ETV Bharat / state

অবাধে ঢুকছে উত্তরের হাওয়া, বঙ্গে আপাতত জাঁকিয়ে শীত চলবে

অনুকূল পরিবেশ পাওয়ায় রাজ্যে দেদার প্রবেশ করছে উত্তরে হাওয়া ৷ তাই কোনওরকম বাধা বিঘ্ন ছাড়াই শীতের দাপুটে ইনিংস আপাতত কয়েকদিন অব্যাহত থাকবে ৷

Winter Weather in Bengal
নদিয়ার রাস্তায় গরুর গাড়ি চালিয়ে গন্তব্যের পথে বৃদ্ধ (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 11, 2026 at 7:49 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 11 জানুয়ারি: ঘন কুয়াশার সতর্কতার সঙ্গে পারদের বর্তমান স্থিতাবস্থার কারণেই শীতের অবাধ উপস্থিতি । ফলস্বরূপ বেশ কয়েকদিন ধরে ঠান্ডায় কাঁপছে বাংলা । আগামী পাঁচ থেকে সাতদিন একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য ।

সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই । রাজ্যজুড়ে স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রার পারদ । এই বিষয়ে অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে আগামী তিনদিন স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি নিচে থাকবে । তারপর তা সামান্য বাড়তে পারে । উত্তরবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে । শনিবার মালদায় শীতল দিনের পরিস্থিতি ছিল । মূলত, সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে শীতল দিন ঘোষণা হয় । আজ রবিবারও মালদা এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে শীতল দিনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সাড়ে চার ডিগ্রি বা তার নিচে থাকবে ৷

বাংলায় শীতের দাপট নিয়ে আলিপুর আবহাওয়া অফিসের বক্তব্য (ইটিভি ভারত)

তিনি আরও জানান, তাপমাত্রার এই ওঠানামার মধ্যে শীতের অনুভূতি থাকবে যথেষ্ট । গত দু'দিন দিনের বেলায় তুলনায় কম ঠান্ডা লাগলেও সূর্য ডোবার পরে বেশ ভালোভাবে তা অনুভূত হচ্ছে । এমনকি উত্তুরে হাওয়াও অবাধে প্রবেশ করছে । সেই কারণেই শীত দীর্ঘস্থায়ী হয়েছে ৷ উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বঙ্গের শীতে বড় প্রভাব ফেলে । কুয়াশার দাপট এবং ঠান্ডার গতি প্রকৃতির যেহেতু বিরাট তারতম্য আগামী সাতদিনে নেই তাই পৌষ সংক্রান্তিতেও আবহাওয়ার বড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস । অন্যদিকে, ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে । দার্জিলিং, দুই দিনাজপুর, মালদা, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার দাপট থাকবে ।

আজ যেমন থাকবে আবহাওয়া

আজ রবিবার দিনের আকাশ ভোর এবং সকালে কুয়াশাচ্ছন্ন থাকবে । সূর্য ওঠার পর বেলার দিকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 এবং 13 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

বিগত দিনে রেকর্ড হওয়া তাপমাত্রা

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.05 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 02.07 ডিগ্রি নিচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 02.07 ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 53 এবং সর্বোচ্চ 92 শতাংশ ।