ETV Bharat / state

বাবরের নাম থাকলে মসজিদের অনুমোদন নয় ! রাস্তা আটকানো নিয়েও কড়া শুভেন্দু

Suvendu on Babri masjid: 6 ডিসেম্বর থেকে বাবরি মসজিদের নির্মাণের কাজ শুরু করার কথা বলেছিলেন হুমায়ুন । তাঁর আগে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ।

Suvendu on Babri masjid
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 4, 2026 at 11:55 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 নভেম্বর: মুর্শিদাবাদে প্রস্তাবিত মসজিদের নাম থেকে 'বাবর' শব্দটি বাদ না দিলে কোনও অনুমতি দেওয়া হবে না। বুধবার রাতে নবান্নের সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

একই সঙ্গে 6 ডিসেম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তার পাল্টা কড়া বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন, রাজপথ আটকে জনজীবন স্তব্ধ করার অধিকার কারও নেই। আইন নিজের পথে চলবে এবং প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।

সম্প্রতি আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন, আগামী 6 ডিসেম্বর রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে বিরাট জমায়েত হবে। সেদিন থেকেই নির্মাণকাজ শুরু করে 2028 সালের 6 ডিসেম্বরের মধ্যে তা শেষ করার সময়সীমাও বেঁধে দেন তিনি।

প্রশাসনের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে তিনি দাবি করেছিলেন, রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এলাকা তাঁদের নিয়ন্ত্রণে থাকবে। ক্ষমতা থাকলে প্রশাসন যেন তা আটকে দেখায়। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ উঠতেই সুর চড়ান মুখ্যমন্ত্রী।

হুমায়ুনের হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে শুভেন্দু বলেন, “রাস্তা জ্যাম করার অধিকার কারও নেই। সিদ্দিকুল্লা সাহেব এক কোটি লোক নিয়ে বেরোনোর কথা বলেছিলেন। তাঁর কী হাল হয়েছিল আপনারা টিভিতে দেখেছেন। আমি ওঁকেও (হুমায়ুন কবীর) বলে রাখছি। 6 তারিখ আসুক । ওসব করলে ঠিক কী ব্যবস্থা নিতে হয় সরকার জানে। এটা কোনও দুর্বল সরকার নয়।”

তবে ধর্মীয় কাজের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করতে চায় না বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের জমিতে উপাসনালয় গড়ার অধিকার দিয়েছে। কিন্তু সেখানে ঐতিহাসিক লুটেরাদের মহিমান্বিত করা বরদাস্ত করা হবে না।

মুখ্যমন্ত্রীর কথায়, “ধর্মীয় কাজ করুন। শুক্রবার নামাজ পড়ুন । যা ইচ্ছা করুন। কোনও অসুবিধা নেই। একটা নয়, নিজের জমিতে একশোটা মসজিদ বানান। কিন্তু বাবরের নাম থাকলে কোনও প্ল্যানে পারমিশন মিলবে না। জেলাশাসককে একদম পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে।”

প্রশাসনিক বৈধতার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে প্রস্তাবিত ওই নির্মাণের কোনও বৈধ অনুমোদন বা প্রয়োজনীয় নথিপত্র নেই। তাঁর কথায়, “এখন যে কাজ করা হচ্ছে, তার জন্য কোনও অনুমতি নেই। প্ল্যান অ্যাপ্রুভাল নেই। তবে বাবর নামটা বাদ দিলে সঙ্গে সঙ্গে সব পেয়ে যাবেন। জেলাশাসককে নির্দেশ দিয়ে রেখেছি, বাবরের নাম সরাতে হবে। আমি আবেদন করছি, অনুরোধ করছি, বাবরের নাম ছেড়ে অন্য নামে মসজিদ বানান। জমির রেকর্ড ঠিক থাকলে মিউটেশন, কনভার্সন, প্ল্যান— সবই দ্রুত পেয়ে যাবেন। কোনও বাধা থাকবে না।”

নামকরণের তীব্র বিরোধিতা করে মুঘল সম্রাট বাবরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাবর এ দেশের কেউ ছিল না। ওরা লুটেরা ছিল। মুঘল-পাঠানরা ভারতে এসেছিল লুঠ করতে। তারা এ দেশের মা-বোন-মেয়েদের সম্মানহানি করেছে, মন্দির ভেঙেছে, লুঠপাট চালিয়ে চলে গিয়েছে। তাদের সঙ্গে ভারতের কী সম্পর্ক? যাঁরা জাতীয়তাবাদী, তাঁরা কেন বাবরের নাম ব্যবহার করবেন?”

বিকল্প প্রস্তাব দিয়ে শুভেন্দুর পরামর্শ , মসজিদের নাম রাখতে হলে বাংলার বা মুর্শিদাবাদের বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে রাখা হোক। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশে বহু গুণী মানুষ আছেন। মুর্শিদাবাদেই কত বড় বড় নেতা ছিলেন । আব্দুস সাত্তার সাহেব, নুরুল ইসলাম চৌধুরী সাহেব, হাবিবুর রহমান সাহেবের মতো ব্যক্তিত্বরা রাজ্য মন্ত্রিসভায় মুর্শিদাবাদের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া বহু বড় শিক্ষাবিদ, সৎ মানুষ এবং শিল্পপতি রয়েছেন। তাঁদের কারও নামে করুন, কোনও অসুবিধা নেই। কিন্তু বাবরের নাম লিখলে অনুমতি মিলবে না।” অনুমতি ছাড়া বেআইনি নির্মাণ চালালে তার ফল যে ভোগ করতে হবে সেটাও স্পষ্ট বলে দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান ।