বেড়ে চলেছে । পূর্বাভাসও রয়েছে পারদ চড়ার । গত চার দিনে 3 ডিগ্রি বেড়ে রবিবার 14 ডিগ্রির ঘরে উঠে এসেছিল পারদ ।

আজ (সোমবার) দিনের আকাশ পরিষ্কার থাকবে । ভোরে কুয়াশার দাপটের দেখা মিলেছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না । আজও সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে । তবে, পরবর্তী তিন দিনে অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রার পারদ এক ধাক্কায় 2-3 ডিগ্রি নামতে পারে । বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, পারদের কাঁটা থাকতে পারে 11-12 ডিগ্রির ঘরে ৷ ফলে ঠান্ডা আপাতত ছুটি কাটিয়ে ফের স্বমহিমায় ফিরতে চলেছে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ।

কারণ বৃহস্পতিবারের পর থেকে আরও তিনদিন অর্থাৎ সপ্তাহজুড়েই তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রির আশপাশেই থাকবে । তাই উপভোগ্য ঠান্ডা দক্ষিণবঙ্গেও চলবে । হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে ।

উত্তরবঙ্গে এখন জমিয়ে ঠান্ডা । পূর্বাভাস মতো দার্জিলিংয়ে তুষারপাত হয়েছে । সর্বনিম্ন তাপমাত্রা এখন 2 ডিগ্রির ঘরে । পূর্বাভাস বলছে, দার্জিলিংয়ে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রির ঘরে থাকবে । কালিম্পং 9 ডিগ্রি, শিলিগুড়ি-জলপাইগুড়িতে 12 ডিগ্রি ৷ রামসাই, কোচবিহার, রতুয়া, মালদায় 11 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে সঙ্গে চলবে কুয়াশার দাপট ৷

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.9 ডিগ্রি নীচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 73 শতাংশ ও সর্বোচ্চ 95 শতাংশ ।