ডেঙ্গি হলে লুকোবেন না, স্বচ্ছতার বার্তা শুভেন্দুর, রাজ্যে সংক্রমিত 148
আগামী নভেম্বর মাস পর্যন্ত রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কড়া নজরদারি চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

Published : September 2, 2026 at 12:59 AM IST
কলকাতা, 2 সেপ্টেম্বর: বর্ষার মাঝামাঝি সময় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাবা বসিয়েছে ডেঙ্গি। ঘরে ঘরে বাড়ছে জ্বরের প্রকোপ। এই পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। তবে এবার রোগের দাপট গতবারের 50 শতাংশ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।
মঙ্গলবার স্বাস্থ্যভবনে আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ডেঙ্গি নিয়ে কোনও তথ্য গোপন করা যাবে না। চিকিৎসকদের প্রতি মুখ্যমন্ত্রীর অভয়বাণী, "ডেঙ্গি হলে লুকোবেন না।" অর্থাৎ, জ্বরের কারণ ডেঙ্গি হলে চিকিৎসকরা যেন নির্ভয়ে তা রিপোর্টে উল্লেখ করেন সেই বার্তা দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। সেপ্টেম্বর মাসের শুরুতে এসেও রাজ্যে বৃষ্টির বিরাম নেই। আবহাওয়ার এই লাগাতার খামখেয়ালিপনার জেরেই ডেঙ্গি-সহ অন্য সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা।
তবে প্রশাসনের দাবি, গত বছরের তুলনায় এবার রাজ্যে ডেঙ্গির প্রকোপ অনেকটাই কম। মুখ্যমন্ত্রীর কথায়, "গত বারের থেকে এবার রাজ্যে 50 শতাংশ কম ডেঙ্গি সংক্রমণ হয়েছে।" স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার। তবে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় ডেঙ্গি রোগীর সংখ্যা মাত্র 148 জন। প্রশাসন জানিয়েছে, জ্বর হলে আর অযথা ফেলে রাখা উচিত নয়। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ডেঙ্গির পরীক্ষা করা যাচ্ছে।
নভেম্বর পর্যন্ত নজরদারি
চিকিৎসকদের মতে, ডেঙ্গির এই মরশুম সাধারণত দুর্গাপুজোর পর পর্যন্ত দীর্ঘায়িত হয়। সেই বিষয়টি মাথায় রেখে নজরদারিতে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এ দিনের বৈঠকে জানিয়েছেন, আগামী নভেম্বর মাস পর্যন্ত রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কড়া নজরদারি চলবে।
স্বাস্থ্যভবনের তথ্য অনুযায়ী, সংক্রমণের নিরিখে কলকাতার চেয়ে বেশি চিন্তায় রাখছে জেলাগুলি। এখন পর্যন্ত কলকাতার মোট 12টি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। তবে মহানগরের 61টি ওয়ার্ড এখনও পুরোপুরি ডেঙ্গি মুক্ত়। রাজ্যের অন্য জেলার মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।
পুর-পরিষেবায় ক্ষোভ
ডেঙ্গি দমনে মশা মারা থেকে শুরু করে এলাকা পরিষ্কার রাখার ক্ষেত্রে পুরসভাগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এদিনের বৈঠকে রাজ্যের পুর-পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পর বহু পুরসভা ভেঙে গিয়েছে। অনেক জায়গায় নপ্রশাসক নিয়োগ করা হয়েছে। কিন্তু শুভেন্দুর অভিযোগ, অনেক জায়গাতেই পুরসভায় প্রশাসক নেই।
পুরসভার চেয়ারম্যানদের অনেকেই ঠিকমতো কাজ করছেন না। এমনকী বেশ কিছু পুরসভা এলাকায় উন্নয়ন এবং পরিষেবামূলক কাজকর্মও থমকে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রশাসনের শীর্ষস্তর থেকে বার্তা দেওয়া হয়েছে, ডেঙ্গি রুখতে পুরসভাগুলিকে আরও বেশি করে পথে নামতে হবে। নাগরিক পরিষেবায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না
।

